তামিম-সুবাস ছড়ানো বাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তামিম ইকবাল
তামিম ইকবাল

পুরস্কার ঘোষণার আগে সংক্ষিপ্ত তালিকায় থাকা পাঁচ ক্রিকেটারের কীর্তি বর্ণনা করা হলো ছড়ায় ছড়ায়। তাতে তাঁকে নিয়ে লেখা প্রথম লাইনটা ছিল, ‘টেস্ট কিংবা টি-টোয়েন্টি সবখানে তার ছুটছে রান।’
আসলেই তো। ওয়ানডে বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে তাঁর ম্যাচ জেতানো ৯৫ রানই অনেকের চোখে বাংলাদেশের ক্রিকেটের স্বপ্নযাত্রার শুরু করে দিয়েছে। বিশ্বকাপের পর পাকিস্তানকে ‘হোয়াইটওয়াশ’ করা সিরিজে দুটি সেঞ্চুরি, তারপর টেস্টে সঙ্গে ডাবল সেঞ্চুরি করে ড্র এনে দেওয়া—২০১৫ সালজুড়েই হেসেছে তামিম ইকবালের ব্যাট। তারই পুরস্কার হিসেবে কাল রূপচাঁদা-প্রথম আলো ক্রীড়া পুরস্কারে তামিমের হাতে উঠল রানারআপের ট্রফি।
আরও একবার বর্ষসেরার মঞ্চ আলোকিত হলো তামিমের উপস্থিতিতে। ২০০৯ ও ২০১০, টানা দুই বছর রানারআপ হয়েছিলেন বাঁহাতি ওপেনার। কাল তৃতীয়বার।
বাংলাদেশের ব্যাডমিন্টন কিংবদন্তি কামরুন্নাহার ডানার হাত থেকে ট্রফিটা নিতেই ভেসে এল উপস্থাপকের ‘জটিল’ প্রশ্ন, ‘টেস্টে ডাবল সেঞ্চুরি, না ছেলের জন্মের সুখবর, কোনটি আগে?’ কিছুদিন আগে বাবা হওয়া তামিম অবশ্য মাঠের মতো পুরস্কারের মঞ্চেও খেললেন ‘স্ট্রেট ড্রাইভ’। বাবা হওয়ার স্বর্গীয় অনুভূতিটাকে রাখলেন এগিয়ে, ‘ব্যক্তিগতভাবে বলব, বাবা হওয়ার আনন্দ। এটা অন্য রকম।’ পুরস্কার প্রাপ্তিতেও সন্তুষ্টি ওপেনারের, ‘পেশাদার দিক থেকে দেখলে অবশ্যই বাংলাদেশের জন্য কিছু করতে পারা, এ রকম সুন্দর একটা অনুষ্ঠানে এমন পরিবেশে পুরস্কারটা পাওয়া অনেক সন্তুষ্টির।’
সন্তুষ্টিটা বর্ষসেরা খেলোয়াড় হতে পারলে অনেকটা বেড়ে যেত, সন্দেহ নেই। তবে সেটি পাওয়ার জন্য এখনো তো ক্যারিয়ারের অনেকটা পড়েই আছে। ওই ছড়াটার শেষ লাইনটার মতোই, ‘তামিম সুবাস ছড়িয়ে পড়ুক, আসুক খ্যাতি বিশ্বজোড়া।’