তামিম-সৌম্যে জুটির রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদ্বোধনী জুটিতে দারুণ শুরু এনে দিলেন সৌম্য ও তামিম।
উদ্বোধনী জুটিতে দারুণ শুরু এনে দিলেন সৌম্য ও তামিম।

শুরুটা দুর্দান্তই হয়েছে বাংলাদেশের। রীতিমতো ভারতীয় বোলারদের শাসন করছিলেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। এই প্রথম ওয়ানডেতে ভারতের বিপক্ষে ওপেনিংয়ে শতরানের জুটি এনে দিয়েছেন এই দুজন। সৌম্য দুর্ভাগ্যজনক রান আউটে কাটা পড়ায় ভেঙেছে এই জুটি। ১৫.৪ ওভারে ১ উইকেটে ১১৯ রান তোলার পরই বৃষ্টিতে থেমে যায় খেলা। এক ঘণ্টা পর​ আবার শুরু হয়। কিন্তু কোনো ওভার কাটা হয়নি। ৫৭ রানে অপরাজিত থেকে আবার শুরু করেছেন তামিম।
সর্বশেষ চার ইনিংসেই পঞ্চাশোর্ধ্ব রান তুললেন তামিম। পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে সেঞ্চুরির পর শেষ ওয়ানডেতে করেছিলেন ৬৪। সৌম্যও পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে সেঞ্চুরি করেছিলেন। আজ খেলছিলেনও দুর্দান্ত। তামিম-সৌম্য যেন আক্রমণের ধারে একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার অগ্রজ-অনুজের প্রতিযোগিতায় নেমেছিলেন।
ষষ্ঠ ওভার থেকে দুজনে হাত খুলে মারতে শুরু করেন। উমেশ যাদবের করা ওই ওভারে তিনটি চার ও এক ছক্কায় ১৮ রান তোলেন তামিম। ভুবনেশ্বর কুমারের পরের ওভারে সৌম্য নেন ১০ রান। বাধ্য হয়েই ধোনি আক্রমণে আনেন অশ্বিনকে। তিন বলে দুটো চার মেরে সৌম্য তাঁকেও বার্তা দেন, পেস হোক কিংবা স্পিন—বাংলাদেশ আজ সর্বভুক। ১৪তম ওভারের প্রথম বলে মোহিত শর্মার বাউন্সারে আপার কাট করে ধোনির মাথার ওপর দিয়ে চার মেরে ফিফটিতে পৌঁছে যান সৌম্য। ওই ওভারের চতুর্থ বলেই রান আউটের শিকার হন। তাড়াহুড়োটা সৌম্যই করেছেন। মাত্র ৪০ বলে আটটি চার ও এক ছক্কায় ৫৪ করে রায়নার সরাসরি থ্রোতে আউট হন সৌম্য। আউট করার পরই রায়নার উল্লাস বলে দিচ্ছিল, কেমন চাপের মুখে পড়ে গিয়েছিল ভারত।
ছোট ভাই চার মেরে ফিফটিতে​ পৌঁছে ড্রেসিংরুমে ফিরে গেছে। সেই মোহিতকেই ডাউন দ্য উইকেটে এসে চার মেরে তামিম যেন সৌম্যকেই বলতে চাইলেন, ‘আমিও কী আর কম পারি!’ ৫২ বলে ৭টি চার ও এক ছক্কায় ৫৭ রানে অপরাজিত আছেন তামিম।
সৌম্য ফিরে গেলেও ততক্ষণে এই জুটি একটা রেকর্ড গড়ে ফেলেছে। এর আগে ভারতের বিপক্ষে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রান ছিল তামিম-ইমরুলের। ২০১০ সালের জানুয়ারিতে ৮০ তুলেছিলেন দুজনে। সেটি পেরিয়ে সেঞ্চুরিতে পৌঁছে গেল জুটিটা। সব উইকেটেই ভারতের বিপক্ষে এর আগে ২৯ ওয়ানডেতে শতরানের জুটি হয়েছিল মাত্র আটটি। সবগুলোই গত আট বছরে।
ওয়ানডেতে বাংলাদেশ এখন খুবই ধারাবাহিক। টিভিতেই দেখাচ্ছিল, এ বছর জয়ের হারের দিক দিয়ে বাংলাদেশ আছে চার নম্বরে। সেই ধারাবাহিকতার সাক্ষী হয়ে থাকল এই পরিসংখ্যানও: এ নিয়ে দেশের মাটিতে সর্বশেষ আট ওয়ানডের চারটিতেই উদ্বোধনী জুটিতে এল শতরান। জুটির শতরানটাকে ব্যক্তিগত শতরানে অনূদিত করতে পারলেন না সৌম্য, তামিমের কিন্তু সেই সুযোগ থেকে যাচ্ছে। তাঁকে সঙ্গ দিতে মাত্রই উইকেটে নেমেছেন এই ম্যাচেই অভিষিক্ত লিটন দাস।

ভারতের বিপক্ষে মাত্র দুটি সেঞ্চুরি আছে বাংলাদেশের। অলক কাপালি আর মুশফিকুর রহিমের। দেখা যাক সেই তালিকাটা আজ দীর্ঘ হয় কি না। কিন্তু তার আগে বৃষ্টিকে তো একটু কম ‘খেলতে’ হবে!