তার পরও আশায় মামুনুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মামুনুল ইসলাম
মামুনুল ইসলাম

অনেক স্বপ্ন নিয়ে ইন্ডিয়ান সুপার লিগে খেলতে গিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত তাঁর মাঠেই নামা হয়নি। মামুনুল ইসলাম তবু আশা ছাড়ছেন না। অ্যাটলেটিকো ডি কলকাতার জার্সি গায়ে অন্তত একটি ম্যাচ খেলার সুযোগ পাওয়ার অপেক্ষায় আছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক।
ইন্ডিয়ান সুপার লিগে কলকাতা এরই মধ্যে খেলে ফেলেছে ১০ ম্যাচ। চার জয়, চার ড্র ও দুই হারে পয়েন্ট ১৬। আট দলের এই লিগে কলকাতা আছে দুইয়ে। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে চেন্নাই। কলকাতার ম্যাচ বাকি আর চারটি। সেরা চারটি দল মেসিফাইনালে উঠবে। কলকাতার সেমিফাইনাল খেলার সম্ভাবনা বেশ উজ্জ্বল।
কিন্তু মামুনুলের মন ভালো নেই। কলকাতা থেকে কাল ফোনে জানালেন, জাতীয় দলের হয়ে রাজশাহীতে গত মাসে প্রীতি ম্যাচ খেলার সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন। ওই চোট নিয়েই কলকাতায় ফিরে গিয়ে সপ্তাহ খানেক বিশ্রাম নিয়েছেন। তারপর তাড়াহুড়ো করে অনুশীলন শুরু করতে গিয়ে চোটটা নাকি বেড়েছে। ফলে আবার চলে যান বিশ্রামে। দিন দুয়েক আগে ফের অনুশীলন শুরু করেছেন।
এমনিতেই গত ৮ অক্টোবর ইন্ডিয়ান সুপার লিগ শুরুর আগে দলের সঙ্গে স্পেনে গিয়ে কন্ডিশনিং ক্যাম্প করতে পারেননি। এটা তাঁকে অনেক পিছিয়ে দেয়। তার ওপর এখন চোট। সব মিলিয়ে মাঠে নামার অপেক্ষা শুধু বাড়ছেই।
ওদিকে টুর্নামেন্ট শেষ হওয়ার পথে। কাজেই মামুনুলের সম্ভাবনা বাস্তব অর্থে আরও কমছে। কলকাতার পরের ম্যাচ পুনের সঙ্গে ২৯ নভেম্বর, ২ ডিসেম্বর প্রতিপক্ষ দিল্লি, ৭ ডিসেম্বর মুম্বাই ও ১০ ডিসেম্বর গোয়ার সঙ্গে। এই ম্যাচগুলো সামনে রেখে মামুনুল বলছিলেন, ‘শেষ চারটি ম্যাচের একটিতে সুযোগ পাওয়ার আশা ধরে রাখছি। আসলে চোটটা আমাকে আরও পিছিয়ে দিয়েছে।’
কলকাতার প্রথম একাদশে ভারতের পাঁচজন খেলেন—গোলরক্ষক, লেফটব্যাক, রাইটব্যাক, একজন স্ট্রপার ও একজন উইঙ্গার। বাকিরা সবাই বিদেশি। মাঝমাঠে যে জায়গায় মামুনুল খেলেন, সেখানে কলকাতার জার্সিতে খেলছেন লিভারপুল, বার্সেলোনার মতো ক্লাবে খেলা লুইস গার্সিয়া। সঙ্গে বোর্হে ফার্নান্দেজ, লা লিগায় ১৮৭ ম্যাচ খেলার অভিজ্ঞতা তাঁর। রিয়াল মাদ্রিদের মতো দলে খেলেছেন। সুতরাং এই খেলোয়াড়দের জায়গায় কোচ মামুনুলকে খেলাবেন না, এটা অনুমিতই। এমনকি ১৮ জনের দলেও তাঁর জায়গা মিলছে না।
তার পরও যেহেতু মামুনুলকে নেওয়া হয়েছে, অন্তত বদলি হিসেবে দু-একটা ম্যাচ সুযোগ আশা করা বাড়াবাড়ি নয়। সেটাও না পাওয়ার পেছনে মামুনুল একটা কারণ খুঁজে পাচ্ছেন, কলকাতা ভালো খেলছে বলে দলের স্প্যানিশ কোচ আন্তোনিও হাবাস একই দল খেলিয়ে যাচ্ছেন। বদলি তালিকাও অপরিবর্তিত।
মাঠের খেলাটাও হচ্ছে বেশ ভালো, গতিময়। জিকোর মতো তারকা এই লিগে আছেন গোয়ার কোচ হিসেবে। এমন ঝলমলে আয়োজনে নিজেকে তুলে ধরার সুযোগ না পেয়ে হতাশা আছে, তার পরও মামুনুলের সান্ত্বনা, ‘এত বড় একটা আয়োজনের সঙ্গে থাকতে পারাও খেলোয়াড় হিসেবে নতুন একটা অভিজ্ঞতা।’
কথাটা ঠিক। তার পরও মাঠে নামার অনুভূতি অন্য রকম। সে জন্য ছটফটই করছেন মামুনুল।