তার পরও পোলার্ডের আফসোস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই জুটিটিই বাংলাদেশের হাতের মুঠো থেকে ছিনিয়ে নিয়েছে জয়। কাইরন পোলার্ড ও দিনেশ রামদিনই মুছে দিয়েছেন বাংলাদেশের স্বপ্ন l এএফপি
এই জুটিটিই বাংলাদেশের হাতের মুঠো থেকে ছিনিয়ে নিয়েছে জয়। কাইরন পোলার্ড ও দিনেশ রামদিনই মুছে দিয়েছেন বাংলাদেশের স্বপ্ন l এএফপি

গ্রেনাডায় আসার পর থেকেই ফিসফাস শোনা যাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ দলটার মধ্যে নাকি একতার অভাব! আর এটা দেখা দিয়েছে সিপিএলে খেলাকে কেন্দ্র করে। জাতীয় দলে এসেও এক দ্বীপরাষ্ট্রের খেলোয়াড়েরা আরেক দ্বীপরাষ্ট্রের খেলোয়াড়দের সহ্য করতে পারছেন না।
কোচ ওটিস গিবসনের দল ছেড়ে যাওয়ার ঘটনা ছাপিয়েও প্রথম ওয়ানডের আগের দিন ডোয়াইন ব্রাভোর সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠল ওই একতা নিয়ে। ব্রাভো কিন্তু তাচ্ছিল্যভরে উড়িয়ে দিলেন ব্যাপারটা। বললেন, এগুলো সব ফালতু কথা। খেলোয়াড়দের সম্পর্কে কোনো ঝামেলা নেই। সবাই বিনি সুতার মালায় গাঁথা।
পরশু প্রথম ওয়ানডে শেষে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের দেখে ব্রাভোর কথাই সত্যি মনে হলো। ওই তো ত্রিনিদাদের সুনীল নারাইনের সঙ্গে বিরাটাকায় আইস বক্স তুলে এনে ড্রেসিংরুমের সামনে রাখলেন বারবাডোজের কেমার রোচ! জ্যামাইকার ক্রিস গেইল দুষ্টুমি করে পানি ঢেলে দিলেন একটু আগে জয়সূচক বাউন্ডারি মেরে আসা বারবাডোজের আরেক খেলোয়াড় জ্যাসন হোল্ডারের মাথায়। পাশেই তো দাঁড়িয়ে গল্প করছিলেন ত্রিনিদাদের রবি রামপল আর সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি। কোথায় একতার অভাব? বরং সুন্দর এক সাজানো সংসারের ছবিই দেখা গেল ম্যাচ শেষে। অভিভাবকের সাময়িক অনুপস্থিতিতে যে সংসারের সদস্যরা আরও বেশি এককাট্টা। খেলোয়াড়দের মধ্যে রেষারেষির খবরটা মনে হচ্ছে আসলেই অতিরঞ্জিত।
ব্যাট হাতে অতিমানব হয়ে ওঠা কাইরন পোলার্ডও ম্যাচ শেষে বোঝাতে চাইলেন, এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজ একটা দল হয়ে খেলতে চাচ্ছে। ৩৪ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পরও তাই জয়টা অসম্ভব মনে হয়নি তাঁর কাছে, ‘তখনো জয়টা অবশ্যই সম্ভব মনে হয়েছে। সিপিএলে খেলে আসায় আমরা সবাই খেলার মধ্যেই ছিলাম। এখানে আবার একসঙ্গে হয়ে খেলাটাই মূল চ্যালেঞ্জ ছিল। আমি বরং হতাশ এই কারণে যে, আমি বা রামদিন কেউই ম্যাচটা শেষ করে দিয়ে আসতে পারিনি। উচিত ছিল আমাদেরই খেলা শেষ করে দিয়ে আসা।’ বাংলাদেশ দলে একজনও বাঁহাতি স্পিনার না থাকাটা ওয়েস্ট ইন্ডিজের জন্য বিস্ময়কর হওয়ার কথা। তবে মুখে সেটা স্বীকার করলেন না পোলার্ড, ‘বাংলাদেশের নিশ্চয়ই একটা পরিকল্পনা ছিল। আসলে তারাই ভালো জানে তারা কী করতে চেয়েছে। তাদের দল কী হবে সেটা তো আর আমি বলে দিতে পারি না। কাজেই কে বল করছে সেটা আমার জন্য কোনো ব্যাপার নয়।’
ক্যারিবীয়রা জন্মগতভাবেই ক্রিকেট-পাগল। ক্রিকেট খেলেনি বা দেখে না, এ রকম মানুষ কমই আছে এই অঞ্চলে। ট্যাক্সিচালক থেকে শুরু করে হোটেলকর্মী, মাঠের খবর সবার কাছেই থাকে। গ্রেনাডিয়ান বাই রেক্স রিসোর্ট থেকে সৈকতের পথ ধরে মিনিট পাঁচেক হাঁটলে অ্যাকুয়ারিয়াম রেস্টুরেন্ট। সেখানকার বারটেন্ডার অ্যাসাঞ্জ হর্সফোর্ড সে রকমই এক মানুষ। ছোটবেলায় নিজে ক্রিকেট খেলেছেন। কাজের চাপে এখন খেলা বা মাঠে গিয়ে খেলা দেখার সুযোগ সে রকম না মিললেও খোঁজখবর রাখেন নিয়মিত। টিভিতে খেলা দেখেন। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের প্রসঙ্গ তুললে অবশ্য প্রথমে চিনতে পারলেন না তাঁকে। তবে নাম মনে করতে না পারলেও পরে আত্মবিশ্বাস নিয়ে বললেন, ‘আইপিএল যখন খেলে, দেখলে নিশ্চয়ই আমি চিনব।’ চেনারই কথা। আইপিএলের কোনো ম্যাচই যে পারতপক্ষে বাদ দেন না ৩২ বছর বয়সী এই তরুণ।
কিন্তু এত ক্রিকেট থাকতে আইপিএলটাই তাঁর কাছে বেশি ভালো লাগে কেন? ভালো লাগে কারণ ভারতের এই টুর্নামেন্টটাতে ওয়েস্ট ইন্ডিজের অনেক ক্রিকেটার খেলেন। নিজেদের বিরুদ্ধে নিজেদের শক্তির পরীক্ষা হয়ে যাওয়ার জন্য ভালো একটা জায়গা আইপিএল। হর্সফোর্ড বেশ গুছিয়েই ব্যাখ্যা করলেন কারণটা।
অবশ্য ওয়েস্ট ইন্ডিয়ানদের সর্বজনীন চিন্তাভাবনাও শেষ পর্যন্ত নিজের দ্বীপরাষ্ট্রে এসেই ঠেকে। সব সময় নিজের দেশের ঝান্ডাটাকেই সবার ওপরে রাখতে চায় তারা। গায়ানার হর্সফোর্ডের প্রিয় খেলোয়াড়ও তাই গায়ানারই শিবনারায়ণ চন্দরপল।
যে অঞ্চলের ক্রিকেটে সাধারণ দর্শক-সমর্থকেরাই এক একজন আলাদা আলাদা ক্রিকেটারের পতাকাতলে, সেখানে দেশভেদে ক্রিকেটারদের মধ্যে মতবিরোধ থাকতেই পারে। কিন্তু ওই যে মাঠে কাঁধে কাঁধ মিলিয়ে খেলা, জয়ের আনন্দটা রাষ্ট্রীয় সীমানা ভুলে ভাগ করে নেওয়া, ওয়েস্ট ইন্ডিজ ‘টিম ওয়েস্ট ইন্ডিজ’ হয়ে উঠতে চাইলে সূত্র কিন্তু ওটাই।

২
২০ মাস আগে খুলনায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের হয়ে প্রথম ওয়ানডে সেঞ্চুরি করেছিলেন এনামুল হক। পরশু দ্বিতীয় সেঞ্চুরিটাও করলেন সেই এনামুল।

৪
তাপস বৈশ্য (৪/১৬), আবদুর রাজ্জাক (৪/৩৯), সাকিব আল হাসান (৪/১৬) ও সোহাগ গাজীর (৪/২৯) পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪ উইকেট পেলেন আল আমিন (৪/৫১)।

৮৯
পোলার্ডের ৮৯ সাতে নেমে বাংলাদেশের বিপক্ষে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস। এর আগে এ বছরের এশিয়া কাপে ৮১ রান করেছিলেন আফগানিস্তানের সামিউল্লাহ শেনোয়ারি।

১৪৫
পোলার্ড-রামদিনের ১৪৫, ষষ্ঠ উইকেটে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ১৬৪ আফগানিস্তানের স্টানিকজাই-শেনোয়ারি জুটির (এশিয়া কাপ ২০১৪)।