তারকাময় দ্বিতীয় রাউন্ড
এই সময়টায় অস্ট্রেলিয়া দলের সফর নির্ধারিত ছিল বলে দ্বিতীয় রাউন্ড থেকে জাতীয় দলের ক্রিকেটারদের থাকার কথা ছিল না। গত মাসে শুরু ওয়ালটন এলইডি টিভি ১৭তম জাতীয় ক্রিকেট লিগের সূচিটা ঠিক করা হয়েছিল এই বাস্তবতা মেনেই। কিন্তু আজ থেকে শুরু হওয়া দ্বিতীয় রাউন্ড থেকে জাতীয় লিগটা তারকাদ্যুতিতে ঝলমলে হয়ে উঠছে।
শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া দল বাংলাদেশ সফরে এল না বলেই তো জাতীয় দলের ক্রিকেটারদের পেয়ে গেল দলগুলো। প্রথম রাউন্ড চলাকালে ‘এ’ দল ছিল ভারতে। এবার সাকিব-মুশফিক-মুস্তাফিজদের সঙ্গে তাই যোগ দিচ্ছেন ভারতফেরত মুমিনুল-নাসির-সাব্বির-সৌম্য-লিটনরাও।
প্রথম রাউন্ডের চারটি ম্যাচই ভেসে গিয়েছিল বৃষ্টিতে। দুই স্তরের চারটি ম্যাচেই ফলের ঘরে লেখা হয়েছিল ড্র শব্দটি। ড্র হওয়ায় সবগুলো দলই পেয়েছে কমপক্ষে ৩টি করে পয়েন্ট। দুই দলের প্রথম ইনিংস শেষ হওয়ায় বোনাস পয়েন্টও পেয়েছে ছয়টি দল। এদের মধ্যে প্রথম স্তরে ৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে খুলনা বিভাগ। দ্বিতীয় স্তরে সর্বোচ্চ ৯ পয়েন্ট পেয়েছে বরিশাল বিভাগ।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাকিব আল হাসানের দল খুলনা দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি মাহমুদউল্লাহর ঢাকা মহানগরের বিপক্ষে। এই স্তরের অন্য ম্যাচে বগুড়ায় বর্তমান চ্যাম্পিয়ন রংপুর খেলবে ঢাকা বিভাগের সঙ্গে। দ্বিতীয় স্তরে রাজশাহীতে মুশফিকের রাজশাহী মুখোমুখি তামিমের চট্টগ্রামের। খুলনায় সিলেট খেলবে বরিশালের বিপক্ষে।