তারপরও ইতিহাস
কলম্বো টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে মুশফিকুর রহিমের সঙ্গে হাসতে হাসতে মাঠ ছাড়ছিলেন সাকিব আল হাসান। দৃশ্যটি নিশ্চয় ভালো লাগেনি বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। এর একটু আগে যে এই সাকিবই পাগুলে ব্যাটিং করে কাঁপন ধরিয়ে দিয়েছিলেন সবার বুকে। লক্ষ-কোটি ভক্ত-সমর্থকের আবেগ নিয়ে ‘খেলার’ পর অমন হাসি তো বুকে শেলের মতোই বিঁধবে! সাকিবের অমন ব্যাটিং সামাজিক যোগাযোগমাধ্যমেও তোলে সমালোচনার ঝড়। মাত্র আট বল ব্যাটিং করেই সাকিব যেন সবার শত্রু!
কিন্তু নামটা যখন সাকিব, তাঁকে নিয়ে বাজি ধরা মুশকিল। ক্রিকেটে শেষ বলে যেমন কিছু নেই, সাকিবের ক্ষেত্রেও তা-ই। কখনো আশা জাগিয়ে দলকে ডোবান, কখনো টেনে তুলবেন খাদের কিনারা থেকে। কাল কলম্বো টেস্টের তৃতীয় দিনে যেমন আগের দিনের পাগলাটে সাকিবকে আর খুঁজে পাওয়া গেল না। দলের প্রয়োজনে হয়ে গেলেন ধৈর্যশীল এক ব্যাটসম্যান। করলেন সেঞ্চুরি। ১১ ও ৬৭ রানে দুবার জীবন পেয়ে করা সেঞ্চুরিটাকে অসাধারণ হয়তো বলবেন না অনেকেই। তবে আগের দিনের ৮ বলে ১৮ রান করা সাকিব গতকাল নিজেকে যেভাবে বদলে ফেললেন, সেটা মনে রাখার মতোই এক বিষয়।
শততম টেস্টটাকে অর্জনের রঙে রাঙিয়ে নিতে শুরুর দিন থেকেই প্রত্যয়ী ছিলেন বাংলাদেশের খেলোয়াড়েরা। সবার মধ্যেই কমবেশি চেষ্টা আছে। কিন্তু এখন পর্যন্ত সত্যিকার অর্থে উপলক্ষটাকে স্মরণীয় করে রাখতে পারলেন কেবল সাকিবই। আর সে সুবাদে নিজের নামটি তিনি লেখালেন ক্রিকেট ইতিহাসের পাতায়ও। সাকিব হলেন দেশের শততম টেস্টে সেঞ্চুরি করা অষ্টম ব্যাটসম্যান।
গত জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে যখন তাঁর পারফরম্যান্স নিয়ে কাটাছেঁড়া হচ্ছিল, অসাধারণ এক ডাবল সেঞ্চুরিতে জবাব দিলেন তার। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে গড়লেন ব্যক্তিগত সর্বোচ্চ রানের নতুন রেকর্ড (২১৭)। তিন ধরনের ক্রিকেটেই বাংলাদেশের সবচেয়ে বেশি উইকেট পাওয়া বোলার তিনি। ক্রিকেটের তিন সংস্করণেরই সেরা অলরাউন্ডার হয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে আরও ভালোভাবে চেনানোর কাজটাও করেছেন সাকিবই। আর কাল সেঞ্চুরি করে ঢুকে গেছেন টেস্ট ইতিহাসের ১৪০ বছরের ইতিহাসে দারুণ এক কীর্তি গড়াদের ছোট্ট তালিকায়।
নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে ব্যক্তিগত ৪ রানে জীবন ফিরে পেয়েছিলেন। পরে ডাবল সেঞ্চুরি করে জানিয়েছিলেন, আউট হওয়ার হাত থেকে বেঁচে যাওয়ার পর সে রাতে স্ত্রী শিশিরের কিছু কথা তাঁকে প্রতিজ্ঞাবদ্ধ করে বড় কিছু করতে। এবারও অনেকটা সে রকমই ঘটনা। পরশুর ওই পাগুলে ব্যাটিংয়ের পর রাতে নাকি বিষয়টি নিয়ে অনেক ভেবেছেন। সেটারই ফল ইতিহাসে ঢুকে পড়া ম্যাচে সাকিবের ঐতিহাসিক সেঞ্চুরি।
