তারপরও নায়ক রুট
আগের দিনই অনেকগুলো রেকর্ড ভেঙেছেন। তবে কালও জো রুটের সামনে হাতছানি ছিল আরও বড় কিছুর। অধিনায়ক হিসেবে অভিষেকে ডাবল সেঞ্চুরি এবং তারপর সর্বোচ্চ ইনিংসটিও তাঁর হতে পারত! লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দিন শেষে ১৮৪ রানে অপরাজিত রুটের জন্য কাজটা খুব একটা কঠিন বলেও মনে হচ্ছিল না। সামনে ছিলেন শুধু নিউজিল্যান্ডের গ্রাহাম ডাউলিং (২৩৯), ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ণ চন্দরপল (২০৩*) আর অস্ট্রেলিয়ার ক্লেম হিল (১৯১)।
কিন্তু কাল আর হলো না। দিনের তৃতীয় ওভারে মরনে মরকেলের প্রথম বলটাই তাঁর ব্যাটের কানায় লেগে চলে গেল উইকেটরক্ষক কুইন্টন ডি ককের হাতে। রুট থেমে গেলেন ১৯০ রানেই! হিলকেই পেরোনো হলো না, চন্দরপল-ডাউলিংরা তো আরও নিরাপদ রয়ে গেলেন।
নতুন কীর্তি গড়া হয়নি। কিন্তু আগের দিন যা করেছেন, সেটাই তাঁকে বিশেষ একটা জায়গা করে দিয়েছে ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে। ষষ্ঠ ইংলিশ হিসেবে নেতৃত্বের অভিষেকে সেঞ্চুরি, আগের পাঁচজনকে ছাড়িয়ে সবচেয়ে বড় ইনিংসটাও তাঁর! অথচ এই রুট আউট হয়ে যেতে পারতেন রানটা ২০ হওয়ার আগেই। ৫ রানে থাকার সময় কাগিসো রাবাদার বলে সীমানায় তাঁর ক্যাচটা নিতে পারেননি বদলি ফিল্ডার অ্যাইডেন মারক্রাম, সেই রাবাদার বলেই ১৬ রানে আরও একবার গালিতে ক্যাচ ফেলেছেন জেপি ডুমিনি। এই রকম সুযোগ কি রুটের মতো ব্যাটসম্যান কাজে না লাগিয়ে পারেন! ইংল্যান্ড অধিনায়ক নিজেও স্বীকার করলেন, তিনি নিজেও নিজের জন্য এত দারুণ চিত্রনাট্য লিখতে পারতেন না, ‘এর চেয়ে ভালো কিছু সম্ভব না। বিশেষ করে ওভাবে দুবার জীবন পাওয়ার পর। মনে হচ্ছিল, আজ (পরশু) দিনটা আমার। আর এ রকম যখন হবে, তখন সেই সুযোগটাও আপনাকে নিতে হবে। সব মিলিয়ে মনে হচ্ছিল অনেকটা স্বপ্নের পৃথিবীতে আছি।’
অধিনায়ক হিসেবে অভিষেক হওয়ার দিনটা অবশ্য তাঁর জন্য শুরু হয়েছিল একটু উদ্বেগের মধ্যেই। সকালে ঘুম থেকে উঠেই নাকি টের পেয়েছিলেন শতভাগ ফিট নন, মাথা ঝিমঝিম করছে। তার ওপর আবার ব্যাট করতে নেমে ১৭ রানে ২ উইকেট নেই দলের, ৭৬ রানে চলে গিয়েছিল ৪টি। নিজের এই অসুস্থতা আর দলের বাজে শুরুটাই নাকি তাঁকে আরও সতর্ক করে তুলেছিল ব্যাট হাতে, ‘আমি জানতাম যে আমি পুরো ফিট নই। এটাই ব্যাট করতে নামার পর আমাকে আরও মনোযোগী হতে সাহায্য করেছে।’
আর এই মনোযোগের সঙ্গে ভাগ্যের হাত তো আছেই। কাল অবশ্য ভাগ্যকে আর পাশে পেলেন না রুট। কিন্তু ইতিহাস তো গড়ে ফেলেছেন আগের দিনই! এএফপি।
তাঁরা চারজন
২৩৯
গ্রাহাম ডাউলিং
নিউজিল্যান্ড-ভারত, ১৯৬৮
২০৩*
শিবনারায়ণ চন্দরপল
উইন্ডিজ-দ. আফ্রিকা, ২০০৫
১৯১
ক্লেম হিল
অস্ট্রেলিয়া-দ. আফ্রিকা, ১৯১০
১৯০
জো রুট
ইংল্যান্ড-দ. আফ্রিকা, ২০১৭