তারপরও সতর্ক লায়ন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাথান লায়ন
নাথান লায়ন

দুই টেস্টে ২২ উইকেট! এর মধ্যে চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে ১৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে জিতিয়েছেনও নাথান লায়ন। আর এই জয়েই বাংলাদেশের সঙ্গে দুই টেস্টের সিরিজটা ১-১-এ ড্র করতে পেরেছে অস্ট্রেলিয়া। রিচি বেনোকে ছাড়িয়ে অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেট নেওয়া স্পিনারদের তালিকায় দুইয়ে উঠে এসেছেন লায়ন (২৬৯), অফ স্পিনারদের মধ্যে সবার ওপরে।

এমন ফর্মে থাকা লায়নের কি আর নভেম্বরে অ্যাশেজ দলে জায়গা পাওয়া নিয়ে চিন্তিত থাকার কথা? অবশ্যই না। তবে মোটেই নিরুদ্বেগ হয়ে বসে নেই লায়ন। বরং বাংলাদেশে পাওয়া সাফল্যই তাঁর কাজটা আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন। স্টিভেন ও’কিফ আর অ্যাস্টন অ্যাগাররা যে এখন তাঁকে ধরার জন্য আরও মরিয়া হয়ে উঠবেন। দলে জায়গা তো তাঁরাও চান!

লায়ন আগের চেয়ে বরং বেশি সতর্ক, ‘যে মুহূর্তে আপনি একটু গা ছাড়া হয়ে যাবেন, আপনার জায়গা নড়বড়ে হয়ে যাবে। এ মুহূর্তে আমি বাকি সব স্পিনারের লক্ষ্য হয়ে গেছি। সুতরাং আমাকে উন্নতি করে যেতে হবে।’ দ্য এজ।

অ্যাশেজে অবশ্য বাংলাদেশ সিরিজের মতো এত স্পিনার নেবে না অস্ট্রেলিয়া। তবে একমাত্র স্পিনার হলেও সিরিজের পাঁচটি টেস্টেই খেলতে চান লায়ন, ‘আমি এ ব্যাপারে খুবই আত্মবিশ্বাসী, বিশেষ করে বাংলাদেশ থেকে ফেরার পর।’