তারুণ্যেই আস্থা আফ্রিদির

টেস্ট ও ওয়ানডেকে আগেই বিদায় বলে দিয়েছেন। ৩৫ বছর বয়সী আফ্রিদি হয়তো খুব বেশি দিন খেলবেন না টি-টোয়েন্টিও। কিন্তু পাকিস্তানের টি-টোয়েন্টি দলে তাঁর বিকল্প কোথায়? আফ্রিদি নিজে অবশ্য আশাবাদী। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটা যেভাবে বের করে এনেছেন আনোয়ার আলী আর ইমাদ ওয়াসিমরা, তাতে তরুণদের ওপর আস্থাটা বেড়ে গেছে পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়কের।
১৭৩ রানের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তানের জয়টা একসময় বেশ কঠিনই মনে হচ্ছিল। কিন্তু ২২ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংসে আফ্রিদিই ম্যাচে ফেরান দলকে। তাঁর বিদায়ের পরও ম্যাচের লাগাম হাতছাড়া করেনি পাকিস্তান। ১৭ বলে ৪৬ রান করে শ্রীলঙ্কার জয়ের স্বপ্ন প্রায় শেষ করে দেন আনোয়ার আলী। আর শেষ ওভারের দ্বিতীয় বলে দুর্দান্ত এক ছক্কায় জয় নিশ্চিত করেন ইমাদ ওয়াসিম। দুর্দান্ত জয়ের পর আফ্রিদিও গাইলেন তারুণ্যের জয়গান, ‘১৭৩ তাড়া করার মতো রানই ছিল। কিন্তু আমরা শুরুতে খেই হারিয়ে ফেললাম। তারপর আনোয়ার আর ইমাদ দারুণ দুটি ইনিংস খেলল। আশা করছি তারা ভবিষ্যতেও ভালো করবে।’ এই তরুণদের নিয়েই এখন স্বপ্ন দেখছেন আফ্রিদি, ‘আমার দলে দারুণ কিছু খেলোয়াড় আছে, যারা আমাকে উজ্জ্বল ভবিষ্যতের আশা দেখাচ্ছে।’
দারুণ খেলে শ্রীলঙ্কার মাটিতে টেস্ট, ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও জেতায় উচ্ছ্বসিত পাকিস্তানের কোচ ওয়াকার ইউনিস, ‘আমি মনে করি এই সফরের সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে খেলোয়াড়দের মানসিকতায় ইতিবাচক পরিবর্তন।’ এএফপি।