তারুণ্যেই বাড়ছে অভিজ্ঞতা

জার্সির রং সবুজ। বাংলাদেশ দলটাও যেন চিরসবুজ! সব সময়ই তরুণ, সব সময়ই, ‘ওরে নবীন, ওরে আমার কাঁচা...।’ এই দলের বয়স বাড়ে না, খেলোয়াড়েরা অভিজ্ঞ হয় না। যে বিদেশি কোচই দায়িত্ব নিন, যে প্রতিপক্ষই সামনে আসুক—সবাই বলে ‘দলটা তো এখনো তরুণ...।’
সেই ২০০০ সালে বাংলাদেশের টেস্ট মর্যাদা পাওয়ার সময় থেকেই শুনতে হচ্ছে কথাটা। দেখতে দেখতে কেটে গেল প্রায় ১৫ বছর। মিনহাজুল আবেদীন, আকরাম খান, আমিনুল ইসলামদের যুগ পেরিয়ে কেটে গেল হাবিবুল বাশার, খালেদ মাসুদ, মোহাম্মদ রফিকদের সময়কালও। বাংলাদেশকে অভিজ্ঞ দলের স্বীকৃতি দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি কখনোই। হয়ে ওঠার মুখেই কোনো না কোনো কারণে অভিজ্ঞরা ঝরে পড়েছেন। তরুণেরা জায়গা নিয়েছেন। দলটার মোড়ক তাই সব সময়ই সবুজ থেকে গেছে। মন থেকে গেছে অবুঝ। আর মাঠে বেশির ভাগ সময়ই অনভিজ্ঞতার প্রদর্শনী।
তবে ইদানীংকালে যেন মনে হচ্ছে সেই সময় অতিক্রান্ত। হ্যাঁ, এখনো বাংলাদেশ দলে তারুণ্যের ঝান্ডা উঁচিয়ে ধরে আছেন সৌম্য সরকার-সাব্বির রহমানরা। এমনকি যে নাসির হোসেন ইতিমধ্যেই পেয়ে গেছেন ‘ফিনিশার’ তকমা, জাতীয় দলে তাঁর বয়সও চারের নিচে! তার পরও মাশরাফি বিন মুর্তজার ওয়ানডে দলটা যেন অভিজ্ঞতার দিক দিয়ে ছাড়িয়ে গেছে আগের সব বাংলাদেশ দলকেই। হয়তো সেটিরই প্রতিফলন পারফরম্যান্সের বর্তমান ধারাবাহিকতা।
দলে এক শর বেশি ওয়ানডে খেলা খেলোয়াড় পাঁচজন—মাশরাফি, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ। এঁদের মধ্যে মাশরাফি তাঁর ১৫০তম ম্যাচটি খেলে ফেলেছেন সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে। কাল খেললেন সাকিবও। মুশফিকের জন্য পরের ম্যাচটিই হবে ১৫০তম ওয়ানডে, তামিমের লাগবে আরও ছয় ম্যাচ। তবে মাহমুদউল্লাহ একটু পিছিয়ে। কাল তিনি খেলেছেন নিজের ১১৯তম ম্যাচ।
বাংলাদেশের ওয়ানডে দলের নিউক্লিয়াস বলতে পারেন এই ‘পঞ্চপাণ্ডব’কে। তাঁদের অভিজ্ঞতা, তাঁদের পারফরম্যান্সকে ঘিরেই আবর্তিত হচ্ছে দল। আন্তর্জাতিক ক্রিকেটে আসার পর থেকে এই সময়টারই যেন অপেক্ষায় ছিল বাংলাদেশের ক্রিকেট। চার-পাঁচজনের এক দল ক্রিকেটার আসবে যারা দলটাকে ছায়া দেবে, দলের বিপদে-আপদে হবে ভরসা। নতুনেরা এসে তাদের থেকে জানবে, শিখবে।
মজার ব্যাপার হলো, যাঁদের অভিজ্ঞ খেলোয়াড় বলা হচ্ছে তাঁদের প্রায় সবারই শুরুটা হাবিবুল বাশারের অধিনায়কত্বে। বর্তমানে নির্বাচক হাবিবুল বাশারও মনে করেন, বাংলাদেশ যে বদলে গেল, তা চার-পাঁচজন অভিজ্ঞ খেলোয়াড় থাকার সুবাদেই, ‘আমি তো মনে করি এমন পারফরম্যান্সের পেছনে এটাই বড় কারণ। তা ছাড়া তারা যে এক-দেড় শ ম্যাচ খেলে ফেলেছে, সেটা কিন্তু এমনি এমনি নয়। নিয়মিত পারফর্ম করেছে বলেই এক-দেড় শ ম্যাচ খেলার অভিজ্ঞতা অর্জন করেছে। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা যেমন নিজেরা ভালো খেলছে, পথ দেখাচ্ছে নতুনদেরও।’
১১১ ওয়ানডে খেলার অভিজ্ঞতা হাবিবুল বাশারেরও হয়েছিল। কিন্তু সেটি ১২ বছর খেলে। অথচ সাকিব যে কাল দেড় শতম ওয়ানডে খেলে ফেললেন, সেটা মাত্র সাড়ে আট বছরের ক্যারিয়ারেই। বোঝাই যাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলের ম্যাচ বাড়াটাও মাশরাফি-সাকিবদের দ্রুত অভিজ্ঞ হয়ে ওঠার একটি কারণ।
তবে এমন নয় যে সাকিব-মুশফিকদের সময়ে বাংলাদেশ দলে শুধু তাদের প্রজন্মই খেলে গেছে। সৌম্য-সাব্বিররা তো একেবারেই নতুন; মুমিনুল, এনামুলরাও মাঝের সময়টারই প্রতিনিধি। তার মানে বাংলাদেশ যে এখন একটা দল হয়ে উঠছে, সেটা আসলে তারুণ্য আর অভিজ্ঞতারই মিলিত ফসল। নির্বাচকের টেবিলে থাকা হাবিবুল সেটা আরও ভালো করে জানেন, ‘আমরা যখন দল নির্বাচন করি তখন ফর্ম এবং অভিজ্ঞতা দুটিই বিবেচনায় থাকে। ফর্ম ভালো থাকলে অভিজ্ঞরাই অগ্রাধিকার পাবে স্বাভাবিক। একই সঙ্গে নতুন কারও মধ্যে যদি ভালো করার সম্ভাবনা দেখা যায়, তাকেও সুযোগ দেওয়া উচিত বলে মনে করি। বর্তমান দলটাতেও দুই ধরনের ক্রিকেটারই আছে।’
কথা প্রসঙ্গে সেদিন মাশরাফিও ঠিক এই মতটাই দিচ্ছিলেন। সিরিজের শুরু থেকে সবাই বলছে পাকিস্তানের এই দলটার চেয়ে অভিজ্ঞতায় বাংলাদেশ এগিয়ে। বাংলাদেশ অধিনায়কের তাতে যেন একটু দ্বিমত আছে। সৌম্য, আরাফাত, সাব্বিরদের উদাহরণ হিসেবে দাঁড় করিয়ে বললেন, অভিজ্ঞতায় দুই দলই প্রায় সমান। পার্থক্য হলো, বাংলাদেশ দলের অভিজ্ঞরা ব্যাটে-বলে পারফর্ম করছে। পাকিস্তান দল সেটা পাচ্ছে না তাদের অভিজ্ঞদের কাছে থেকে।
‘আধমরাদের ঘা মেরে তুই বাঁচা...’ স্লোগানটা তাহলে পাকিস্তানের তরুণ ক্রিকেটারদের জন্যই থাকুক আপাতত। ‘ওরে নবীন, ওরে আমার কাঁচা...’ থেকে বাংলাদেশ যে এখন অভিজ্ঞদের দল!