তারুণ্যের পাখায় বিশ্বকাপে

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ। বোলিং আক্রমণ ধরুন মাশরাফির সঙ্গে তাসকিন ও আল আমিন, স্পিনে সাকিবের সঙ্গে তাইজুল। মাশরাফি ও সাকিব ছাড়া বাকি তিনজনের মিলিত অভিজ্ঞতা হবে ১৫ ওয়ানডে! তাইজুলের জায়গায় যদি খেলেন আরাফাত সানি, অভিজ্ঞতা বাড়বে আর মাত্র ৭ ওয়ানডের। কিংবা চোট কাটিয়ে উঠতে না পারায় প্রথম ম্যাচ খেলতে পারলেন না তামিম ইকবাল। ইনিংস সূচনা করতে নামবেন তখন সৌম্য সরকার, যাঁর অভিজ্ঞতা তাইজুলের সমান। ১ ওয়ানডে!
বাংলাদেশের মতো দলে, যেখানে বিকল্প খুব বেশি নেই, বিশ্বকাপ দল নিয়ে বিতর্কের অবকাশও খুব একটা নেই। নানা বিষয়ে দেশের ১৬ কোটি মানুষের ৩২ কোটি মত থাকতে পারে। বিশ্বকাপ দলের ১২-১৩ জনের ব্যাপারে সবাইকে একমত না হয়ে উপায় নেই। ২-৩টি জায়গা নিয়ে কারও দ্বিমত থাকতে পারে। তবে সেই দু-তিনটি জায়গাও এদিক-সেদিক হলে খুব বড় পার্থক্য হয়ে যাবে না। দিন শেষে তাই ‘সম্ভাব্য সেরা দল’ মতের পাল্লাটাই হয়তো সবচেয়ে ভারী। দলের দিকে তাকিয়ে সবচেয়ে বেশি যেটি চোখে পড়ে আর ভাবনার খোরাক জোগায়, সেটি হলো তারুণ্য, অনভিজ্ঞতা। প্রথমবার বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ১৫ জনের দলের ৯ জনই। যাঁদের সম্মিলিত অভিজ্ঞতা ১২১ ওয়ানডে। এঁদের ৬ জনই আবার একদম হাঁটি হাঁটি পা পা পর্যায়ে। সৌম্য-তাইজুল খেলেছেন ১টি করে ওয়ানডে, তাসকিন ৩, সাব্বির ৫, আরাফাত সানি ৮, ১১টি আল আমিন।
এটা যদি হয় একটা ছবি, তবে আরেকটা ছবিও ভাসবে চোখে। সেটি বাস্তবতার। সবশেষ ওয়ানডেতে হ্যাটট্রিক ইতিহাস গড়া তাইজুলকে উপেক্ষা করবেন কীভাবে, কিংবা সবশেষে দুই ম্যাচেই ৪টি করে উইকেট নেওয়া সানিকে! জিম্বাবুয়ে সিরিজের পারফরম্যান্সে সাব্বিরকেও বাইরে রাখা কঠিন। আল আমিন তো গত বছর তিন সংস্করণ মিলিয়ে দেশের সফলতম পেসার। আর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের কন্ডিশনে গতিময় তাসকিনকে মনে করা হচ্ছে বাংলাদেশের তুরুপের তাস। তারুণ্য আর অনভিজ্ঞতার এই ছবিটাই তাই বাংলাদেশের ক্রিকেটের বাস্তবতা।
প্রধান নির্বাচক ফারুক আহমেদ মনে করিয়ে দিলেন ওই বাস্তবতার কথাই, ‘৯ জন প্রথমবার বিশ্বকাপ খেলবে। কিন্তু ওরা সবাই যোগ্য। পরের বিশ্বকাপে যখন শ্রীলঙ্কা দলে জয়াবর্ধনে, সাঙ্গাকারা, দিলশান, মালিঙ্গারা থাকবে না, তখন দেখা যাবে অনেকেরই প্রথম বিশ্বকাপ হবে। এটাই বাস্তবতা। আমরা আমাদের সেরা দলটিই বেছে নিয়েছি। একদম তরুণ, অনভিজ্ঞ যারা আছে ওদের মধ্যে হয়তো ২-৩ জন একাদশে খেলবে। সাকিব, তামিম, মুশফিক, মাশরাফি, রিয়াদদের পাশে ২-৩ জন তরুণ খেলতেই পারে। দলের সমন্বয়টাও তাহলে দারুণ হয়।’

সানি বা তাইজুলের একজনের বদলে আবদুর রাজ্জাক বা সৌম্যর বদলে ইমরুল কায়েস থাকলে অভিজ্ঞতার পাল্লা ভারী হতো। কিন্তু এই দুটি জায়গায় তারুণ্যের রোমাঞ্চটাই বেশি টেনেছে ফারুক আহমেদকে, ‘রাজ্জাকের কথা তো আগেই বলেছি, ফিল্ডিং ও ফিটনেস। ইমরুলের ক্ষেত্রে বলব, ব্যাকআপ টপ অর্ডারে আমরা অভিজ্ঞতার চেয়ে বর্তমান ফর্ম ও সম্ভাবনাকেই বেশি প্রাধান্য দিয়েছি। খেলার ধরনের কারণে মনে হয়েছে সৌম্য বেশি কার্যকর হবে, বোলিং তো আছেই। সাফল্যের গ্যারান্টি তো দেওয়া যায় না, সম্ভাবনা দেখেই আমরা নিয়েছি। ২০০৭ বিশ্বকাপেও কিন্তু তরুণ দল নিয়ে সফল হয়েছিলাম আমরা।’
তারুণ্যনির্ভর দলের ক্ষেত্রে ২০০৭ বিশ্বকাপের বাংলাদেশ একটা মানদণ্ড হয়ে আছে। সেবারও প্রধান নির্বাচক ছিলেন ফারুক আহমেদ, বেছে নিয়েছিলেন তামিম-সাকিব-মুশফিকদের। ভারত ও বারমুডাকে হারিয়ে সুপার এইটে উঠে সেখানেও দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল সেই দল। এবং সেবার প্রথম বিশ্বকাপ খেলতে গিয়েছিলেন এবারের চেয়ে বেশি, ১১ জন! তবে পার্থক্য হলো, সেবার প্রথম বিশ্বকাপ যাত্রীরা তাসকিন-সৌম্যদের মতো এত নবিশ ছিলেন না। জাভেদ ওমর তত দিনে আন্তর্জাতিক ক্রিকেটে এক যুগের পুরোনো, ৪১ ওয়ানডে খেলা শাহরিয়ার নাফীস তো সহ-অধিনায়কই ছিলেন। আফতাব আহমেদ (৫৫), রাজিন সালেহ (৪৩), আবদুর রাজ্জাক (৩৮), শাহাদাত হোসেন (২০), সৈয়দ রাসেলরা (১৯) তত দিনে প্রতিষ্ঠিত। তবে সেবারের তরুণেরা যেমন ছিলেন এবারের তরুণদের চেয়ে বেশি অভিজ্ঞ, এবারের অভিজ্ঞরা আবার সেবারের অভিজ্ঞদের চেয়ে বেশি অভিজ্ঞ! ২০০৭ সালে এক শর বেশি ওয়ানডে খেলা ক্রিকেটার ছিলেন ২ জন, এবার ৫ জন!
সব মিলিয়ে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার মনে শঙ্কার চেয়ে রোমাঞ্চই বেশি, ‘একসময় তো এত বিকল্পও ছিল না। এখন তবু অনেক আছে। দল যথেষ্টই ভালো হয়েছে। তারুণ্যনির্ভর বলব না, আমি বলব তারুণ্য ও অভিজ্ঞতার ভালো সমন্বয়। ২০০৭ বিশ্বকাপেও এমনই ছিল।’
দলের চেহারায় ২০০৭ বিশ্বকাপের ছায়া। সাফল্যেও কি অনুসরণ করতে পারবে ওই বিশ্বকাপকে?