তালেবান শাসনের মধ্যে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান
যুক্তরাষ্ট্র আগে থেকেই যাই যাই করছিল। গত জুলাইয়ে প্রায় দুই দশকের ডেরা আফগানিস্তান থেকে সরে গেছেন যুক্তরাষ্ট্রের সৈন্যরা। জবাব দিতে খুব বেশি সময় নেয়নি তালেবান। আগস্টের মাঝপথেই দেশটির নিয়ন্ত্রণ বুঝে নিয়েছে এই বিতর্কিত গোষ্ঠী।
এ নিয়ে বিশ্বরাজনীতি বেশ উত্তপ্ত। ওদিকে আফগানরা ব্যস্ত নিজেদের জীবন নিয়ে। দেশ ছেড়ে পালানো শুরু হয়ে গেছে আফগানদের। বিমানবন্দরে হুড়াহুড়িতে নিহতের খবর এসেছে। বিশ্বনেতৃত্বের সাহায্য চেয়েছেন রশিদ খানের মতো ক্রিকেটাররা।
তালেবানের অত্যাচারের বিভিন্ন খবর এরই মধ্যে ছড়িয়ে পড়েছে। নির্যাতিতদের মুখের রোমহর্ষ সেসব বর্ণনা গায়ে কাঁটা দিতে বাধ্য। কিন্তু এর মধ্যেও বিশ্বকাপ ক্রিকেট খেলার ব্যাপারে নিঃসন্দেহ আফগান ক্রিকেট বোর্ড।
তালেবান শাসনের প্রথম দিকটায় অন্য সব খেলাকে রূঢ় আচরণের শিকার হতে হলেও ক্রিকেট ছিল এর ব্যতিক্রম। কে জানে সে ইতিহাস মনে রেখেই আগামী অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার ব্যাপারে আশাবাদী মনে হচ্ছে দেশটির ক্রিকেট কর্মকর্তাদের।
এ ব্যাপারে আফগানিস্তান দলের মিডিয়া ম্যানেজার হিকমত হাসান বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, ‘আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলব। বিশ্বকাপের প্রস্তুতি চলছে এবং যারা হাতের কাছে আছে, তারা আগামী কয়েক দিনের মধ্যে কাবুলে অনুশীলনে ফিরবে।’
শুধু তা-ই নয়, অস্ট্রেলিয়াকে নিয়ে একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলার চেষ্টার কথাও জানালেন এই কর্মকর্তা, ‘অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে একটা ত্রিদেশীয় সিরিজ খেলার জন্য ভেন্যু খুঁজছি আমরা। বিশ্বকাপের জন্য এটাই সেরা প্রস্তুতি হবে। আমরা শ্রীলঙ্কার মতো কিছু দেশের সঙ্গে কথা বলছি এবং মালয়েশিয়ার কথাও মাথায় আছে। দেখা যাক।’
আগামী কিছুদিন আফগানিস্তান ক্রিকেট দল কতটা ব্যস্ত থাকবে, সেটা বোঝানোর চেষ্টা করেছেন হাসান, ‘এরই মধ্যে হাম্বানটোটায় পাকিস্তানের সঙ্গে খেলার কথা আছে এবং সে সিরিজও সময়মতো হবে। এ ছাড়া ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টও সময়মতোই শুরু হবে, যাতে বিশ্বকাপের আগে খেলোয়াড়েরা ঠিকভাবে প্রস্তুত হতে পারেন।’
এদিকে রশিদ খান ও মোহাম্মদ নবীর মতো খেলোয়াড়েরা দেশের বাইরে থাকায় পরিবার নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছেন। হাসানের দাবি, ক্রিকেটারদের পরিবারকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নিচ্ছে বোর্ড, ‘আমরা সব সময় খেলোয়াড় ও তাঁদের পরিবারকে সহায়তা করতে চাই। তাঁদের জন্য যতটা সম্ভব করব। কাবুলে তেমন কিছুই হয়নি। আমরা এরই মধ্যে অফিস করছি, সুতরাং দুশ্চিন্তার কিছু নেই।’