তালেবান বাধা নয়, ‘উজ্জীবিত’ আফগান ক্রিকেটাররা

রশিদ খানফাইল ছবি : টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালেবানবাহিনী কাবুলের দখল নিয়েছে। এর মাঝেই শুরু হয়েছে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের অনুশীলন। ১৮ আগস্টই পাকিস্তান সিরিজ সামনে রেখে কাবুলে অনুশীলন শুরু করেছে তারা। দেশের অবস্থা যেমনই হোক, জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে আফগান ক্রিকেটাররা ছিলেন উজ্জীবিতই। আকাশপথে চলাচল স্বাভাবিক হলেই আফগানিস্তান জাতীয় দল শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হবে বলে জানিয়েছেন দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী হামিদ শিনওয়ারি।

আফগানিস্তানে তালেবান শাসন আগেও ছিল। তখন বিভিন্ন রকম খেলাধুলার ওপর নিষেধাজ্ঞাও ছিল। মেয়েদের খেলা তো নিষিদ্ধই ছিল পুরোপুরি। আবারও তালেবানরা ক্ষমতায় আসার পর স্বাভাবিকভাবেই তাই অনিশ্চয়তা তৈরি হয়েছে ক্রিকেটসহ অন্য খেলা ঘিরেও। তবে শিনওয়ারি বলেছেন, ক্রিকেট নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, ‘আগেও তালেবানদের সময়ে ক্রিকেট নিয়ে কোনো সমস্যা ছিল না। এখনো হবে না। তালেবানরা ক্রিকেটে কোনো দুর্ঘটনা ঘটিয়েছে, এমন মনে পড়ে না আমার।’

বুধবার কাবুলে অনুশীলনে আফগানিস্তান ক্রিকেটাররা
আফগানিস্তান ক্রিকেট বোর্ড

অবশ্য এখন দেশটির মেয়েদের ক্রিকেটের ভবিষ্যৎ কী, সে ব্যাপারে কিছু বলতে পারেননি শিনওয়ারি। তবে আশা করছেন, এ বিষয়ে আর কয়েকটা দিন অপেক্ষা করলেই জানা যাবে উত্তর। তবে ছেলেদের দল নিয়ে বেশ উচ্ছ্বসিতই তিনি, ‘ক্যাম্পে সবাই বেশ উজ্জীবিত। আকাশপথে যোগাযোগ ঠিকঠাক হলেই আমরা শ্রীলঙ্কায় দল পাঠাব। এ ব্যাপারে যোগাযোগ করছি আমরা।’

সেপ্টেম্বরের শুরুতে পাকিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে আফগানিস্তান, যে সিরিজ হবে শ্রীলঙ্কায়। এর আগে সংযুক্ত আরব আমিরাতে হওয়ার কথা থাকলেও আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে সেটি নিয়ে যাওয়া হয়েছে শ্রীলঙ্কায়। এ সিরিজ আয়োজনের ব্যাপারে আগেই আশাবাদ জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট।

এদিকে সেপ্টেম্বরে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের পরের আসর চালুর ঘোষণাও দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ১০ সেপ্টেম্বর থেকে কাবুলে শুরু হবে ‘এ’ লিগ। দলের সংখ্যাও ছয়টি থেকে বাড়িয়ে করা হয়েছে আটটি। এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড বলেছে, ‘আফগানিস্তান ক্রিকেটকে এগিয়ে নিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। পাকিস্তান ও ভারত ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের দারুণ সম্পর্ক। আমরা আন্তর্জাতিক ক্রিকেট সম্প্রদায়ের অংশ।’

সেপ্টেম্বরে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের পরের আসর চালুর ঘোষণাও দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড
ফেসবুক

এ বছর সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে আগে থেকেই সুপার টুয়েলভে আছে আফগানিস্তান। প্রথম পর্ব পেরোতে পারলে বাংলাদেশ পড়বে আফগানিস্তানের গ্রুপেই।