তালেবানের কারণে পাকিস্তানই আফগানিস্তানের সঙ্গে খেলা নিয়ে সংশয়ে
খেলার সঙ্গে রাজনীতি মেশাবেন না—লোকের মুখের কথা। খেলার প্রতি স্বচ্ছ আবেগের জায়গা থেকেই কথাটা বলা হয়। কিন্তু বাস্তবে কি তেমন হয়? না চাইলেও খেলার সঙ্গে রাজনীতি মিশে যায়।
আফগানিস্তান পরিস্থিতির কথাই ধরুন। তালেবান দেশটির ক্ষমতা দখলের পর দেশটিতে নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। শুধু আফগানিস্তান কেন, তালেবান ক্ষমতায় যাওয়ার পর আফগানিস্তানের পাশের দেশ ও আফগানিস্তানের বন্ধুরাষ্ট্র পাকিস্তানে সিরিজ খেলতে যাওয়া নিয়েও দুবার ভাবছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মতো দল।
এর মধ্যে পাকিস্তানের সংবাদমাধ্যম দিচ্ছে নতুন খবর, এখন পাকিস্তানই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলা নিয়ে শঙ্কায়!
আফগানিস্তান-পাকিস্তান তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ভেন্যু কিন্তু নিরপেক্ষ দেশ—শ্রীলঙ্কা। এই প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজে অংশ নেবে দুই দল। ৩ সেপ্টেম্বর থেকে সিরিজ শুরু হওয়ার কথা।
এই সিরিজ সামনে রেখে কাল থেকে অনুশীলন ক্যাম্প শুরুর সূচি ঠিক করেছিল পাকিস্তান। কিন্তু দেশটির সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, ক্যাম্প এখনো শুরু করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সিরিজের দল ঘোষণাও পিছিয়ে দিয়েছে।
আফগানিস্তান তালেবান শাসনের অধীনে আসায় দেশটির ক্রিকেট বোর্ড আপাতত সংকটময় পরিস্থিতি পার করছে। সিরিজ নিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত দল গঠন কিংবা অনুশীলন ক্যাম্প—কিছুই শুরু করবে না পিসিবি। সূত্র মারফত পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, এই সিরিজ স্থগিতও হতে পারে।
এসিবির সঙ্গে ঘনিষ্ঠ ‘বিশ্বস্ত সূত্র’কে উদ্ধৃত করে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ লিখেছে, তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তানের বাইরে আসতে কিছু বিষয় নিয়ে সমস্যায় পড়েছে দেশটির জাতীয় ক্রিকেট দল।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের ঘনিষ্ঠ সেই সূত্র সংবাদমাধ্যমটিকে বলেছেন, ‘আফগান ক্রিকেটাররা তালেবানের কাছ থেকে কীভাবে অনুমতি নেবে, সে বিষয় এখনো পরিষ্কার নয়। তারা কোন পতাকাতলে পাকিস্তানের মুখোমুখি হবে, সেটি নিয়েও দ্বিমত আছে। পুরোনো পতাকা, নাকি কাবুলে যে নতুন পতাকা উড়িয়েছে তালেবান—কোনটা? আফগান ক্রিকেট বোর্ড আগের নিয়মেই চলবে, নাকি পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেবে?’
তালেবান ক্ষমতা দখল করায় আফগানিস্তানে যে সংকটময় পরিস্থিতির উদ্ভব হয়েছে, তার সঙ্গে আফগান বোর্ড ও খেলোয়াড়দের মানিয়ে নেওয়া সহজ হবে না বলেই মনে করেন সেই সূত্র, ‘দেশ এবং বোর্ডের পতাকা, বোর্ডের অর্থনৈতিক বিষয়াদি সামলানো, টিম ম্যানেজমেন্ট—এসবই এখন প্রশ্নের মুখে। তালেবান মদদপুষ্ট ব্যবস্থাপনা বোর্ড এ মুহূর্তে আফগানিস্তান ক্রিকেট দলে গ্রহণযোগ্য হবে না। কাবুলে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের নিশ্চয়তা দেওয়া যায় না। মনে রাখতে হবে, এটা কিন্তু প্রতিপক্ষের মাঠে আয়োজিত সিরিজ নয়, আফগানিস্তান এ সিরিজের আয়োজক। তাই শ্রীলঙ্কায় সিরিজ আয়োজনের আগে বেশ কিছু বাধা টপকাতে হবে আফগানিস্তানকে।’
পিসিবিও এই সিরিজ নিয়ে সেভাবে এগোচ্ছে না। সাধারণ পরিস্থিতিতে, এরই মধ্যে শ্রীলঙ্কাগামী চার্টার্ড বিমানের ভাড়া পরিশোধ করে রাখত পিসিবি। কিন্তু পিসিবি তা এখনো করেনি। পিসিবি অফিশিয়াল বলেছেন, ‘এখনো কিছুই নিশ্চিত নয়। ক্যাম্প কবে শুরু হবে কিংবা সম্ভাব্য তারিখও ঠিক হয়নি। আপাতত যেটা নিশ্চিত করতে পারি, আফগানিস্তান সিরিজে বিশ্রাম চেয়েছেন চার ক্রিকেটার—সেটা তাদের প্রাপ্যও। সিরিজ মাঠে গড়ালে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি ও হাসান আলীকে পাওয়া যাবে না।’
ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে দেশে ফিরবে পাকিস্তান দল। এরপর রয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ, যা শুরু হওয়ার কথা ১৭ সেপ্টেম্বর থেকে। এই সিরিজ নিয়ে এর আগে নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম জানিয়েছে, আফগানিস্তানে উদ্ভূত পরিস্থিতির কারণে পাকিস্তানে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে খেলোয়াড়েরা শঙ্কায় থাকায় সফর অনিশ্চিত।
প্রতিবেদনে বলা হয়, নিউজিল্যান্ড দলের নিরাপত্তা উপদেষ্টা রেগ ডিকেসন এ মাসের শেষ দিকে পাকিস্তানে যাবেন নিরাপত্তা পরিস্থিতি দেখতে। এদিকে পিসিবির পক্ষ থেকে বলা হচ্ছে, আঞ্চলিক রাজনীতিতে কোনো পরিস্থিতির উদ্ভব ঘটলে তার সঙ্গে এই সফর কিংবা সূচির কোনো সম্পর্ক নেই।
এদিকে অক্টোবরে পাকিস্তান সফরে যাওয়ার কথা ইংল্যান্ডের ছেলে ও মেয়েদের ক্রিকেট দলের। ডিকেসন ইসিবিরও নিরাপত্তা উপদেষ্টা। পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি দেখে তিনি ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও (ইসিবি) তাঁর মূল্যায়নপত্র জমা দেবেন। ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন এর আগেই জানিয়েছে, পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করবে ইসিবি।
তবে পিসিবি এসব বিষয়কে সিরিজ অনুষ্ঠিত হওয়ার পথে বাধা হিসেবে দেখছে না। নিরাপত্তাপ্রক্রিয়াকে সিরিজের অংশ বলেই মনে করছে পাকিস্তানের বোর্ড (পিসিবি)।