তালেবানের হাতেও এখন ব্যাট-বল

ক্রিকেট তাঁদের কোত্থেকে কোথায় এনে তুলেছে! দিয়েছে কত সম্মান। খুরাসান বা পেশোয়ারের শরণার্থী শিবিরে ধুলোময় মাঠ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে লর্ডসে পা রেখে কি একটু স্মৃতিকাতর হয়ে পড়েছিলেন নবী-স্টানিকজাইরা? ছবির মতো মাঠ। সাজানো-গোছানো পরিপাটি উইকেট। ক্রিকেটের ‘মক্কা’খ্যাত লর্ডসে গত মঙ্গলবার প্রথম খেলল আফগানিস্তান।
ক্রিকেটের বিখ্যাত অনেক ভেন্যুতেই সামনের দিনগুলোয় খেলবে আফগানিস্তান। সেটিও স্বপ্নের সাদা পোশাকে। গত মাসেই আইসিসির পূর্ণ সদস্য হয়েছে তারা। তবে প্রথমবারের মতো লর্ডসে খেলার দিনে নিজেদের উঠে আসার গল্প মোহাম্মদ নবী, আসগর স্টানিকজাইদের মনে না পড়ে পারেই না! খুরাসানের ধূলিধূসর সেই শরণার্থী শিবির। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের সীমান্ত পেরিয়ে পাকিস্তানে আসা কিশোরেরা খালি পায়ে ধুলোময় মাঠে খেলত ক্রিকেট। সেখানে ছিল না উইকেট। হেলমেট, গ্লাভস বা অন্য কোনো সরঞ্জামাদি থাকার তো প্রশ্নই আসে না।
সীমান্ত শহর পেশোয়ারে শরণার্থী হিসেবে আফগানদের আগমন প্রায় ৪০ বছর আগে। বলতে গেলে পাকিস্তানে পা রেখেই ক্রিকেট-জ্বরে আক্রান্ত তারা। ৩৫ বছর বয়সী আবদুল ওয়াহিদ পাকিস্তানে আফগান শরণার্থীদের একজন। ক্রিকেটে আফগানদের আজকের এই অবস্থার জন্য পাকিস্তানকেই কৃতিত্ব দেন কুনার প্রদেশের এই অধিবাসী, ‘ক্রিকেট আমরা এখানেই শিখেছি। আর এটা আমরা আফগানিস্তানে নিয়ে গেছি। আফগানিস্তান এখন বিশ্বমানের ক্রিকেট খেলে।’
ওয়াহিদ আফগানিস্তান জাতীয় দলে কখনো সুযোগ পাননি। তবু জীবনটা তাঁর বদলে গেছে। ছোটবেলা কেটেছে পাকিস্তানের সমর্থনে গলা ফাটিয়ে। আর এখন নিজের দেশের জন্য হাততালি দেন। বর্তমানে শরণার্থীদের কোচ হিসেবে কাজ করা ওয়াহিদ ছোটবেলার স্মৃতি হাতড়ে বললেন, সেই সময়ে তাঁরা শরণার্থী শিবিরে টেনিস বলে ক্রিকেট খেলতেন। শিবিরের সেরা খেলোয়াড়েরা যেত পেশোয়ারের একাডেমিতে। আর সেখানেই তাদের ক্রিকেট বলের সঙ্গে প্রথম পরিচয় হতো।
তবে আফগানদের ছিল ক্রিকেটার হওয়ার তীব্র ইচ্ছা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোচ ফরিদউল্লাহ শাহ তুলে ধরেছেন আফগানদের সেসব গল্প, ‘বিকেল পর্যন্ত ওরা মজুরের কাজ করত। এরপর এখানে ক্রিকেট খেলতে আসত...। আফগানিস্তানের খেলোয়াড়দের দলটিকে সবাই ‘টিম অব চিকেনস’ বলে ডাকত। ওদের বেশির ভাগই পেশোয়ারে মুরগি সরবরাহ করে জীবিকা নির্বাহ করত বলেই এই নাম দেওয়া হয়েছিল।’ ফরিদউদ্দিন বলে যান, ‘ওদের আগ্রহ ছিল তীব্র...আমাদের খেলোয়াড়দের চেয়ে বেশি। এটাই ওদের সাফল্যের রহস্য।’
আফগানিস্তানের খেলোয়াড়েরা বেশ কষ্টসহিষ্ণুও। শাপুর জাদরানের মতো আফগান তারকা ক্রিকেটারদের অনেকেই উঠে এসেছেন শরণার্থী শিবির থেকে। ক্রিকেটের জন্য খাবারের কষ্টও তাঁদের সইতে হয়েছে। প্রথম শ্রেণির সাবেক ক্রিকেটার ও ইসলামিয়া ক্রিকেট একাডেমির নির্বাচক কাজী শফিক সবাইকে মনে করিয়ে দিয়েছেন সেই কষ্টের দিনগুলোর কথা, ‘আমি তার নাম বলব না। তবে সে আফগানিস্তানের জাতীয় দলে খেলে। সে আমাকে বলেছিল এখানে আসতে টাকা ধার করতে হয়েছে তাকে...এখানে সে ১০ রুপির এক প্যাকেট বিস্কুট খেয়ে পুরো দিন কাটিয়ে দিত।’
দীর্ঘ তালেবান শাসন আফগানিস্তানকে করে দিয়েছিল এলোমেলো। খেলাধুলা সেখানে ছিল নিষিদ্ধ। তালেবানের চোখে খেলাধুলা যে ধর্ম থেকে দৃষ্টি সরিয়ে দেয়! কিন্তু গৃহযুদ্ধ ও তালেবান শাসনের দাগ মুছে ধীরে ধীরে বেরিয়ে আসছে আফগানিস্তান। এখন অনেক তালেবানও ক্রিকেটে ঝুঁকছে। এক তালেবান কমান্ডারই দিয়েছেন তথ্যটি, ‘অনেক তালেবানই রেডিওতে ক্রিকেট খেলা শোনে। শুধু তা-ই নয়, অবসরে তারা ক্রিকেটও খেলে।’
নবী-স্টানিকজাইরা শুধু সফল ক্রিকেটারই নন, সত্যিকারের বিপ্লবীও। এএফপি।