তাসকিন-আল আমিনের দুরকম লক্ষ্য

বিশ্বকাপ যখন অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডে, উপমহাদেশীয় দেশগুলোর জন্য ‘কন্ডিশন’ই বড় ‘শত্রু’ হবে সন্দেহ নেই। কিন্তু বিরুদ্ধ পরিবেশে খেলার ব্যাপারেও বাংলাদেশের বোলাররা দারুন নির্ভীক। এর আগে দুই বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম-আরাফাত সানি পেস বোলিং উইকেটেও সফল হওয়ার স্বপ্নের কথা জানিয়েছেন। আল আমিন-তাসকিন আহমেদ কাল সেই স্বপ্নকে বাড়িয়ে দিলেন আরও।
আল আমিন-তাসকিন পেসার। বিশ্বকাপের উইকেটে ভালো কিছু করে ফেলার স্বপ্ন তারা দেখতেই পারেন। অস্ট্রেলিয়া তাদের স্বপ্নপূরণেরই তো জায়গা! তবে শুধু উইকেট গতিময় আর বাউন্সি হলেই কি পেসারদের বল বাড়তি গতি আর বাউন্স পেয়ে যাবে? উইকেট থেকে সেগুলো আদায় করে নেওয়ার ব্যাপারও তো আছে। কাল অনুশীলন বিরতির সংবাদ সম্মেলনে এসে আল আমিন, তাসকিন দুজনই অবশ্য বোঝাতে চাইলেন, গতি আর বাউন্সেই সব হবে না। অস্ট্রেলিয়া–নিউজিল্যান্ডেও আসল কাজ হবে ভালো জায়গায় বল ফেলা।

আল আমিন: বিগ ব্যাশ, অস্ট্রেলিয়া-ভারত সিরিজের খেলা দেখে মনে হলো, শুধু পেস থাকলেই হবে না। কারণ আমি যদি ১৫০ বা ১৫০ কিলোমিটারের বেশি গতিতেও বল করি, অফ স্টাম্পের বাইরে করলে ব্যাটসম্যান কাট খেলে ফেলবে। তার চেয়ে ১৩০-এও যদি স্টাম্পে বল করি, সুইং করাই, সহজে উইকেট নেওয়া যাবে।
তাসকিন আহমেদ: সবাই বলছে উইকেট বাউন্সি হবে। কিন্তু আমার মনে হয় ভালো জায়গায় বল ফেলাটাই আসল। আমরা সবাই টিভিতে বিগ ব্যাশ দেখছি, ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট দেখেছি। দেখলাম ভালো জায়গায় বল না করলে ব্যাটসম্যান সহজভাবে খেলতে পারছে। আমাদের ভালো জায়গায় বল করতে হবে। মৌলিক কাজগুলো ঠিকভাবে করতে হবে।
অস্ট্রেলিয়ান উইকেটকে বশে আনতে এই হলো আল আমিন-তাসকিনের পরিকল্পনা। দুজনেরই বোলিংয়ের যা ধরন, তাতে এমন পরিকল্পনা সফল হতেই পারে। অনুশীলনে এ নিয়ে তাঁরা কাজও করছেন। পেসসহায়ক উইকেট পেলে ইনসুইংটা এমনিই পেয়ে যায় তাসকিনের বল। কাজ করছেন আউটসুইং আর বোলিং বৈচিত্র্য নিয়েও। ‘বর্তমান যুগে শুধু জোরে বল করে কিছু হয় না। জোরের সঙ্গে আমার লাইন, লেংথ, বৈচিত্র্য ঠিক থাকলে ইনশা আল্লাহ ভালো কিছু হবে’—বলছিলেন তাসকিন। আল আমিন জানালেন, ‘ইনসুইং করতে করতে হঠাৎ একটা আউটসুইং দিয়ে দেওয়া, ওটা আমার শক্তির জায়গা। ওগুলো নিয়ে কাজ করছি।’ আল আমিনের ‘সিলেবাসে’ আরও আছে ওয়াইড ইয়র্কার আর বাউন্সার, ‘লেগ কাটার আমার আরেকটা শক্তির জায়গা, বিশেষ করে পাওয়ার প্লে বা স্লগ ওভারে যখন বল করি। তবে যেটা শক্তি সেটা নিয়ে কমই কাজ করতে হয়। ওয়াইড ইয়র্কার, বাউন্সার এগুলো নিয়েই বেশি কাজ করছি।’
২০১২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ায় খেলার অভিজ্ঞতা হয়েছিল তাসকিনের। সেখানকার উইকেট সম্পর্কে প্রথম ধারণাটা পেয়েছেন তখনই। বড়দের বিশ্বকাপে অস্ট্রেলিয়ায় গিয়ে বল করার আগে তাই বুক খুব বেশি কাঁপছে না। তাসকিন ভালো করেই জানেন, অস্ট্রেলিয়ার উইকেটের আচরণ। ভালো জায়গায় বল করে সফল হওয়া যেমন সম্ভব, একটু এদিক-সেদিক হলে মারও খেতে হয়।
তবে এই শঙ্কার মধ্যেও তরুণ এই পেসার বিশ্বকাপ নিয়ে রোমাঞ্চিত। বিশ্বকাপে তাসকিন যাচ্ছেন বড় লক্ষ্য নিয়েই, ‘যদি সুযোগ হয় চেষ্টা করব সর্বস্ব দিয়ে ভালো কিছু করার এবং আলোচনার বিষয়ে পরিণত হওয়ার। সবাই যেন বলে বাংলাদেশের এই ফাস্ট বোলারটা ভালো কিছু করেছে।’ সেই ‘ভালো’ কিছুটা কী হতে পারে, তার একটা আভাসও দিলেন তাসকিন, ‘চেষ্টা করব সর্বোচ্চ ১০ উইকেটশিকারির মধ্যে থাকতে।’ এমন স্বপ্নপূরণকে অসম্ভব মনে করেন না আল আমিন। তবে তাঁর ধারণা, সেরা ১০ বোলারের মধ্যে থাকতে হলে দলকে উঠতে হবে ফাইনালে। অত দূর না ভেবে তিনি আপাতত লক্ষ্য স্থির করছেন প্রথম পর্বেরই, ‘আমার লক্ষ্য প্রথম পর্বের ছয়টা ম্যাচ খেলতে পারলে ১২ থেকে ১৫টা উইকেট নেওয়া।’
তাসকিন-আল আমিনদের স্বপ্নপূরণ হলে বাস্তব হতে পারে বিশ্বকাপে বাংলাদেশ দলের ভালো কিছু করার স্বপ্নও।