
তিনি দলে নেই, তবে দলের সঙ্গেই আছেন। যে দলের অপরিহার্য অংশ হয়ে ছিলেন এত দিন, সেই সম্পর্ক তো এখনই শেষ হওয়ার নয়! জাতীয় দল আর ঘরোয়া ক্রিকেট মিলিয়ে বিশ্বকাপ দলের সবাইকে দেখেছেন খুব কাছ থেকে। বাংলাদেশের বিশ্বকাপ দলের ১৫ ক্রিকেটারকে নিয়ে আবদুর রাজ্জাকের ধারাবাহিক লেখা
একটা দিক থেকে তাসকিন খুবই ভাগ্যবান। স্বীকৃত বড় কোনো পর্যায়ে খেলার আগে থেকেই সবাই ওকে চিনত, জানত। সেই পরিচিতিটা হাওয়ায় উড়ে পাওয়া নয়, যোগ্যতাবলেই পেয়েছিল। উচ্চতা-শারীরিক গঠন ভালো, সঙ্গে সহজাত গতি। গতি ব্যাপারটাই রোমাঞ্চকর। বিশেষ করে আমাদের জন্য, খুব গতিময় পেসার পাই আমরা কালেভদ্রে। উঠে আসার সময় থেকেই তাই আলাদা করে নজর কেড়েছিল ও। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলার পর তো অনেকেই আরও ভালো করে চিনল। তা ছাড়া জাতীয় দলের নেটেও নিয়মিত আনা হতো ওকে। সব মিলিয়ে আমরা জানতাম যে দারুণ একজন পেসার উঠে আসছে।
আমি অবশ্য সেই সময় ওকে সবচেয়ে বেশি দেখতে পেতাম দৌড়াতে! বয়স কম, শরীর অতটা পোক্ত নয়। গতিময় পেসার, ছোটখাটো চোট-টোট তাই থাকবেই। তাসকিন খুব মন দিয়ে রিহ্যাব করত। মাঠে দেখতাম দৌড়াতে, একাডেমিতেও দেখা হতো। কথা হতো টুকটাক। ম্যাচে প্রথমবার বোলিং করতে দেখলাম ২০১১ সালের জাতীয় লিগে। আমাদের খুলনার বিপক্ষে খেলেছিল ঢাকা মেট্রোর হয়ে। একদমই বাচ্চা তখনো, কিন্তু গতি দিয়ে ভুগিয়েছিল আমাদের ব্যাটসম্যানদের। ওর নাম আস্তে আস্তে ছড়িয়ে পড়ল, সবাই চিনতে শুরু করল। আমার প্রথম দেখাতেই মনে হয়েছে, ছেলেটি দারুণ। সহজাত প্রতিভা আর শারীরিক গঠন মিলিয়ে খুব ভালো একজন ফাস্ট বোলার হওয়ার সব উপাদানই আছে। শুধু ফিট রাখতে হবে নিজেকে!
সেই তাসকিন পরে আবার গতি দিয়ে চমকে দিল আরও বড় মঞ্চে। বলছি গত টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা। মাশরাফি চোট পাওয়ার পর তাসকিনকে আনা হলো। একটিই মাত্র ম্যাচ খেলেছে, কিন্তু অস্ট্রেলিয়ানদের চমকে দিয়েছিল। আমার ধারণা, অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা ভাবতেও পারেনি বাংলাদেশের একজন পেসার অমন গতিতে আর আক্রমণাত্মক বোলিং করতে পারে। কদিন পর তো ওয়ানডে অভিষেকে আরও কাঁপিয়ে দিল। মিরপুরে সেদিন উইকেট-কন্ডিশন পক্ষে ছিল বটে, ভারতেরও সেটি প্রথম সারির দল ছিল না। কিন্তু অভিষেকে একজন তরুণ পেসারের অমন দুর্দান্ত বোলিং কোনোভাবেই খাটো করে দেখা যায় না। গতির সঙ্গে বিষাক্ত সুইং মিলিয়ে সেদিন নাভিশ্বাস তুলে ছেড়েছিল ভারতীয় ব্যাটসম্যানদের।

সত্যি বলতে, আন্তর্জাতিক ক্রিকেটে এখনো ওর হাঁটি হাঁটি পা পা। কিন্তু ওর কাছে প্রত্যাশাও জমতে শুরু করেছে, দল ও দেশের দাবি উঠতে শুরু করেছে। সেটাও স্বাভাবিক। কেউ একজন শুরু থেকেই ভালো করতে থাকলে প্রত্যাশা বাড়তে থাকবেই। আর আমাদের মতো দল যেখানে খুব ভালো তরুণ পেসার সব সময় পায় না। আমি তাসকিনকে বলব, এটিকে চাপ হিসেবে না নিয়ে অনুপ্রেরণা বানাতে। সবাই ওর কথা আলাদা করে বলছে, ওর কাছে কিছু চাইছে মানে দ্রুতই নিজের একটি জায়গা সে করে নিতে পেরেছে। এটি একটি সুযোগ, সম্ভাবনা। কাজে লাগানোর সামর্থ্যও ওর আছে।
ক্যারিয়ারের শুরুতেই অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে বিশ্বকাপ খেলার সুযোগ যেকোনো পেসারের জন্য বড় পাওয়া। সন্দেহ নেই তাসকিনও খুব রোমাঞ্চিত। আমি ওকে বলব যেন ‘ওভার এক্সাইটেড’ না হয়ে যায়। এটা দুইভাবে হতে পারে। উপলক্ষটা এত বিশাল, এত বড় টুর্নামেন্ট এসব ভেবে চাপ নিয়ে ফেলতে পারে। আবার মনের মতো উইকেট-কন্ডিশন পেয়ে দারুণ কিছু করার আশায় খুব বেশি চেষ্টা করতে গিয়ে গড়বড় পাকিয়ে ফেলতে পারে। এ জন্যই আমি ওকে বলব চাপ না নিয়ে একদম ফুরফুরে মেজাজে খেলতে। এখনো ওর শেখার সময়, শিখতে থাকুক। অতি উত্তেজিত না হয়ে নিজের কাজটা ঠিকঠাক করে গেলে এমনিতেই সফল হবে।
তাসকিন এমনিতে বেশ পরিশ্রমী। যেকোনো পেসারের জন্য যেটি অপরিহার্য। নিয়মিত অনুশীলনে থাকে। ওয়েস্ট ইন্ডিজ থেকে ফেরার পর ওর চোট ছিল, আমারও হ্যামস্ট্রিং চোট তখন। একসঙ্গেই রিহ্যাব করেছি। দেখতাম যেদিন ওর কিছু করার নেই, সেদিনও মাঠে আসত। কিছু না-কিছু করে। ওর আরেকটা ব্যাপার খুব ভালো লাগে আমার। চোখে অনেক স্বপ্ন! এমনিতে প্রায় সবাই হয়তো বড় স্বপ্নই দেখে। কিন্তু তাসকিনের মধ্যে তাড়নাটা তীব্র। সবাইকেই বলে, আমাকেও বেশ কবার বলেছে, ‘রাজ ভাই, এটা করতে চাই, ওটা করতে চাই, অত দূর যেতে চাই।’
স্বপ্ন আকাশের সমান। তবে মাত্রই তো পথচলার শুরু। এই বিশ্বকাপটা হতে পারে সেটির পথে অল্প কটি পদক্ষেপ। খুব বেশি দূর না তাকিয়ে তাসকিন খেলুক মনের আনন্দে, উপভোগ করুক।