বাংলাদেশকে ম্যাচে ফেরালেন তাসকিন

৬৯ রানে দুই ওপেনার আউটের পর কেন উইলিয়ামসন-রস টেলরের তৃতীয় উইকেট জুটি হুমকি হয়ে দাঁড়ায় বাংলাদেশের সামনে। ৫৭ রান করা উইলিয়ামসনকে রান আউট করার পরও ম্যাচে ফেরেনি বাংলাদেশ। রস টেলরকে আউট করে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছেন তাসকিন আহমেদ। ৪০ ওভার শেষে কিউইদের স্কোর দাঁড়িয়েছে ৪ উইকেটে ২০৩ রান।
কার্ডিফে আজ বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ যেন ডাবলিনের সেই ম্যাচের চিত্রনাট্য মেনে এগোচ্ছে! আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৩৯ ওভার শেষে নিউজিল্যান্ডের রান ছিল ৪ উইকেটে ২১৭। ম্যাচটা বাংলাদেশ শেষ পর্যন্ত জিতেছিল ৫ উইকেটে। আজও কি ম্যাচের সমাপ্তিতে মিল থাকবে?
মার্টিন গাপটিল-লুক রনকির ওপেনিং জুটি ভালো শুরু এনে দিয়েছে টস জিতে ব্যাটিং করা নিউজিল্যান্ডকে। কিউইদের ওপেনিং জুটি তুলেছে ৪৬ রান। তাসকিন আহমেদকে উড়িয়ে মারতে গিয়ে মিড অনে মোস্তাফিজুর রহমানের সহজ ক্যাচ হওয়ার আগে রনকি করেছেন ১৬ রান। একটু পরে ফিরেছেন গাপটিলও। রুবেলের বলে এলবিডব্লিউ হওয়ার আগে কিউই ওপেনারের রান ৩৩। তৃতীয় উইকেটে ৮৩ রান যোগ করে দলকে বড় স্কোরের স্বপ্ন দেখিয়েছেন উইলিয়ামসন-রস টেলর।
মোসাদ্দেক হোসেনের থ্রোয়ে সাকিব আল হাসানের হাতে রান আউট হওয়ার আগে উইলিয়ামসন করেছেন ৫৭ রান। ‘রান আউট রোগে’ পেয়েছে কিউই অধিনায়ককে। এ নিয়ে সর্বশেষ চার ওয়ানডের তিনটিতে রান আউটে কাটা পড়েছেন দুর্দান্ত ছন্দে থাকা উইলিয়ামসন। বাংলাদেশকে ভোগাতে উইকেটে থাকা টেলরকে (৬৩) আবারও মোস্তাফিজের ক্যাচ বানিয়ে ফেরান তাসকিন।
চ্যাম্পিয়নস ট্রফিতে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে আজ দুই দলকে জিততে হবে এই ম্যাচে। বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড তাদের একাদশে কোনো পরিবর্তন আনেনি। তবে বাংলাদেশ দলে এসেছে দুটি পরিবর্তন। এক ম্যাচ বিরতি দিয়ে দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন। আর চ্যাম্পিয়নস ট্রফিতে প্রথমবারের মতো খেলতে নেমেছেন তাসকিন। রনকিকে ফিরিয়ে ২২ বছর বয়সী পেসারের চ্যাম্পিয়নস ট্রফি-অধ্যায়ের শুরুটাও হয়েছে দারুণ।