তাসকিন ব্যাটসম্যান হয়ে ওঠাতেই রক্ষা আবাহনীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাটসম্যান হয়ে উঠেছিলেন তাসকিন! ছবি: শামসুল হক।
ব্যাটসম্যান হয়ে উঠেছিলেন তাসকিন! ছবি: শামসুল হক।

ব্যাট হাতে শীর্ষ ব্যাটসম্যানদের ব্যর্থতা দেখেই বুঝি ‘ব্যাটসম্যান’ হয়ে ওঠার ইচ্ছা জাগল তাসকিন আহমেদের। মোহামেডানের দিকে মোটামুটি চ্যালেঞ্জ ছুড়ে দিতে আবাহনীরও উপায় ছিল না, যদি না নিচের দিকে কেউ কিছু একটা করে। অবশেষে নয়ে নামা তাসকিনের ব্যাটের এল দ্বিতীয় সর্বোচ্চ ৩৮। আবুল হাসানকে সঙ্গী করে তিনি গড়লেন ৫১ রানের একটা জুটি। 

এই জুটি গড়েছেন বলেই আবাহনীর সম্মান না একটু রক্ষা হলো। ১১৭ রানে ৭ উইকেট পড়ে যাওয়ার পর নেমে তাসকিন বেশ মেরেই খেললেন। ৪৯ বলের ইনিংসটাতে আছে ​৩টি চার ও এক ছক্কা। ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে শেষ পর্যন্ত সব উইকেট হারিয়ে ১৮৩ রান করেছে আবাহনী। ক্যারিয়ার সেরা ইনিংস খেলে অপরাজিত ছিলেন তাসকিন। তবে তাঁর আসল যে কাজ, এবার সেই বল হাতে জ্বলে ওঠাটাই বেশি করে চাইবে আবাহনী।

আবাহনীর আরও একটি উইকেট পড়ল। মোহামেডান খেলোয়াড়দের উল্লাস। ছবি: শামসুল হক।
আবাহনীর আরও একটি উইকেট পড়ল। মোহামেডান খেলোয়াড়দের উল্লাস। ছবি: শামসুল হক।

সকালে টসে হেরে ব্যাট করতে নেমেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল আবাহনী। দলীয় ২০ রানের মধ্যেই সাজঘরে ফিরে যান অধিনায়ক তামিম ইকবাল, লিটন দাস ও অভিষেক মিত্র। দলের শীর্ষ ৩ ব্যাটসম্যানকে অল্পতেই হারিয়ে ফেলার ধাক্কাটা সামাল দেওয়ার চেষ্টা করেন আইপিএল-অভিজ্ঞ ভারতীয় ব্যাটসম্যান মানবিন্দর বিসলা ও নাজমুল হোসেন শান্ত। কিন্তু বিসলা ২৩ রান করে সাজঘরে ফিরলে তাঁদের সম্ভাবনাময় জুটির ইতি ঘটে ৪১ রানেই।
বিসলার বিদায়ের পর নাজমুল হোসেন শান্ত মোসাদ্দেক হোসেনকে নিয়ে আরও একটি জুটি গড়ার চেষ্টা করেন। কিন্তু নাজমুল ৪২ রান করে আউট হলে এই জুটির যবনিকা ঘটে ৩৮ রানেই। নাজমুলের ৪২ রানে ছিল ৫টি চারের মার। একটু পরে মোসাদ্দেকও সাজঘরের দিকে হাঁটেন ২৭ রান করে। দেড় শ রানই যখন অনেক দূরের মনে হচ্ছিল ঠিক কখনই হাল ধরেন আবুল আর তাসকিন।
মোহামেডানের পক্ষে সেরা বোলার ছিলেন শুভাশিস রায়। তিনি ৩৪ রানে নিয়েছেন ৩ উইকেট। এ ছাড়া দুটি করে উইকেট নিয়েছেন হাবিবুর রহমান ও নাঈম ইসলাম জুনিয়র। সিনিয়র নাঈম ইসলাম ও এনামুল হক জুনিয়র তুলে নিয়েছেন একটি করে উইকেট।