তাসকিন-সানির পরীক্ষা অস্ট্রেলিয়ায়
বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটির পরীক্ষায় সন্তোষজনক মনে হয়েছে দুজনের বোলিং অ্যাকশনই। হাইপারফরম্যান্স ইউনিটের (এইচপি) বিশেষজ্ঞ কোচ হিসেবে কাজ করতে আসা আকিব জাভেদও বলে গেছেন, তাসকিন আহমেদের অ্যাকশন সন্দেহমুক্ত। আরাফাত সানির ক্ষেত্রে একই ধারনা জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও এইচপির স্পিন বিশেষজ্ঞ ভেঙ্কটপতি রাজুর। পেসার তাসকিনের সঙ্গে অ্যাকশনের পরীক্ষা দিতে প্রস্তুত এই বাঁহাতি স্পিনারও।
বাংলাদেশ দলের এই দুই বোলারই তাই আগামী ৬ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বেন। আইসিসি অনুমোদিত ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারের গবেষণাগারে তাঁদের অ্যাকশনের পরীক্ষা হবে ৮ সেপ্টেম্বর। তাসকিন ও সানির অ্যাকশন পরীক্ষার জন্য বিসিবি প্রথমে যোগাযোগ করেছিল ইংল্যান্ডের কার্ডিফ মেট্রোপলিটান ইউনিভার্সিটির গবেষণাগারে। আইসিসি অনুমোদিত বোলিং অ্যাকশন গবেষণাগারগুলোর মধ্যে এটিই সবচেয়ে পুরোনো। কিন্তু বিসিবির প্রত্যাশিত সময়ে তারা অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেনি বলে দুই বোলারকে পাঠানো হচ্ছে ব্রিসবেনে। ভারতে অনুষ্ঠিত গত টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রশ্নবিদ্ধ হয় তাসকিন ও সানির বোলিং অ্যাকশন। চেন্নাইয়ের শ্রীরামাচন্দ্র বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে দুজনের ক্ষেত্রেই আম্পায়ারদের সন্দেহ সত্যি প্রমাণিত হয়।
পরীক্ষা দেওয়ার ১৪ থেকে ২১ দিনের মধ্যে ফল জানাবে ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টার। তাসকিন ও সানির বোলিং নিষেধাজ্ঞা ওঠা নির্ভর করছে সেই ফলের ওপর। অ্যাকশন বৈধ প্রমাণিত হলে বোলিং করতে আর বাধা থাকবে না তাঁদের। কিন্তু আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে আবারও অ্যাকশনে ত্রুটি ধরা পড়লে পরবর্তী এক বছরের মধ্যে পরীক্ষাও দিতে পারবেন না দুজনের কেউই।
গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অবৈধ অ্যাকশনের দায়ে বোলিং নিষেধাজ্ঞায় পড়া সানজিত সাহাকেও ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে হলে আইসিসি অনুমোদিত গবেষণাগার থেকে ছাড়পত্র নিতে হবে। কিন্তু তাঁর পরীক্ষার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বিসিবির ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ম্যানেজার নাজমুল আবেদীন, ‘বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটি ওর অ্যাকশনকে সন্দেহমুক্ত ঘোষণা করেছে। তবে আমরা আরেকটু নিশ্চিত হয়ে ওকে পরীক্ষায় পাঠানোর সিদ্ধান্ত নেব।’