তাসকিনকে কী পরামর্শ দিলেন ওয়াকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্রেসিংরুমের সামনে ওয়াকার ইউনিসকে নিজের সমস্যাটা খুলে বললেন তাসকিন আহমেদ। ছবি: শামসুল হক
ড্রেসিংরুমের সামনে ওয়াকার ইউনিসকে নিজের সমস্যাটা খুলে বললেন তাসকিন আহমেদ। ছবি: শামসুল হক

ম্যাচ তখন শেষ। টানা ব্যর্থতার পর অবশেষে জয়ের দেখা পেয়ে সিলেট সিক্সার্সের মেন্টর ওয়াকার ইউনিসের মুখে স্বস্তির হাসি। ড্রেসিংরুমের সামনে পাকিস্তান ক্রিকেট কিংবদন্তির দিকে নিজ থেকেই এগিয়ে গেলেন তাসকিন আহমেদ।

সময়টা ভালো যাচ্ছে না তাসকিনের। বিপিএলে এরই মধ্যে বিদায় নিশ্চিত হয়েছে তাঁর দল চিটাগং ভাইকিংসের। ১০ ম্যাচে ১৩ উইকেট নিয়ে দলের বোলারদের মধ্যে সবচেয়ে সফল হলেও ইকোনমি ৯.৬১ বলে দিচ্ছে, কতটা ব্যয়বহুল ছিলেন তিনি। গত জুনে চ্যাম্পিয়নস ট্রফি থেকে শুরু, এখন পর্যন্ত ছন্দটা ফিরে পাননি তাসকিন। স্বাভাবিকভাবেই ২২ বছর বয়সী পেসারের কপালে চিন্তার ভাঁজ।

ওয়াকারের মতো কিংবদন্তিকে কাছে পেয়ে নিজের সমস্যা খুলে বলেছেন তাসকিন। বাংলাদেশ দলের তরুণ পেসার সন্ধ্যায় মুঠোফোনে বললেন, ‘তিনি বললেন, “তোমাকে আমি ২০১৫ সাল থেকে দেখছি। গত দুই বছর তো ভালোই খেলেছ। এ বছর খুব একটা ভালো যাচ্ছে না। সমস্যাটা কোথায়?” বললাম, দক্ষিণ আফ্রিকা সিরিজটা যখন ভালো যাচ্ছিল না বলের গ্রিফটা পরিবর্তন করেছিলাম। তিনি পরামর্শ দিলেন, খুব বেশি পরিবর্তনের দরকার নেই। তুমি যেভাবে তাসকিন হয়েছ, ঘণ্টায় ১৪৫ কিলোমিটার গতিতে বোলিং করেছ, ওটাই অনুশীলন করো। ওটার ওপরই জোর দাও।’

ওয়াকারের মতো কিংবদন্তির সঙ্গে কথা বললে কতটা উপকৃত হওয়া যায়, সেটিই বলছিলেন তাসকিন, ‘সত্যি বলতে কি, দেশি-বিদেশি কোচের কথায় খুব একটা পার্থক্য থাকে না। ওনারা কিংবদন্তি। তাঁদের যে বিশাল অভিজ্ঞতা, সেখান থেকে কিছু শেয়ার করলে অনেক সময় কাজে দেয়। তিনি প্রচুর ম্যাচ খেলেছেন, অনেক উইকেট নিয়েছেন। রিভার্স সুইংয়ের ওস্তাদ বলা যায়! বললেন, তোমাকে যদি একদিন নেটে পেতাম ভালো হতো। আরেকটু দেখতে পারতাম।’