তাসকিনকে নিয়ে আশাবাদী সবাই

ওমর খালেদ ভেবেই পাচ্ছেন না তাসকিন আহমেদের বোলিং অ্যাকশনকে কেন অবৈধ বলা হলো!
এর আগে একদিন মিরপুরের ইনডোরে, কাল বিসিবির একাডেমি মাঠেও এই পেসারের বোলিং ওমর খালেদকে সব সন্দেহের ঊর্ধ্বে নিয়ে গেছে। বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটির সদস্য সাবেক এই লেগ স্পিনার বলে দিলেন, ‘খালি চোখে যা দেখেছি, মনে হচ্ছে একদম পারফেক্ট। কোনো সমস্যা নেই। আগে যেমন দেখেছি, তখনো সমস্যা মনে হয়নি। জানি না কেন সন্দেহ করা হয়েছিল ওকে! বাউন্সারে সমস্যা ছিল বলা হচ্ছে, আজ (গতকাল) দেখলাম নির্মল, একেবারে সুন্দর। কোনো সমস্যা দেখছি না। মাঠে নামলেও কোনো সমস্যা থাকবে বলে মনে হয় না।’
অবশ্য সাদাচোখের দেখা আর ভিডিও ফুটেজ সফটওয়্যারে ফেলে হাতের বাঁকের ডিগ্রি মাপা ভিন্ন ব্যাপার। যা সাদাচোখে ধরা পড়ে না, তা সেখানে ধরা পড়ে বলেই তো এত পরীক্ষা-নিরীক্ষা! চারটি ক্যামেরায় ধারণ করা তাসকিনের বোলিংয়ের ফুটেজ এখন সফটওয়্যারের মাধ্যমে বিশ্লেষণ করে দেখা হবে। উন্নতিটা সন্তোষজনক মনে হলেই কেবল আইসিসির অনুমোদিত পরীক্ষাগারে অ্যাকশন পরীক্ষার জন্য পাঠানো হবে তাঁকে। তবে ফুটেজ বিশ্লেষণে কিছুটা সময় লাগবে বলে সেটাও সেপ্টেম্বরের আগে সম্ভব নয়।
তাসকিন অবশ্য বেশ আশাবাদী যে তিনি দ্রুতই পরীক্ষার জন্য তৈরি হয়ে যাবেন। স্লোয়ার, বাউন্সার, গুড লেংথ আর ইয়র্কার—ক্যামেরার সামনে চার রকম বোলিংয়ের চারটি ওভার বল করেছেন। আশার কথা শোনালেন এরপরই, ‘আমি অনেক আত্মবিশ্বাসী। অনেক অভিজ্ঞ লোকজন কাজ করছেন আমার সঙ্গে। তাদের মতামত ও আমার আত্মবিশ্বাস মিলিয়ে এখন পর্যন্ত আমি বেশ সন্তুষ্ট। শেষবার দেখে তাঁরা বলেছিলেন অ্যাকশনে অনেক উন্নতি হয়েছে। আজকের (গতকাল) ভিডিওতে যদি আরও উন্নতি দেখেন, তাহলে আমার আত্মবিশ্বাস আরও বাড়বে। উন্নতির ধারা ধরে রাখতে পারলে আশা করি অল্প সময়ের মধ্যেই পরীক্ষার জন্য যেতে পারব।’
ওমর খালেদ আর তাসকিনের মতো সাদাচোখের দেখায় আশাবাদী বিসিবির এমআইএস ম্যানেজার এবং জাতীয় দলের কম্পিউটার বিশ্লেষক নাসির আহমেদও। তবে তিনি মনে করিয়ে দিলেন, চার ক্যামেরার পরীক্ষা আর আইসিসির গবেষণাগারের জটিল পরীক্ষার মধ্যে় যথেষ্ট পার্থক্য আছে, ‘এখানে কিছু কারিগরি ব্যাপার আছে। আমরা টুডি ক্যামেরায় দেখছি, ওখানে আইসিসি দেখবে থ্রিডি ক্যামেরায়। কাজেই শতভাগ সঠিক ধারণা করা যাবে না। তবে কতটুকু উন্নতি হয়েছে সেটা আমরা ধরতে পারব।’ ফুটেজ বিশ্লেষণের পর প্রয়োজনে আসল পরীক্ষায় যাওয়ার আগে আবারও পরীক্ষা করে দেখা হবে তাসকিনের বোলিং অ্যাকশন।
কাল তাসকিনের সঙ্গে ক্যামেরার সামনে বোলিং করার কথা ছিল গত টি-টোয়েন্টি বিশ্বকাপে চাকিংয়ের অভিযোগে অভিযুক্ত আরেক বোলার আরাফাত সানিরও। তবে ডান কাঁধের কাছে ছোট একটা অস্ত্রোপচার হওয়ায় পরীক্ষা দিতে পারেননি তিনি। বাঁহাতি এই স্পিনারের অ্যাকশন পরীক্ষা করা হবে আগামী বুধবার।
বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটি এর আগে ফুটেজ নিয়েছে প্রিমিয়ার লিগে সন্দেহজনক অ্যাকশনের অভিযোগে অভিযুক্ত ৯ বোলারের বোলিংয়েরও। বর্তমানে তাঁদের ফুটেজ বিশ্লেষণের কাজ চলছে। একটি সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত যে পাঁচ বোলারের ফুটেজ বিশ্লেষণ করা হয়েছে, তার মধ্যে সমস্যা ধরা পড়েছে তিনজনের অ্যাকশনে।