তাসকিনকে নিয়ে ধূম্রজাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের মতামতটা সংবাদমাধ্যমেই দিয়ে দিলেন চন্ডিকা হাথুরুসিংহে। তাসকিন আহমেদকে এখনই টেস্ট খেলতে দিতে চান না কোচ। কাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তাসকিনকে নিয়ে এক প্রশ্নের জবাবে তাঁর পাল্টা প্রশ্ন, ‘ও কি কখনো চার দিনের ক্রিকেট খেলেছে? আপনাদের কি মনে হয়, কেউ একজন সরাসরি মাঠে নেমেই জাদু দেখিয়ে ফেলবে? না।’
হাথুরুসিংহের কথায় ইংল্যান্ড সিরিজেই তাসকিনের টেস্ট অভিষেক না হওয়ার ব্যাপারটি স্পষ্ট হয়ে গেছে। তবে ধূম্রজাল সৃষ্টি হয়েছে অন্য জায়গায়। আজ থেকে শুরু দুই দিনের প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশ দলে তাসকিনকে নেওয়ার সিদ্ধান্তকে নির্বাচকেরা ‘সম্মিলিত’ বললেও কোচের দাবি, এই সিদ্ধান্তে তাঁর সম্পৃক্ততা নেই। কোচ-নির্বাচকদের মধ্যে ব্যবধান দূর করতেই দল নির্বাচনের প্রক্রিয়াটি দ্বিস্তরবিশিষ্ট করেছিল বিসিবি। সেটা তাহলে কাজ করছে না!
দেরিতে হলেও তাসকিনকে প্রস্তুতি ম্যাচের দলে অন্তর্ভুক্ত করার উদ্দেশ্য, দীর্ঘ পরিসরের ক্রিকেটে তাঁর বোলিং ও ফিটনেস দেখা। সেসব সন্তোষজনক হলে অদূর ভবিষ্যতে তাঁকে হয়তো টেস্টের জন্যও বিবেচনা করা হবে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বললেন, ‘দীর্ঘ পরিসরের ক্রিকেটে ও অনেক দিন বল করে না। সে জন্যই দুই দিনের ম্যাচের দলে ওকে নিয়েছি। আমরা চাই সে ধাপে ধাপে এগিয়ে আসুক। এটা কোচ এবং আমাদের মিলিত সিদ্ধান্ত।’
কিন্তু দুপুরে অনুশীলন শেষে পুরো উল্টো কথাই বলেছেন হাথুরুসিংহে। তাসকিন আজকের ম্যাচটি খেলবেন কি না জানতে চাইলে কোচের উত্তর, ‘আমি জানি না। নির্বাচকদের জিজ্ঞেস করুন। বিষয়টির সঙ্গে আমি একেবারেই সম্পৃক্ত নই।’
তাসকিনের কেন এখনই টেস্ট খেলা উচিত নয়, সে ব্যাপারে জোরালো ব্যাখ্যা দিয়েছেন কোচ, ‘কেউ যদি সারা জীবনেও কোনো দিন চার দিনের ম্যাচ না খেলে থাকে, মাঠে চারটি দিন দাঁড়িয়ে থাকা ও ১৫ ওভার বল করা তার জন্য একেবারেই নতুন ব্যাপার হবে। এভাবে আমি কারও ক্যারিয়ার ধ্বংস করতে চাই না।’
তাসকিন একেবারেই চার দিনের ম্যাচ খেলেননি, তা নয়। প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ ম্যাচে ২৪ উইকেট আছে তাঁর। তবে চোট এবং চোট-পরবর্তী সতর্কতার কারণে ২০১৩ বিসিএলের পর আর কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক দীর্ঘ পরিসরের ম্যাচ তিনি খেলেননি।