তাসকিনকে নিয়ে শঙ্কা
আবারও চোটে পড়েছেন তাসকিন আহমেদ। বাংলাদেশের ১৯ বছর বয়সী পেসার এবার ডান পাঁজরে চোট পেয়েছেন ইডেন গার্ডেনসের সার্ধশতবার্ষিকী টুর্নামেন্ট খেলতে গিয়ে। চোটের কারণে পরশু গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে বল করতে পেরেছিলেন মাত্র ৪ ওভার। চোটের মাত্রাটা বোঝার জন্য ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে আছেন তাসকিন। এমআরআই করানো হবে আজকালের মধ্যেই। তবে সূত্র জানিয়েছে, অন্তত দুই থেকে তিন সপ্তাহের বিশ্রামে থাকতে হতে পারে তাঁকে। যার অর্থ, জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে তাসকিনের খেলা নিয়ে শঙ্কাই তৈরি হলো। ২১ নভেম্বর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ।
চোটের সঙ্গে তাসকিনের জানাশোনা হয়ে গেছে আগেই। জাতীয় দলে অভিষেকের আগেই হাঁটুর চোটে বছর খানেক মাঠের বাইরে ছিলেন। চোট থেকে সেরে ওঠার পর বাংলাদেশি পেসারের পরিচয় হয়ে গেছে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে। এখনো টেস্ট না খেললেও তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলে ফেলেছেন তিনি।