তাসকিনকে নেওয়াই হয় ৬ ওভারের জন্য?

পঞ্চম ওভারেই বোলিংয়ে এলেন সাকিব আল হাসান। অতীত অভিজ্ঞতা আছে বলে অবাক হতে হলো না। তবে একটা দলে তিনজন পেসার থাকার পরও এত তাড়াতাড়ি একজন স্পিনারের দ্বারস্থ হওয়া অবাক করার মতো তো অবশ্যই। সাকিব আগেও এমন আক্রমণে সাততাড়াতাড়ি এসেছেন। কিন্তু অবাক হতে হলো এটা দেখে, ২৫তম ওভারে, অর্ধেক ইনিংস পেরিয়ে যাওয়ার মুহূর্তে প্রথমবারের মতো বল হাতে নিলেন তাসকিন আহমেদ!
প্রশ্নটা আরও ভালোমতোই জাগল মনে, বাংলাদেশ কেন খেলাচ্ছে তিনজন পেসার?
বাংলাদেশ দল চারজন পেসার নিয়েও খেলেছে ভারতের বিপক্ষে। সে ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স ছিল বাংলাদেশের। কিছুদিন তো এশিয়ার সেরা পেস অ্যাটাক হিসেবেই দাবি করা হচ্ছিল বাংলাদেশের পেসারদের। গত কিছুদিনে ওয়ানডেতে বাংলাদেশের সাফল্যের ভিত্তি হয়ে আছেন পেসাররাই। কিন্তু মোস্তাফিজুর রহমানের চোটের পর বাংলাদেশ দল আবারও পুরোনো বৃত্তেই ফিরে গেছে। বোলিংয়ে আবারও মূল অস্ত্র হয়ে উঠছে স্পিনাররা। আরও স্পষ্ট করে বললে, স্পিন ছাড়া গতি নেই বাংলাদেশের। তবু কেন তিন পেসার খেলানো? যখন টানা কয়েক ম্যাচে পেসারদের পুরো বোলিং কোটা ব্যবহারই করা হচ্ছে না। সেটা পুষিয়ে দিতে হাত বাড়াতে হচ্ছে পার্টটাইম স্পিনারদের দিকেও। মোসাদ্দেককে দিয়ে আজও করাতে হলো ৯ ওভার!
আজ তিন পেসারের মধ্যে একমাত্র মাশরাফি বিন মুর্তজাই নিজের পুরো কোটা বোলিং করেছেন। শফিউল তুলনামূলক ভালো বল করলেও ১০ ওভার শেষ করতে পারেননি। আর তাসকিন তো করেছেনই মাত্র ৬ ওভার, তাতে ৩৮ রান দিয়েছেন। ফিল্ডারদের অসহযোগিতায় একবার সুযোগ সৃষ্টি করেও পাননি উইকেট।
আফগানিস্তানের বিপক্ষেও কিন্তু একই ঘটনা ঘটেছে। শেষ ওয়ানডেতে তো সুযোগ পাওয়া যায়নি, কিন্তু এর আগের আগের দুই ওয়ানডেতেই শুধু মাশরাফিই নিজের বোলিং কোটা শেষ করে এসেছেন। অন্য পেসাররা কেউই পুরো ১০ ওভার করতে পারেননি। রুবেল হোসেন দুই ম্যাচে করেছেন ১২ ওভার, তাসকিন ৩ ওয়ানডেতে ২০ ওভারেরও কম।
অবশ্য তাসকিনের ক্ষেত্রে এটা অনেক পুরোনো গল্প। আজ ছিল তাসকিনের ক্যারিয়ারের ১৮তম ওয়ানডে। এই ১৮ ওয়ানডের মাত্র ২টিতে নিজের কোটা পূরণ করেছেন তাসকিন। দুটিই ওয়ানডে বিশ্বকাপে। শ্রীলঙ্কার বিপক্ষে ১০ ওভারে ৮২ রান দিয়ে উইকেট-শূন্য ছিলেন, ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ৬৯ রানে ৩ উইকেট।
বিশ্বকাপের পর পাকিস্তান সিরিজের প্রথম দুই ওয়ানডে মিলিয়ে ৮ ওভার করে বল করেছিলেন তাসকিন। তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ ৪৯ ওভার বল করেছিল, তাতে তাসকিনের অবদান মাত্র ২ ওভার। এ ধারা চলছে এখনো। পাকিস্তান সিরিজের পর ৬টি ওয়ানডেতে তাঁর ভাগে ৬০ ওভারের প্রায় অর্ধেক পেয়েছেন তাসকিন (৩৫.৪ ওভার)। আফগানিস্তানের সঙ্গে প্রথম ওয়ানডেতেই শুধু ৮ ওভার করেছিলেন, নয়তো তাসকিন মানেই যেন ৫-৬ ওভার বোলিংয়ের নিশ্চয়তা! তাঁর ক্যারিয়ার সেটাই বলছে। সর্বশেষ ম্যাচগুলোতে তাসকিন বল করেছেন: ২, ৬, ৪, ৮, ৪.৪, ৭, ৬ ওভার।
আজ প্রথম ওয়ানডেতে পঞ্চম ওভারে সাকিবের আগমন ও মোসাদ্দেক হোসেনকে ৯ ওভার করতে দেখে কয়েকটি প্রশ্ন মনে জাগতেই পারে—
১. পিচ বুঝতে কি ভুল করেছে বাংলাদেশ? না হলে তিনজন পেসার কেন দলে?
২. আর পিচ যদি বুঝতে ভুল না হয়, সে ক্ষেত্রে বাড়তি একজন স্পিনার নেওয়া হচ্ছে না কেন দলে? এবং সে ক্ষেত্রে নাসির হোসেনকে বসিয়ে রাখা কেন? স্লগ ওভারে বাংলাদেশের ব্যাটিং দুর্দশা ও স্পিন–নির্ভরতা মিলিয়ে দলের যে পরিস্থিতি, সে অনুযায়ী নাসির তো দলে জায়গা দাবি করতেই পারেন!
৩. মোস্তাফিজ যদি না থাকেন, ভিনদেশি দলগুলোর বিপক্ষে বাংলাদেশ কেন স্পিন–নির্ভর উইকেট ও বোলিং আক্রমণের পুরোনো কৌশলে ফিরে যায় না?
৪. নাকি ভালো মানের স্পিনার সংকটে এই রণকৌশলে আস্থা পাচ্ছে না বাংলাদেশ? তা-ই যদি হয়, কোথায় হারাল বাংলাদেশের এত এত স্পিনার!