
ভারতে প্রথম টেস্ট সফরকে ঐতিহাসিক বলতে রাজি নন মুশফিকুর রহিম। তবে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে এটি যে ঐতিহাসিকের চেয়েও বেশি কিছু, সেটা এক টেস্টের এই সিরিজ উপলক্ষে তাদের স্মরণিকা ছাপানোর সিদ্ধান্তেই পরিষ্কার।
আন্তর্জাতিক দল এলে স্মরণিকা ছাপানোর পুরোনো রীতি ৯০-এর দশক থেকে বন্ধ থাকলেও ভারতের মাটিতে বাংলাদেশ-ভারত প্রথম টেস্টকে স্মরণীয় করে রাখতে এবার সেই সিদ্ধান্ত নিয়েছে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন। দুদিন আগের খবরটি নতুন করে বলার কারণ হলো, হায়দরাবাদের ক্রিকেটাঙ্গনের সর্বত্রই বাংলাদেশ দল নিয়ে এখন ব্যাপক আগ্রহ। টেস্ট খেলতে ভারতীয় দল এই শহরে আসবে ৭ ফেব্রুয়ারি। দেশের এখান-ওখান থেকে সাংবাদিকদের পুরো বহরও এখনো জড়ো হয়নি সেখানে। তবু স্থানীয় যাঁরা আছেন, বাংলাদেশ দলকে ঘিরে রাখছেন তাঁরাই।
সফরে আজ প্রথম খেলতে নামবে বাংলাদেশ দল। স্থানীয় সময় সকাল ১০টায় রাজীব গান্ধী স্টেডিয়ামে ভারত ‘এ’ দলের বিপক্ষে শুরু হবে দুদিনের প্রস্তুতি ম্যাচ। তার আগে কাল অনুশীলন শেষে দলের মিডিয়া ম্যানেজার রাবীদ ইমামের কাছে সাংবাদিকদের অনুরোধ, কথা বলার জন্য দলের কেউ একজনকে চাই। ‘বিল্ড আপ স্টোরি’ করতে হবে। আগের দিন সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন মুমিনুল হক। কাল গেলেন তাসকিন আহমেদ।
ভারতের কন্ডিশন বাংলাদেশের খেলোয়াড়দের কেমন লাগছে, বাংলাদেশের এই পেসারের কাছে সেটা নিয়েই বেশি আগ্রহ দেখালেন সাংবাদিকেরা। বিরাট কোহলির উইকেট পাওয়া লক্ষ্য কি না, উপমহাদেশের ‘ক্রিকেট যুদ্ধ’ এখন বাংলাদেশ-ভারত লড়াইয়েই বেশি অনভূত হয় কি না ইত্যাদি প্রশ্ন!
ভারতে প্রথম টেস্ট খেলতে গিয়ে তাসকিন যে রোমাঞ্চিত বললেন সেটাও, ‘খুবই ভালো লাগছে। দীর্ঘ প্রতীক্ষার পর আমরা এখানে টেস্ট খেলতে এসেছি। আমাদের জন্য বিশ্বকে নিজেদের সামর্থ্য দেখানোর এটা একটা ভালো সুযোগ।’ কোহলির উইকেট যেকোনো বোলারেরই স্বপ্ন। তবে তাসকিন যেন সেটি বলতে গিয়েও আউটসুইং করে বেরিয়ে গেলেন, ‘এটা ঠিক যে কোহলি এই সময়ের অন্যতম সেরা। তার উইকেট পেলে সবাই খুশি হয়। তবে খেলার মধ্যে এসব ভাবব না। খেলা শেষে যখন দেখব কোহলি বা তার মতো কারও উইকেট পেয়েছি, তখন হয়তো ভালো লাগবে।’
প্রস্তুতি ম্যাচটিতে যে বেশ গুরুত্ব দিচ্ছে দল, সেটিও জানালেন তাসকিন, ‘আমরা নিউজিল্যান্ডে খেলে এসেছি। নিউজিল্যান্ড আর এখানকার পিচ কন্ডিশনে পার্থক্য আছে। নিউজিল্যান্ডে বল অনেক জোরে যায়। এখানে দেখা যাচ্ছে আস্তে যাচ্ছে। অনুশীলন ম্যাচটা এসব বুঝতেই বেশি কাজে লাগবে।’
গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচের পর থেকে বাংলাদেশ-ভারত ক্রিকেটকে উপমহাদেশের ক্রিকেট যুদ্ধের নতুন প্রতীক ভাবতে শুরু করেছেন অনেকে। দুই দলের খেলার আগে কথার লড়াইও কম হয় না। ফেসবুক ট্রল, আক্রমণাত্মক স্ট্যাটাস—সব মিলিয়ে ‘যুদ্ধ’ ছড়িয়ে পড়ে ক্রিকেটপ্রেমীদের মনে। এক ভারতীয় সাংবাদিকের কৌতূহল, বাংলাদেশের খেলোয়াড়দের মনেও কি ভারতের বিপক্ষে যুদ্ধংদেহী মনোভাবটা থাকে? তাঁকে হতাশ করে তাসকিন হেসে উড়িয়ে দিলেন প্রসঙ্গটা, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে এসব হচ্ছে। আমরা ব্যাপারটা কখনোই সেভাবে দেখি না।’
গত বিশ্বকাপে এই ভারতেই প্রশ্নবিদ্ধ হয় তাসকিনসহ বাংলাদেশের আরেক বোলার আরাফাত সানির বোলিং অ্যাকশন। পরীক্ষা দিয়ে দুজনই শুদ্ধতার ছাড়পত্র নিলেও কাল আবার প্রসঙ্গটা উঠল। তাসকিনের জবাব, ‘আমি আত্মবিশ্বাসী এখন আর আমার সমস্যা নেই। দলে কোর্টনি ওয়ালশের মতো একজন কিংবদন্তি আছেন। তিনিও বলেছেন আমার সব ঠিক আছে। ব্রিসবেনে টেস্ট করিয়েছি। হাতের বাঁক সর্বোচ্চ ৭, গড়ে ৩ ডিগ্রি ছিল। নিউজিল্যান্ডে তো আমি আগের চেয়েও জোরে বল করেছি।’
তাসকিন তাঁর কালকের পরীক্ষায় পাস করে গেছেন। তবে কন্ডিশন বোঝার পরীক্ষায় বাংলাদেশের পাস-ফেল কিছুটা হলেও বোঝা যাবে আজ থেকে শুরু প্রস্তুতি ম্যাচে। হায়দরাবাদে বাংলাদেশ দলকে ঘিরে ক্রমবর্ধমান আগ্রহটা ধরে রাখতে সে পরীক্ষায়ও পাস করাটা জরুরি।