তাসকিনরা খেলেছেন, সাঙ্গা খেলেননি

ফটোসাংবাদিকদের অনুরোধেও মাঝখানে এলেন না কুমার সাঙ্গাকারা। ট্রফিটা তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের হাতে ধরিয়ে দিয়ে হাসতে হাসতে বললেন, ‘আমি তো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট কখনো খেলিনি। ওরা খেলেছে...ওরা থাকুক, আমি সঙ্গে আছি।’
ঢাকার একটি হোটেলে কাল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের সূচি। সেখানেই শ্রীলঙ্কা-বাংলাদেশের তিন ক্রিকেট তারকার ওই সম্মিলন। ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারের আটটি ভেন্যুতে বিশ্বকাপ হবে ২৭ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। ফাইনাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সুপার লিগ সেমিফাইনাল ও ফাইনালের জন্য বরাদ্দ থাকবে একটি অতিরিক্ত দিন। টুর্নামেন্টের ৪৮টি ম্যাচের মধ্যে ২০টি টেলিভিশনে সরাসরি সম্প্রচার হবে। বাংলাদেশে এটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় আসর। প্রথমটি হয়েছিল ২০০৪ সালে।
কাল সূচি ঘোষণার অনুষ্ঠানে ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান ও আইসিসির মহাব্যবস্থাপক (ক্রিকেট) জিওফ অ্যালারডাইস। ছিলেন বিসিবির অন্য কর্মকর্তারাও। তবে সব আলো কেড়ে নিয়েছিলেন ওই তিন ক্রিকেটার—সাঙ্গাকারা, তাসকিন ও মুস্তাফিজ।
নিজের যুব বিশ্বকাপে না-খেলা নিয়ে সাবেক শ্রীলঙ্কান অধিনায়কের রসিকতা, ‘ওই সময় আমি হয়তো ততটা ভালো খেলতাম না...।’ তবে ক্যারিয়ারজুড়েই সাক্ষী হয়েছেন এই টুর্নামেন্টে খেলা ক্রিকেটারদের প্রতিভার, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা অনেক ক্রিকেটারকেই দেখেছি। অল্প বয়সেই প্রতিভার স্বীকৃতি পেয়ে যাওয়াটা দারুণ। এই টুর্নামেন্ট তরুণ ক্রিকেটারদের পেশাদারি, ক্রিকেটের কাঠামো, দুর্নীতি দমন কার্যক্রম এবং তাদের কাছে মানুষের প্রত্যাশার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। পরের ধাপে গিয়ে কী করতে হবে, সে ধারণাটাও এখান থেকেই পেয়ে যায় ওরা। এটা দেশের হয়ে নিজের চরিত্র এবং দক্ষতা দেখানোর মঞ্চ।’
২০১২ সালে অস্ট্রেলিয়ায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছেন তাসকিন। সেটিই সাহায্য করেছে ২০১৫ সালে বড়দের বিশ্বকাপে সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে, ‘অস্ট্রেলিয়ায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আমাকে ওখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করেছে। আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে।’ তাসকিনের সঙ্গে যুব বিশ্বকাপে খেলেছেন সৌম্য সরকার, এনামুল হক, লিটন দাসও। ছোটদের বিশ্বকাপে খেলার বড় অভিজ্ঞতা আন্তর্জাতিক ক্রিকেটের দিকে এগিয়ে দিয়েছে প্রত্যেককেই।
সর্বশেষ ২০১৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা মুস্তাফিজ এখন বাংলাদেশ দলেও জায়গা পাকা করে নিয়েছেন। তাঁর সঙ্গে যুব বিশ্বকাপে খেলা মেহেদী হাসান, নাজমুল হোসেন, জয়রাজ শেখরা এখনো আছেন অনূর্ধ্ব-১৯ দলে। মুস্তাফিজের বিশ্বাস, তাঁদের মধ্য থেকেও আসবেন ভবিষ্যৎ কোনো জাতীয় তারকা। আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্যের চিহ্ন আঁকবেন তাঁর মতোই।
১৬ দলের যুব বিশ্বকাপ হবে চার গ্রুপে। প্রতি গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সুপার লিগে, বাকি দুই দল প্লেট চ্যাম্পিয়নশিপে। ১০টি টেস্ট খেলুড়ে দেশ ছাড়াও টুর্নামেন্টে আছে আফগানিস্তান, কানাডা, ফিজি, নামিবিয়া, নেপাল ও স্কটল্যান্ড। সাঙ্গাকারার দৃষ্টিতে ফেবারিটের তালিকায় তাঁর দেশ শ্রীলঙ্কা ছাড়াও আছে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।
বাংলাদেশের যুবাদের অবশ্য প্রথম ম্যাচেই পড়তে হবে কঠিন পরীক্ষায়। ২৭ জানুয়ারি টুর্নামেন্টের চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এমএ আজিজ স্টেডিয়ামে খেলবে ইংল্যান্ড ও ফিজি। ‘এ’ গ্রুপে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ছাড়াও আছে স্কটল্যান্ড ও নামিবিয়া।
কোন গ্রুপে কারা
গ্রুপ ‘এ’
বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকা
স্কটল্যান্ড
নামিবিয়া
গ্রুপ ‘বি’
পাকিস্তান
শ্রীলঙ্কা
আফগানিস্তান
কানাডা
গ্রুপ ‘সি’
ইংল্যান্ড
ওয়েস্ট ইন্ডিজ
জিম্বাবুয়ে
ফিজি
গ্রুপ ‘ডি’
অস্ট্রেলিয়া
ভারত
নিউজিল্যান্ড
নেপাল