তাসকিনসহ লঙ্কান প্রিমিয়ার লিগে বাংলাদেশের ৫ ক্রিকেটার
লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) পরবর্তী আসর শুরু হবে ৫ ডিসেম্বর। টুর্নামেন্টটির খেলোয়াড় ড্রাফট হয়ে গেছে গতকাল। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক শ্রীলঙ্কার ঘরোয়া টি-টুয়েন্টির এ টুর্নামেন্টে দল পেয়েছেন বাংলাদেশের পাঁচ ক্রিকেটার।
এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল থেকে আছেন শুধু তাসকিন আহমেদ। বাকি চারজন হলেন মোহাম্মদ মিঠুন, আল আমিন, নাজমুল ইসলাম ও মেহেদী হাসান রানা।
লঙ্কান প্রিমিয়ার লিগে মোট দল পাঁচটি। বোলার তাসকিন ও আল আমিনকে দলে ভিড়িয়েছে কলম্বো স্টার্স। ‘গোল্ড ওভারসিজ বি’ ক্যাটাগরিতে কলম্বো এ দুজনকে দলে নিয়েছে তাঁদের ভিত্তিমূল্য ২৫ হাজার মার্কিন ডলারে।
দলটিতে আছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। উইকেটকিপার–ব্যাটসম্যান মিঠুন, স্পিনার নাজমুল ইসলাম ও বাঁহাতি পেসার মেহেদী খেলবেন ক্যান্ডি ওয়ারিয়র্সে। ‘গোল্ড ওভারসিজ এ’ ক্যাটাগরিতে ৪০ হাজার ডলারে মিঠুনকে পেয়েছে ক্যান্ডি। এবারের এলপিএলে বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে তিনিই সর্বোচ্চ পারিশ্রমিক পাচ্ছেন।
‘গোল্ড ওভারসিজ বি’ ক্যাটাগরিতে আছেন নাজমুল ও মেহেদী। এবারের এলপিএলে ক্রিস গেইল ছাড়া বিশ্বের বেশ কিছু তারকা ক্রিকেটারকে খেলতে দেখা যাবে।
দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির, ফাফ ডু প্লেসি ও পাকিস্তানের মোহাম্মদ হাফিজকেও খেলতে দেখা যাবে। ৫ ডিসেম্বর শুরু হয়ে টুর্নামেন্টটি শেষ হবে ২৩ ডিসেম্বর।