দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার ওয়ানডে সিরিজ জয়ের পুরস্কার র্যাঙ্কিংয়েও পাচ্ছে বাংলাদেশ। সাতে থেকে সিরিজ শুরু করা বাংলাদেশ ওয়ানডের দলীয় র্যাঙ্কিংয়ে পাকিস্তানকে টপকে উঠে গেছে ছয়ে। র্যাঙ্কিংয়ের ব্যক্তিগত বিভাগেও ছাপ পড়েছে বাংলাদেশের পারফরম্যান্সের।
সিরিজের পারফরম্যান্স র্যাঙ্কিংয়ে এগিয়ে দিয়েছেন সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, তামিম ইকবাল, লিটন দাস ও আফিফ হোসেনকে। সিরিজ–সেরা তাসকিন ওয়ানডে সিরিজটা শুরু করেছিলেন র্যাঙ্কিংয়ে ৬০ নম্বরে থেকে। প্রথম দুই ম্যাচ শেষে ৪৮–এ উঠে আসা পেসার তৃতীয় ওয়ানডেতে নিয়েছিলেন ৫ উইকেট। সেই পারফরম্যান্স আরও ১৪ ধাপ এগিয়ে দিয়েছে তাসকিনকে, উঠিয়েছে ক্যারিয়ার–সর্বোচ্চ ৩৪ নম্বরে।
শেষ ওয়ানডেতে ২ উইকেট নেওয়া সাকিব আজ হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন অষ্টম স্থানে। ১২ নম্বরে থেকে সিরিজ শুরু করা ওয়ানডের সাবেক ১ নম্বর বোলার দ্বিতীয় ম্যাচ শেষে নেমে গিয়েছিলেন ১৩ নম্বরে।
তবে সাকিব নন, বোলিংয়ে বাংলাদেশের ১ নম্বর মেহেদী হাসান মিরাজ। আগের মতোই সপ্তম স্থানে আছেন এ অফ স্পিনার। বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান শেষ ওয়ানডেতে উইকেট না পেলেও ফিরে এসেছেন সিরিজের আগের অবস্থান ১৬ নম্বরে।
ব্যাটিংয়ে বাংলাদেশের ১ নম্বর ব্যাটসম্যান আগের মতোই মুশফিকুর রহিম। তবে শেষ ম্যাচে ব্যাটিং না পাওয়া উইকেটকিপার ব্যাটসম্যান এক ধাপ পিছিয়ে নেমে গেছেন ১৭ নম্বরে। মুশফিক সিরিজ শুরু করেছিলেন ১৩ নম্বরে থেকে।
শেষ ম্যাচে ৮৭ রান করা তামিম পাঁচ ধাপ এগিয়ে উঠেছেন ২০ নম্বরে। ২৩ নম্বরে থেকে সিরিজ শুরু করা অধিনায়ক দ্বিতীয় ম্যাচ শেষে নেমে গিয়েছিলেন ২৫ নম্বরে। সিরিজ নির্ধারণী ম্যাচে ১২৭ রানের উদ্বোধনী জুটিতে তামিমের সঙ্গী লিটন এগিয়েছেন আরও এক ধাপ। ৪৪ নম্বরে থেকে সিরিজ শুরু করা লিটন সিরিজ শেষে উঠে এসেছেন ৩০ নম্বরে। সিরিজের আগে ১০৪ নম্বরে থাকা আফিফ হোসেন এখন ৮৫–তে আছেন।
অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানের মোহাম্মদ নবীর সঙ্গে ব্যবধানটা আরও বাড়িয়ে নিয়েছেন সাকিব। আফগান অলরাউন্ডারের চেয়ে এখন ২৪ পয়েন্টে এগিয়ে সাকিব।
অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের মতো ওয়ানডের ব্যাটিং ও বোলিংয়ের শীর্ষ স্থানও অপরিবর্তিত। পাকিস্তানের বাবর আজম ও নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ধরে রেখেছেন ১ নম্বর জায়গা। লাহোরে প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে শতক পাওয়া ইমাম–উল–হক দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন ১০ নম্বরে। ওই ম্যাচের আরেক সেঞ্চুরিয়ান অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ১৬ ধাপ এগিয়ে উঠেছেন ৩৯ নম্বরে।
টেস্ট র্যাঙ্কিংও হালনাগাদ হয়েছে আজ। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ৪৯৬ রান করা উসমান খাজা উঠে এসেছেন ৭ নম্বরে। খাজা পেরিয়ে গেছেন ডেভিড ওয়ার্নার, ঋষভ পন্ত, বিরাট কোহলি, ট্রাভিস হেড ও রোহিত শর্মাকে। সিরিজে ৩৯৭ রান করা পাকিস্তানি ব্যাটসম্যান আবদুল্লাহ শফিক ২২ ধাপ এগিয়ে উঠেছেন ৩৬–এ।
টেস্টে ব্যাটিং, বোলিং ও অলরাউন্ডার বিভাগে শীর্ষ স্থান ধরে রেখেছেন মারনাস লাবুশেন, প্যাট কামিন্স ও রবীন্দ্র জাদেজা।
ওয়ানডেতে বাংলাদেশের শীর্ষ পাঁচ
ব্যাটসম্যান
রেটিং
১৭ (–১) মুশফিকুর রহিম ৬৯১
২০ (+৫) তামিম ইকবাল ৬৬২
২৬ (–) সাকিব আল হাসান ৬৩৮
৩০ (+১) লিটন দাস ৬০২
৪০ (–২) মাহমুদউল্লাহ ৫৬৭
বোলার
রেটিং
৭ (–) মেহেদী হাসান মিরাজ ৬৬১
৮ (+৫) সাকিব আল হাসান ৬৫৭
১৬ (+১) মোস্তাফিজুর রহমান ৬১৪
৩৪ (+১৪) তাসকিন আহমেদ ৫২৩
৫৯ (–৫) মোহাম্মদ সাইফউদ্দিন ৪৫৪
** বন্ধনীতে অবস্থান পরিবর্তন