তাসকিনের অ্যাকশন বৈধ, বললেন মাশরাফিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাসকিন, মাশরাফি
তাসকিন, মাশরাফি

টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশনে বড় একটা ধাক্কা খেল বাংলাদেশ। দলের গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় বিশেষ করে তাসকিনের নিষেধাজ্ঞায় গোটা দল হতবাক। অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে আজ সংবাদ সম্মেলনে তাই ঘুরেফিরে এল তাসকিনের বোলিং অ্যাকশনের বিষয়টি।
এ নিয়ে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সোজাসুজিই বলে দিলেন, ‘আমরা বিশ্বাস করি তাসকিনের বোলিং অ্যাকশন ঠিকই আছে। আমাদের ভাবনাটা বিসিবিকে জানাতে পারি, বিসিবি যেভাবেই হোক আইসিসির সঙ্গে এটা নিয়ে আলোচনা করবে। আইসিসি সব সময় তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করে। এই মুহূর্তে শুধু এটুকুই আশা করছি তাসকিন ন্যায্য বিচার পাবে।’
কিন্তু বিশ্বকাপে দলের অন্যতম ভরসা এই তরুণ পেসারকে তো আপাতত আর পাচ্ছে না বাংলাদেশ। এটি নিশ্চয়ই দলের পরিকল্পনায় প্রভাব ফেলবে। পেসার একজন কমে যাচ্ছে। পরিকল্পনা নিশ্চয়ই হবে, কিন্তু এখানেও তাসকিনকে না পাওয়ার আক্ষেপ ঝরল মাশরাফির কণ্ঠে, ‘পেস আক্রমণ তো পরের ব্যাপার। টিমের অবস্থা স্বাভাবিকভাবেই আপনাদের বুঝতে পারার কথা। কিন্তু কীই–বা আর করতে পারি আমরা। তবে যা-ই হোক, আমাদের কিছু একটা পরিকল্পনা তো করতেই হবে। এই ছেলেটা শেষ আটটা ম্যাচেই আমাদের ভালো শুরু এনে দিয়েছে। যতগুলো ম্যাচ আমরা জিতেছি, সবগুলো ম্যাচেই ভালো শুরুটা এনে দিয়েছে তাসকিন। আমাদের কাছে এটা হতাশার। এ জন্য আমাদের পুরো পরিকল্পনায়ও পরিবর্তন আনতে হয়েছে। আমরা কীভাবে সফল হব, এর জন্য আমাদের নতুন করে আবার ভাবতে হবে।’
এই দুই বোলারের নিষেধাজ্ঞার কারণে একটা বিষয় পেছনেই পড়ে গেছে। অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচটা সব ধরনের ক্রিকেটে অধিনায়ক হিসেবে মাশরাফির ৫০তম। কিন্তু মাইলফলকের রোমাঞ্চটা আজ একদমই ছুঁতে পারছে না বাংলাদেশ অধিনায়ককে, তাঁর মুখে শুধু তাসকিনেরই কথা, ‘আমার নিজের জীবন দিয়ে অনেক কিছু দেখেছি। আমার জন্য হয়তো এটা মেনে নেওয়া অনেক সহজ। এখানে কথা হচ্ছে বাংলাদেশের অন্যতম প্রতিশ্রুতিশীল খেলোয়াড়কে নিয়ে। যে কিনা আগামী ১০ বছর বাংলাদেশ দলকে সার্ভিস দেবে। এখানে যা বলা উচিত আমি সেটাই বলেছি এবং আমরা অবশ্যই চেষ্টা করব, আগামীকালের ম্যাচে আমরা পুরো টিম এক হয়েই মাঠে নামব। চেষ্টা করব সেরা ক্রিকেট খেলার।’
বোর্ডকেও সাহসী কোনো পদক্ষেপ নেওয়ার অনুরোধ করছেন মাশরাফি, ‘বোর্ড থেকে তো অবশ্যই আমরা আমাদের জায়গাটা পরিষ্কার করেছি। বোর্ড যেটা করতে পারে...এই জিনিসটা আসলে এখন নির্ভর করছে বোর্ড এবং আইসিসির ওপর। আমরা যেটা চাইছি, আমাদের খেলোয়াড়দের সঙ্গে ন্যায়বিচার হোক। আমরা বলতে চাইছি, তাসকিনের বোলিং অ্যাকশনে কোনো সমস্যা নেই। বোর্ডও এটা ক্লিয়ার করুক। বোর্ডকে বাদ দিয়ে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না। এখানে অনেক বিষয় আছে সবাই জানেন। আমরা চাই বিসিবি থেকে যেন এটা আসে।’
তবে গতকাল থেকেই আইসিসির এই বোলিং অ্যাকশনের পরীক্ষা নিয়েও অনেক প্রশ্ন উঠছে। সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেটের অভিভাবক সংস্থাটি বলেছে, তাসকিনের সব বল নয়, কিছু ডেলিভারি অবৈধ।… কিন্তু পরীক্ষাকেন্দ্রে নিয়মের বাইরে গিয়ে তাসকিনকে দিয়ে অহেতুক কিছু বাউন্সার করানো হয়েছে। এ বিষয়ে মাশরাফি বললেন, ‘টেকনিক্যাল বিষয় হচ্ছে, যে ম্যাচটায় বলা হয়েছে ওর অ্যাকশন অবৈধ হতে পারে, ওই ম্যাচটার সঙ্গে মিলিয়ে যেসব পরীক্ষা নেওয়া হয়েছে, এটাতে কিছু অমিল আছে। ওই ম্যাচের বল একটাও অবৈধ ছিল না। এখন কথা হচ্ছে ম্যাচে অবৈধ নেই, কীভাবে তাকে আমরা নিষিদ্ধ করব! কথা হচ্ছে, টেস্ট দেওয়ার সময় কিছু সমস্যা হয়েছে। তাসকিনের ফুল লেংথ ডেলিভারিতে কোনো সমস্যা দেখা যায়নি। যে ম্যাচটার ওপর ভিত্তি করে তাকে পরীক্ষায় ডাকা হয়েছে, ওখানে কোনো সমস্যা না পাওয়ার পরও কি তাকে আটকে রাখবেন?’