তাসকিনের চোখ নতুন শুরুতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাসকিন আহমেদ
তাসকিন আহমেদ

১২ ওয়ানডে খেলে এখন পর্যন্ত ১৯ উইকেট। ভারতের বিপক্ষে তিন ম্যাচেই এসেছে এর ১০টি। গত বছর আজকের এই দিনেই ঢাকায় ওয়ানডে অভিষেক হয়েছিল তাঁর। কী স্মরণীয়ই না সেই অভিষেক! ভারতের বিপক্ষে ২৮ রানে ৫ উইকেট—ওয়ানডে অভিষেকে বাংলাদেশের কোনো বোলারের সেরা বোলিং।
সামনে আবার সেই ভারত। আগামীকাল মিরপুরে অভিষেকের ওই স্মৃতি কতটা উজ্জীবিত করছে তাসকিনকে? খ্যাপাটে কোনো ফাস্ট বোলার হলে ডাকাবুকো কোনো উত্তরই পাওয়া যেত। কিন্তু মাত্র ২০ বছর বয়সেই অনেক পরিণত তাসকিন, অন্তত কথাবার্তায় তো বটেই। শেরেবাংলা স্টেডিয়ামের অনুশীলন শেষে কাল তাই পেছন ফিরে তাকাতে চাইলেন না এই তরুণ। দৃষ্টিটা সামনে মেলে বললেন, ‘ওই স্মৃতি হয়তো প্রেরণা হিসেবে কাজ করবে। তবে মাঠে সবকিছু আবার নতুন করেই শুরু করতে হবে।’
মেলবোর্নে ভারতের বিপক্ষে মহা আলোচিত ওই বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালেও দৃষ্টি কেড়েছিল তাসকিনের বোলিং। তবে আগে ভালো করেছেন বলে ভারতকে পেলেই জ্বলে উঠবেন, সে রকম অন্ধ ‘আত্মবিশ্বাসে’ একদমই ভুগছেন না। আগের ম্যাচগুলো থেকে তাসকিন নিতে চাচ্ছেন শুধুই ভালো বোলিংয়ের ধারাবাহিকতাটুকু। মহেন্দ্র সিং ধোনির ভারতকে আকাশের উচ্চতায় রেখে বললেন, ‘ভারত বিশ্বের অন্যতম সেরা দল। বিশেষ করে উপমহাদেশে তাদের ব্যাটিং দুর্দান্ত। আমাদের পেসারদের উচিত হবে ভালো জায়গায় বল ফেলা।’
গত বছর ভারতের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজ থেকে বাংলাদেশের উইকেট পেসারদের দিকেও মাঝে মাঝে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে। সর্বশেষ পাকিস্তান সিরিজেও দেখা গেছে সেটা। তাসকিনের আশা, উইকেটে পেস বোলারদের জন্য সাহায্য থাকবে এবারও। আর তাতে গতি পাবে তাসকিনের নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টাও।
ক্যারিয়ারের শুরুতেই চোট পেয়েছেন হাঁটুতে। লম্বা সময় বোলিংয়ের ভার বইবার শক্তি এখনো তাতে আসেনি। ওয়ানডে দলে তাসকিনের নামটা অবধারিত হলেও এখনো তাই টেস্ট খেলা হয়নি। অথচ টেস্ট ক্রিকেটে তাসকিনের মতো আক্রমণাত্মক একজন ফাস্ট বোলারের জন্য হাপিত্যেশ করে দিন কাটছে বাংলাদেশের। টেস্ট ক্রিকেট তাসকিনেরও স্বপ্ন। শরীরটাকে প্রস্তুত করছেন সে জন্য। অনুশীলনে আগের চেয়ে অনেক বেশি বল করছেন, চেষ্টা করছেন গতি বাড়ানোরও। তাসকিনের ভাষায়, ‘আমি এখন সবভাবেই প্রস্তুতি নিচ্ছি। বোলিং নিয়ে কাজ করাটা আগের থেকে অনেক বাড়িয়েছি। আগে হয়তো সপ্তাহে ১২০টা বল করতাম, এখন ১৬০টা বল করছি। অনেক পরিশ্রম করছি টেস্টের ফিটনেস পাওয়ার জন্য। আমার অবস্থাও আগের চেয়ে অনেক ভালো। সামনে আশা করি সব ধরনের ক্রিকেটেই খেলতে পারব।’
ভারত সিরিজে নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই। তবে সব ক্রিকেটারের মনেই সুপ্ত যে বাসনাটা থাকে, সেটা আছে তাসকিনের মনেও—ম্যাচ জেতানোর মতো কিছু করা। ভালো একটা স্পেলে জয় এনে দেওয়া দলকে। প্রতিপক্ষের কোনো ব্যাটসম্যানকে নিয়ে আলাদা পরিকল্পনা নেই। কারণ, কাকে ছেড়ে কাকে নিয়ে পরিকল্পনা করবেন? ‘ভারতীয় দলের সব ব্যাটসম্যানই অনেক বড় ব্যাটসম্যান। তাদের যে কারও উইকেটই মূল্যবান।’
ভিডিও ফুটেজ দেখে কোহলি-ধোনিদের নিয়ে আলাদা পরিকল্পনা তো হচ্ছেই, ভারতের সব ব্যাটসম্যানের জন্য ‘কমন’ একটা অস্ত্রও ঠিক করে রাখছে বাংলাদেশ শিবির। খুবই স্বাভাবিক যে সেটা ম্যাচের আগে প্রকাশ করতে চাইবে না দল। তবে শর্ট বল যে বড় একটা অস্ত্র হবে, তাতে কোনো সন্দেহ নেই। ভারতের ব্যাটসম্যানরা শট খেলতে পছন্দ করে। তাদের জালেই আটকাতে চায় বাংলাদেশ। সাংবাদিকদের সঙ্গে কথা বলে ফেরার পথে তাসকিন অবশ্য দাবি করলেন, ‘ওসব কিছুই এখনো ঠিক হয়নি। হয়তো টিম মিটিংয়ে আলোচনা হবে।’