তাসকিনের জন্য বিসিবির লড়াই
তাসকিন আহমেদ কি আসলেই ফিরবেন এই বিশ্বকাপে? আজ, নয়তো পরের কোনো ম্যাচে! অবৈধ বোলিং অ্যাকশনের কারণে পরশু টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিষিদ্ধ হওয়ার পর এ রকম স্বপ্ন দেখার কথা কেউ কল্পনাও করেনি। কিন্তু কাল দুপুরে গুলশানের নিজ বাসায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান তাসকিনের হয়ে লড়াইয়ের যে ঘোষণা দিলেন, তাতে আশাটা কিঞ্চিৎ হলেও উঁকি দিচ্ছে।
তাসকিনের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর থেকেই এই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছিল বিসিবি। চেন্নাইয়ের পরীক্ষায় অ্যাকশন ‘অবৈধ’ ঘোষিত হওয়ায় এবার তাতে নেমেই পড়তে হলো। তবে লড়াইয়ের শুরুতে পুনর্বিবেচনা চেয়ে বা আইন-আদালতে যাওয়ার মতো আক্রমণাত্মক না হয়ে বিসিবি বরং কিছুটা কৌশলী। তাসকিনের অ্যাকশন পরীক্ষার ভুলত্রুটিগুলো উল্লেখ করে কাল তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের আবেদন জানানো হয়েছে আইসিসির কাছে এবং সেটা অনতিবিলম্বে। বিসিবির দাবি, সম্ভব হলে এই টি-টোয়েন্টি বিশ্বকাপেই আবার খেলার সুযোগ দিতে হবে তাসকিনকে।
কাল সকালে আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভ রিচার্ডসনের সঙ্গে মুঠোফোনে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। সেই কথোপকথন থেকে তাঁর আশাবাদ, ‘আইসিসির নেওয়া এ রকম সিদ্ধান্ত পাল্টে যাওয়ার ঘটনা আমরা এর আগে দেখিনি। তবে তাসকিনের ব্যাপারে সেটা হলে অবাক হব না। আমি আশাবাদী।’ সূত্র জানিয়েছে, আইসিসির এই দুই শীর্ষ কর্তা সমস্যা সমাধানের দুটি সম্ভাব্য পথও নাকি দেখিয়েছেন বিসিবিকে। আইসিসির জেনারেল কাউন্সলে আলোচনা করে আজকের মধ্যেই এ ব্যাপারে চূড়ান্ত অবস্থান জানানোর কথা তাদের।
এমনিতে কোনো বোলারের বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা হলে মাঠে ফেরার উপায় দুটি। একটা, বোলিং অ্যাকশন শুদ্ধ করে আবার পরীক্ষা দিয়ে বৈধতার ছাড়পত্র নেওয়া। সেই চেষ্টা তাসকিন চাইলে যেকোনো সময়ই করতে পারেন। তবে এ ক্ষেত্রে পুরো প্রক্রিয়াটি শেষ হতে কমপক্ষে ৫-৬ দিন লেগে যেতে পারে। বাংলাদেশ দল সেমিফাইনালে না উঠলে টি-টোয়েন্টি বিশ্বকাপে তখন আর কোনো ম্যাচের দেখা না-ও পেতে পারেন তিনি।
আরেকটা পথ, পরীক্ষাপদ্ধতি বা অ্যাকশন অবৈধ ঘোষণার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে বোলারের করা আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট বোর্ডের পক্ষ থেকে সাত দিনের মধ্যে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানানো। এ ক্ষেত্রে ঝুঁকি হলো, শুনানির পর আইসিসির অনুমোদন নিয়ে খেলায় ফিরে যদি ওই বোলারের অ্যাকশন আবারও অবৈধ প্রমাণিত হয়, কমপক্ষে এক বছরের জন্য বোলিং থেকে নিষিদ্ধ হয়ে যাবেন তিনি।
বিসিবি প্রথম পথে গিয়ে সময় যেমন নষ্ট করতে চাচ্ছে না, এড়াতে চাচ্ছে দ্বিতীয় পথের ঝুঁকিটাও। সে কারণেই সরাসরি আইসিসির শীর্ষ পর্যায়ের হস্তক্ষেপ চাওয়া। বিসিবি সভাপতির ভাষায়, ‘সর্বোচ্চ পর্যায়ে যা যা করা দরকার আমরা করেছি।’ তাতে কাজ হবে বলেও তিনি আশাবাদী, ‘স্বাভাবিক প্রক্রিয়ায় যাওয়ার সুযোগ আমাদের হাতে এখনো আছে। তবে আমরা চেষ্টা করছি এর বাইরে গিয়ে কিছু করতে। আমার বিশ্বাস, ওনারা আমার যুক্তিগুলো বিশ্লেষণ করে দেখবেন এবং সঠিক সিদ্ধান্ত দেবেন।’
পুরো বিষয়টিতে কোনো যোগাযোগ-বিভ্রাট থাকতে পারে বলেও অবশ্য শঙ্কা আছে তাঁর, ‘আমার মনে হয় কোনো একটা যোগাযোগ-বিভ্রাট ঘটছে। হয় আমরা যে তথ্যগুলো পাচ্ছি সেখানে কোনো সমস্যা আছে। অথবা ওখানে যারা আছে তাদের...। আইসিসির আইনি বিশেষজ্ঞরা বিষয়টি দেখছেন। আমার মনে হয় শিগগিরই এটার সন্তোষজনক উত্তর পাব।’
আইসিসিতে যোগাযোগ রক্ষার পাশাপাশি বেঙ্গালুরুতে জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গেও মতবিনিময় চলছে বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের। তাসকিনের ফেরাটা কোন উপায়ে হবে, তা কিছুটা হলেও নির্ভর করছে কোচের গেমপ্ল্যান এবং বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের ফিটনেসের ওপর। দ্বিতীয় পর্বে বেঙ্গালুরু ও কলকাতার বাকি ম্যাচগুলোয় তিন পেসারের বেশি নিয়ে খেলার সম্ভাবনা নেই। মুস্তাফিজ এই ম্যাচগুলো খেলতে পারলে মাশরাফি, আল আমিন, আবু হায়দার মিলিয়ে তিন পেসারের ‘কোটা’ পূরণ হয়েও একজন পেসার বাড়তি থেকে যায়। সে ক্ষেত্রে তাসকিনকে ফেরানোর ক্ষেত্রে তাড়াহুড়োর প্রয়োজন আছে কি না, কোচের সঙ্গে কথা বলে সেটাও বুঝতে চাচ্ছে বিসিবি।
তবে ‘আন্দোলনে’র পথ থেকেও সরছে না তারা। বিসিবির কাছে এটা তাসকিনকে এক বা দুই ম্যাচ খেলানোর ব্যাপার নয়। বোলিং অ্যাকশনের কারণে একবার নিষিদ্ধ হলে ফিরে আসা কতটা কঠিন এবং ফিরে এলেও বোলিংয়ের মূল সুরটা যে তখন আর খুঁজে পাওয়া যায় না, বিসিবিকে ভাবাচ্ছে সেই শঙ্কাই। নাম প্রকাশ না করার শর্তে এক পরিচালক বললেন, ‘আমরা এক-দুই ম্যাচের কথা চিন্তা করছি না। তাসকিন আমাদের সম্পদ। তাঁর ভবিষ্যতের কথা চিন্তা করেই আমরা আইসিসির সিদ্ধান্তের প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছি।’
কাল কয়েকজন বোর্ড পরিচালকের সঙ্গে সভার পর হওয়া সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসানের বক্তব্য প্রায় একই ছিল। তাসকিনের বোলিং অ্যাকশন পরীক্ষার রিপোর্ট সম্পর্কে তাঁর মন্তব্য, ‘আমরা তাসকিনের রিপোর্টের সঙ্গে পুরোপুরি একমত নই। তাসকিনের যে রিপোর্টটা আমরা পেয়েছি সেটা দেখে সন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই। এটা অত্যন্ত দুঃখজনক।’
তবে সেই দুঃখে বাংলাদেশ দলও ভারাক্রান্ত হোক, তা চান না সভাপতি। মাশরাফি বিন মুর্তজার দলের কাছে তাঁর একটাই আহ্বান—অন্য কিছু নিয়ে না ভেবে তাঁরা যেন শুধু খেলায় মনোযোগ দেন। ‘আমাদের সাহস আছে। আমরা লড়ব। তাদের শুধু খেলায় মনোযোগ দিতে হবে। বাকি চিন্তাভাবনা আমরা করব—বলেছেন নাজমুল হাসান।