তাসকিনের দ্বিতীয় অধ্যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোলিং অ্যাকশনের বৈধতার সুখবর পেয়ে কয়েক ঘণ্টার ছুটি নিয়ে বাসায় গিয়েছিলেন তাসকিন। বাসায় ঢোকার মুখে ভিজলেন পুষ্পবৃষ্টিতে, ভাসলেন মানুষের ভালোবাসায়। পরশু মোহাম্মদপুরে l ফেসবুক থেকে সংগৃহীত
বোলিং অ্যাকশনের বৈধতার সুখবর পেয়ে কয়েক ঘণ্টার ছুটি নিয়ে বাসায় গিয়েছিলেন তাসকিন। বাসায় ঢোকার মুখে ভিজলেন পুষ্পবৃষ্টিতে, ভাসলেন মানুষের ভালোবাসায়। পরশু মোহাম্মদপুরে l ফেসবুক থেকে সংগৃহীত

মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের দূরত্ব কত? দূরত্ব যা-ই হোক, পরশু সন্ধ্যায় তাসকিন আহমেদের কাছে যেন সেটি হয়ে গেল শতসহস্র মাইল! গাড়ি তিনি যত দ্রুতই চালান, যানজটের ঢাকা শহরে ততই আটকা পড়েন!
নিজের ক্যারিয়ারের সঙ্গে এই যাত্রার অনেক মিল খুঁজে পেতে পারেন তাসকিন। লক্ষ্যে দ্রুত পৌঁছাতে চাইলেও চোট, বাজে পারফরম্যান্স—নানা বাধা তাঁকে থামিয়ে দিতে চাইবে। এগিয়ে যেতে হবে সেসব জয় করেই। তাসকিনও এগিয়ে চলেছেন একেকটি বাধা পেরিয়ে। সর্বশেষ বাধাটা ছিল বোলিং অ্যাকশনে সমস্যার কারণে আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞা। গত পরশু সেটিও পেরিয়ে গেছেন। মনে তাঁর আনন্দ, চোখে-মুখে চাপ সরে যাওয়ার স্বস্তি।
পরিবার, স্বজন, বন্ধুবান্ধব ও ভক্তদের সঙ্গে সুখবরটা ভাগাভাগি করবেন বলে পরশু অনুশীলনের পর টিম হোটেল না গিয়ে চলে এলেন জাকির হোসেন রোডের বাড়িতে। বাবা আবদুর রশিদ ও মা সাবিনা ইয়াসমিন অধীর অপেক্ষায় তাসকিনের জন্য। অপেক্ষার প্রহর অবশ্য অনেক দিন থেকেই গুনছিলেন তাঁরা। গত মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপে বোলিং অ্যাকশনে সমস্যা ধরা পড়ায় আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হওয়ার পর থেকেই।
পরশু সন্ধ্যা পেরোনোর পর বাড়িতে ফেরা তাসকিনের জন্য অপেক্ষা করছিল অনেক বড় এক চমক। গাড়ি থেকে নামতেই পুষ্পবৃষ্টি আর ফটাফট পটকা-বাজির আওয়াজ। সন্ধ্যা সাতটা থেকে শুরু, আনন্দযজ্ঞ চলেছে রাত ১২টা পর্যন্ত। তাসকিনের মুখে উচ্ছ্বাসের ছটা, সেটি ছুঁয়ে গেছে পরিবার, বন্ধুবান্ধব, ভক্তকুলের মধ্যেও।
ক্রিকেটে বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হওয়া ও পরে পরীক্ষা দিয়ে ফিরে আসার ঘটনা নতুন নয়। তবে নিষিদ্ধ হওয়ার পর ভক্তদের ক্ষোভে ফেটে পড়া, আবার বাধা পেরিয়ে যাওয়ার পর কোনো খেলোয়াড়কে নিয়ে আনন্দের জোয়ার—আর কারও ক্ষেত্রে এমন ঘটেছে কি না সন্দেহ!
ব্রিসবেন ন্যাশনাল ক্রিকেট সেন্টারের গবেষণাগারে ৮ সেপ্টেম্বর সানির সঙ্গে বোলিং অ্যাকশনের পরীক্ষার পর তাসকিনকে নিয়ে দুশ্চিন্তায় ছিল বাংলাদেশ দলও। সেই দুশ্চিন্তা কেটে যাওয়ায় স্বস্তি প্রকাশ করলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে, ‘তাসকিনের মতো বোলারকে পাওয়া বিশ্বের যেকোনো দলের জন্যই বিরাট ব্যাপার। সে আমাদের দলের অন্যতম সেরা বোলার। তার নিষেধাজ্ঞা উঠে যাওয়াটা আমাদের জন্য বিরাট স্বস্তি।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে সানি ও তাসকিনের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর সংবাদ সম্মেলনে ভেঙে পড়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। আফগানিস্তান সিরিজের আগে তূণের অন্যতম অস্ত্রকে ফিরে পেয়ে অধিনায়কের মুখে এবার বিস্তৃত হাসি, ‘আমাদের ক্রিকেটের জন্য এটি ভালো খবর। কোচও একটু আগে বলেছেন, তাসকিনের মতো দুর্দান্ত বোলার যেকোনো দলের জন্যই গুরুত্বপূর্ণ। সে প্রমাণ করে ফিরেছে। আন্তর্জাতিক ক্রিকেটে ও যেখানে শেষ করেছিল, আশা করছি সেখান থেকেই আবার শুরু করবে।’
মাশরাফির কথার মর্মার্থ নিশ্চয়ই বুঝতে পারছেন তাসকিন। দুঃসহ স্মৃতি ভুলে ক্যারিয়ারের দ্বিতীয় অধ্যায়টা বর্ণিল করে তোলার চ্যালেঞ্জ তাঁর সামনে।