তাসকিনের বোলিং ভিডিও করতে বলেছেন স্ট্রিক
প্রিমিয়ার লিগের ম্যাচ ভিডিও করতে দলগুলোকে আনুষ্ঠানিকভাবে নিষেধ করে দিয়েছে সিসিডিএম। তবে আবাহনীর পরবর্তী ম্যাচে যদি মাঠে ভিডিও ক্যামেরা দেখা যায়ও, অবাক হওয়ার কিছু থাকবে না। তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন পর্যবেক্ষণের জন্য নির্দেশনাটা যে এসেছে জাতীয় দলের বোলিং কোচ হিথ স্ট্রিকের কাছ থেকেই!
আইপিএলে গুজরাট লায়নসের কোচের দায়িত্ব পালন করছেন স্ট্রিক। বিসিবি সূত্রে জানা গেছে, এক ই-মেইলবার্তায় স্ট্রিক আবাহনীর পরের ম্যাচে তাসকিনের বোলিং ভিডিও করার নির্দেশনা দিয়েছেন। উদ্দেশ্য, এখন পর্যন্ত হওয়া পুনর্বাসনে তাসকিনের ত্রুটিপূর্ণ অ্যাকশনে কতটা উন্নতি এসেছে, তা দেখা।
জাতীয় দলের কম্পিউটার বিশ্লেষক নাসির আহমেদ অ্যাকশন ভিডিও করে ফুটেজ পাঠাবেন স্ট্রিকের কাছে। ফুটেজ দেখে যদি উন্নতি সন্তোষজনক মনে না হয়, তাসকিনকে প্রিমিয়ার লিগ থেকে সরিয়ে শুধুই পুনর্বাসন করতে বলবেন কোচ। স্ট্রিক তাঁর এই সিদ্ধান্তের কথা তাসকিনকেও জানিয়েছেন বলে জানিয়েছে সূত্র।
স্ট্রিক পরের ম্যাচেই ভিডিও করতে বললেও সেটা কতটা সম্ভব কে জানে! ফতুল্লা বা বিকেএসপিতে গিয়ে ভিডিও করাটা একটু জটিল। সে ক্ষেত্রে মিরপুরে এরপর যে ম্যাচটি খেলবে, তাসকিনের দিকে ক্যামেরা তাক করার সম্ভাবনা সে ম্যাচেই বেশি। কিন্তু মিরপুরে যে খেলতেই চায় না আবাহনী! লিগের চতুর্থ রাউন্ড থেকে পরবর্তী কয়েক রাউন্ডের সূচি কালই চূড়ান্ত হওয়ার কথা থাকলেও সেটা তাই হয়নি।
আগামীকাল তৃতীয় রাউন্ডের খেলা শেষ হয়ে যাবে। তবু কেন এখনো পরের রাউন্ডের সূচি হয়নি, জানতে চাইলে সিসিডিএমের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বললেন, ‘আবাহনী এখনো ঠিক করতে পারেনি পরের রাউন্ডের ম্যাচ তারা কোথায় খেলবে।’