রান পাহাড়ের সামনে 'এ' দল
বাংলাদেশ ‘এ’ দলের বোলারদের বোলিং বিশ্লেষণ তেখলে রীতিমতো আঁতকে উঠতে হয়। তাসকিন আহমেদ পাঁচ ওভার বল করে দিয়েছেন ৪৬ রান। শফিউল ১০ ওভারের কোটা পূরণ করেছেন ৬০ রান খরচ করে। রুবেল হোসেন ১০ ওভারে দিয়েছেন ৫৬ রান। বাঁ হাতি স্পিনার আরাফাত সানির কোটা থেকে ভারতীয় ‘এ’ দলের ব্যাটসম্যানরা তুলে নিয়েছেন ৫৭ রান। বাংলাদেশ ‘এ’ দলের বোলারদের এই ‘উদারতা’র পূর্ণ সদ্ব্যবহার করেছে ভারতীয় ‘এ’ দল। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে সফরের প্রথম ওয়ানডে ম্যাচে ৩২২ রানের পাহাড় ডিঙোতে হচ্ছে মুমিনুল হক-বাহিনীকে।
৩০ ওভার পর্যন্ত লড়াই ছিল সমানে-সমানই। তাসকিন, শফিউলদের পর নাসির হোসেন তাঁর ডান হাতের ঘূর্ণি দিয়ে বেশ চাপেই রেখেছিলেন ভারতীয় ‘এ’ দলের ব্যাটসম্যানদের। কিন্তু শেষ ২০ ওভারে পাল্টা আঘাতে বাংলাদেশ ‘এ’ দলের সর্বনাশটা করেন লোয়ার অর্ডারের তিন ভারতীয় ব্যাটসম্যান। সাঞ্জু স্যামসন করেন খেলেন ৭৩ রানের দারুণ গুরুত্বপূর্ণ এক ইনিংস। গুরুকৃত সিংয়ের ব্যাট থেকে আসে ৫৮ বলে ৬৫ রান। শেষের দিকে রুশ কালারিয়ার ৩৪ বলে ৫৬ রানের ইনিংসটিই মূলত তিনশর কোটা পার করে দেয় ভারতীয়দের। কর্ন শর্মা মাত্র ৫ বল খেলে করেন ১১ রান।
টসে হেরে ব্যাট করতে নামা ভারতীয় ‘এ’ দলের শুরুটা মোটামুটি ভালো হলেও এক পর্যায়েই পথই হারিয়ে বসেছিল তারা। একমাত্র মৈনাক আগারওয়াল ব্যতীত টপ অর্ডারে কোনো ব্যাটসম্যানই ভালো খেলতে পারেননি। সুরেশ রায়না সাজঘরে ফেরেন মাত্র ১৬ রান করে। উন্মুক্ত চাঁদ, মনীশ পান্ডে, কেদার যাদবরাও ছিলেন তথৈবচ। মৈনাকের ব্যাট থেকে আসে ৫৬ রান। তবে শেষের দিকে সাঞ্জু, কালারিয়া আর গুরুকৃতের ব্যাটেই সফরের প্রথম ম্যাচেই অগ্নিপরীক্ষায় বাংলাদেশ।
বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন শফিউল ইসলাম আর নাসির হোসেন। একটি করে উইকেট তাসকিন আর আরাফাত সানির।