তাসকিন-সানির সঙ্গে থাকবেন হাথুরুও
৮ সেপ্টেম্বর ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারের গবেষণাগারে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন তাসকিন আহমেদ ও আরাফাত সানি। দুজনই দেশ ছাড়বেন ৫ সেপ্টেম্বর রাতে। ব্রিসবেনে বাংলাদেশ দলের এই দুই বোলারের সঙ্গে থাকবেন জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। তিনি অস্ট্রেলিয়ায় যাবেন ২ সেপ্টেম্বর।
বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খান কাল জানালেন, পরীক্ষার সময় তাসকিন-সানির সঙ্গে কারও থাকার প্রয়োজনীয়তা অনুভব করছেন তাঁরা। ওই সময় যেহেতু হাথুরুসিংহেও অস্ট্রেলিয়াতেই থাকবেন, দায়িত্বটা পালন করবেন তিনিই। ‘ঈদের সময় এখানে কোনো কাজ থাকবে না বলে কোচ অস্ট্রেলিয়ায় পরিবারের কাছে চলে যাবেন। তবে সানি-তাসকিন গেলে তিনি ব্রিসবেনে তাদের সঙ্গে যোগ দেবেন। পরীক্ষার সময়টায় তাদের সঙ্গেই থাকবেন হাথুরুসিংহে’—বলেছেন আকরাম।
বোলিং অ্যাকশন পরীক্ষার আগে ব্রিসবেনে দুদিন অনুশীলন করবেন দুই বোলার। তাঁদের জন্য ইনডোরে বোলিং অনুশীলনের ব্যবস্থা এর মধ্যেই করা হয়ে গেছে বলে জানিয়েছেন ক্রিকেট পরিচালনা প্রধান।