
আকাশ থেকে নেমে আসছে বিশাল বিমান। সামনেই রানওয়ে। বিমানের চাকা মাটির স্পর্শ পাবে তো? রানওয়ের এ প্রান্তটা যে ঢুকে পড়েছে সমুদ্রসীমায়! বাতাসের ঝাপটায় হেলতে-দুলতে বিমান সমুদ্রে প্রায় পড়েই যাচ্ছে। রানওয়ের আর একটু বাকি। বিমান যতই নিচে নামে, ততই হারাচ্ছে ভারসাম্য। এই পড়ে গেল বলে...!
ইউটিউবের ভিডিওটা এটুকু যাওয়ার পরই তামিম ইকবালের আঙুল নেচে ওঠে, ‘দাঁড়ান দাঁড়ান, আরেকটা দেখাই।’ মুঠোফোনের পর্দায় ফুটে ওঠে নতুন দৃশ্য। এক বৃদ্ধ ভদ্রলোক রাস্তায় হাঁটছেন। হাঁটছেন না বলে ভাসছেন বলাই ভালো। প্রচণ্ড বাতাস তাঁকে প্রায় উড়িয়ে নিয়ে যাচ্ছে। তামিম হয়তো এই ভিডিওটি আরও অনেকবারই দেখেছেন। তবু কণ্ঠে বিস্ময়, ‘দেখেছেন অবস্থা!’
প্রথম ভিডিওটি ওয়েলিংটন বিমানবন্দরের। দ্বিতীয়টি সেখানেরই কোনো এক সড়কের। ভিডিও দুটি দেখানোর একটিই কারণ। এই প্রতিবেদককে ওয়েলিংটনের প্রচণ্ড বাতাস সম্পর্কে একটু ধারণা দেওয়া।
কিন্তু ওয়েলিংটনে খেলা হওয়ার এখনো তো অনেক দেরি! কাল ও ৩১ ডিসেম্বর নেলসনের স্যাক্সটন ওভালে সিরিজের শেষ দুই ওয়ানডে। এরপর নেপিয়ার ও মাউন্ট মঙ্গানুইয়ে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে তবেই বাংলাদেশ দল প্রথম টেস্ট খেলতে ওয়েলিংটন যাবে। ওয়েলিংটনের বাতাস নিয়ে তাহলে এখনই কেন চিন্তার বলিরেখা ফুটে উঠছে তামিমের কপালে!
আসলে ক্রাইস্টচার্চের ‘ভূতের বাড়ি’র পর পুরো বাংলাদেশ দলই এখন ওয়েলিংটনের বাতাস নিয়ে ব্যস্ত। বিমানে ওয়েলিংটন যাওয়ার অভিজ্ঞতা কতটা ভয়ংকর, তা দলের অনেক ক্রিকেটারই আগে থেকে জানেন। তাঁদের তিনজন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান আর তামিম ইকবাল সেই ভয়ে ক্রাইস্টচার্চ থেকে নেলসনে এলেন গাড়িতে। নেলসনের ফ্লাইট ওয়েলিংটন হয়ে আসে। দলের সঙ্গে এসে বাতাসের ঝাপটায় পড়ার ঝুঁকি এই তিনজন নিতে চাননি।
দুপুরে মাশরাফি-তামিমরা নেলসনে পৌঁছানোর পর ট্রেইলওয়েইজ হোটেলে শুরু হলো অভিজ্ঞতার বিনিময়। গাড়িতে করে এসেও কত দ্রুত মাশরাফিরা নেলসনে পৌঁছে গেছেন, ওয়েলিংটনের বাতাস বাংলাদেশ দলের বিমানকে কতটা কাঁপাল-ইত্যাদি। এর মধ্যেই এক ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হলেন তামিম। এবার বিনিময় অন্য অভিজ্ঞতার।
বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের মধ্যে স্যাক্সটন ওভালের উইকেট সবচেয়ে ভালো চেনার কথা তামিমেরই। গত বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারানো ম্যাচটা হয়েছিল এ মাঠে এবং তামিম খেলেছিলেন ৯৫ রানের ঝলমলে এক ইনিংস। তামিম সেই ম্যাচ নিয়ে সাংবাদিকদের কোনো প্রশ্ন না করতে অনুরোধ করলেও একপর্যায়ে প্রশ্নটা করে ফেলেন পাশে থাকা অধিনায়ক মাশরাফি-
মাশরাফি: বিশ্বকাপে এ মাঠেই তুমি ৯৫ রান করেছিলে। তখন তোমার দুঃসময় যাচ্ছিল। কিন্তু এখন তো তুমি ভালো ব্যাটিং করছ। দল তোমার দিকে তাকিয়ে আছে...
তামিম: (হেসে) এটা কি চাপ দিলেন...? কোনো মাঠে কারও ভালো খেলার অভিজ্ঞতা থাকলে সেটা অবশ্যই ভালো ব্যাপার। তার মানে এটা নয় যে আবারও মাঠে নামলে আরেকবার ৯৫ রান হয়ে যাবে। আমি শূন্য রানেও আউট হতে পারি। আগে যা-ই করি, আবার তো শূন্য থেকেই শুরু করতে হবে।
স্যাক্সটনের উইকেটের আগের রূপটাও তামিম কাল খুঁজে না-ও পেতে পারেন। নতুন একটা ম্যাচে পুরোনো কোনো হিসাব-নিকাশ তিনি আনতেই চাচ্ছেন না। এমনকি দুই দিন আগে ক্রাইস্টচার্চে বাজেভাবে হারা ম্যাচটাও বাকি সিরিজে নেতিবাচক প্রভাব ফেলবে না বলে এই ওপেনারের বিশ্বাস। উল্টো সিরিজটি নতুন করে শুরু করায় কাজে লাগাতে চান সে অভিজ্ঞতা, ‘গত ম্যাচে আমরা বুঝেছি, ২৮০-৩০০-এর মধ্যে নিউজিল্যান্ডকে আটকাতে পারলে আমাদের ভালো সম্ভাবনা থাকবে সে রান তাড়া করে জেতার।’
ক্রাইস্টচার্চের কনকনে ঠান্ডার তুলনায় নেলসনের আবহাওয়া অনেকটাই চনমনে। কাল দিনভর সোনালি রোদে চিকচিক করেছে তাসমান তীরের এই শহর। এখানে এসে বাংলাদেশ দলের মধ্যেও জবুথবু ভাবটা নেই। নিউজিল্যান্ডের কন্ডিশনে বাংলাদেশের ক্রিকেটাররা খুব বেশি অভ্যস্ত না হলেও মানিয়ে নেওয়ার কাজটা এই কদিনে ভালোই হয়েছে মনে করেন তামিম, ‘বিশ্বের বড় বড় দলও এখানে এসে সংগ্রাম করে। আর আমরা তো আসি পাঁচ-ছয় বছর পর পর। তারপরও প্রথম ম্যাচে ব্যাটিং খুব খারাপ হয়নি।’
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সব সাফল্যই দেশে। কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারলে তাসমান সাগরপারেও তাদের হারানো অসম্ভব মনে করেন না তামিম, ‘আমাদের খুব ভালো সুযোগ আছে জেতার। সিরিজ বলছি না, অন্তত একটি ম্যাচ। আমি পরের ম্যাচের কথাই বলছি। সেটা জিতলে শেষ ওয়ানডে নিয়েও ইতিবাচকভাবে ভাবা যাবে।’
প্রথম ম্যাচে সব বিভাগে ব্যর্থ হওয়ার পরও তামিমের ওই কথা আশা জাগায়। এক ম্যাচে হারলে পরের ম্যাচে জেতা যাবে না, এমন কোনো বেদবাক্যও তো নেই। তামিমের ভাষায়, ‘আমরা যখন থেকে সাফল্য পেতে শুরু করেছি, তখন থেকেই প্রতিটি ম্যাচ আলাদা করে দেখি। প্রতিটি ম্যাচই জিততে চাই। পরের ম্যাচটি সিরিজ নির্ধারকও হয়ে যেতে পারে। চেষ্টা করব যেভাবেই হোক জিততে।’
নেলসনে বাংলাদেশকে খেলতে হতে পারে মুশফিকুর রহিমকে ছাড়াই। প্রথম ওয়ানডেতে বাঁ হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া এই উইকেটকিপারকে নিয়ে দোলাচল কাটেনি কালও। আজ তাঁর স্ক্যান হবে। এর পরই বোঝা যাবে কালকের ম্যাচে তিনি খেলতে পারবেন কি না।
মুশফিককে নিয়ে সংশয়, ক্রাইস্টচার্চের ‘ভূতের বাড়ি’ আর ওয়েলিংটনের বাতাসকে ছাপিয়ে এতক্ষণে নিশ্চয়ই সিরিজ জয়ের স্বাস্থ্যকর আলোচনাই শুরু হবে বাংলাদেশ দলে।