তাহলে আবারও গ্লাভসবিহীন মুশফিক?
অধিনায়ক, উইকেটকিপার, ব্যাটসম্যান—অনেক দিন ধরেই বাংলাদেশ টেস্ট দলে মুশফিকুর রহিমের তিন ভূমিকা। তবে ২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকা সফরে হয়তো তাতে বদল আসতেও পারে। পরিস্থিতি যা দাঁড়িয়েছে, তাতে মুশফিককে উইকেটকিপিং থেকে অব্যাহতি দেওয়ার চিন্তাভাবনাই করছে বিসিবি।
মুশফিকের উইকেটকিপিং নিয়ে প্রশ্নটা উঠেছে আসলে চট্টগ্রাম টেস্টে মুশফিকের চারে না নামার পর থেকে। চট্টগ্রামে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ডানহাতি-বাঁহাতি সমন্বয় আনতে চার নম্বরে পাঠানো হয় নাসির হোসেনকে। কেন চার নম্বরে ব্যাট করলেন না, সেই প্রশ্নে ম্যাচ শেষে মুশফিক বলেছিলেন, ১২০ ওভার উইকেটকিপিংয়ের পর চারে ব্যাটিং করাটা তাঁর জন্য একটু কঠিনই। এ-ও বলেছিলেন, টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তই মেনে চলছেন তিনি।
কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান উল্টো মুশফিকেরই দায় দেখছেন। কাল গুলশানে নিজের বাসায় কয়েকজন টিভি সাংবাদিককে মুশফিকের চারে না নামা, উইকেটকিপিংয়ে থাকা না-থাকা নিয়ে নাজমুল হাসান বলেছেন, ‘আমরা ওকে জিজ্ঞেস করেছিলাম, ও কিপিং করবে কি না। এটাও জিজ্ঞেস করেছিলাম, ও চারে ব্যাট করতে আগ্রহী কি না। আগের দিনও (টেস্টের তৃতীয় দিন) ওকে খবর পাঠিয়েছি, ও চারে আসুক। কিন্তু ও তো নামেনি। ও তো ওর সিদ্ধান্তেই নেমেছে। তাহলে ওকে জিজ্ঞেস করতে হবে, টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত মানে কী? পরপর চারজন বাঁহাতি আমরা চাইনি। ওকে চারে নামতে বলা হয়েছিল। সে ব্যাটিং পজিশন বদলাতে চায়নি। সমস্যা যদি হয়, ওকে সেটা বলতে হবে।’
মুশফিকের অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন তুলছেন নাজমুল হাসান, ‘একটা কথা বলে রাখি, সমস্যাটা মুশফিকের। মাশরাফি অধিনায়কত্ব করে না? ও কখনো এমন সমস্যায় পড়েনি। সাকিব কখনো এমন সমস্যায় পড়বে না, লিখে দিতে পারি।’ মুশফিকের ব্যাটিংয়ের পজিশন, উইকেটকিপিং—সবকিছু নিয়ে তাঁর সঙ্গে একান্তে কথা বলবেন বলেও জানিয়েছেন বিসিবি সভাপতি।
মুশফিকের কিপিংয়ের ব্যাপারে বিসিবি যে নতুন করে ভাবছে, সেই ইঙ্গিত মিলছে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খানের কথায়ও। কালই চট্টগ্রামে আকরাম খান বলেছেন, ‘এই গরমে সারা দিন কিপিং করে চারে ব্যাটিং করা কঠিন। কিন্তু ওরও (মুশফিক) দায়িত্ব আছে। সিনিয়র খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে দলের স্বার্থ ওকেই বেশি দেখতে হবে। আগেও টেস্টে আমরা তাকে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলিয়েছি। সে আমাদের দলের অন্যতম সেরা ব্যাটসম্যান।’
মুশফিককে উইকেটকিপিং থেকে অব্যাহতি অবশ্য আগেও দেওয়া হয়েছে। গত মার্চ-এপ্রিলে শ্রীলঙ্কা সফরেও গল টেস্টে তিনি খেলেছেন শুধু ব্যাটসম্যান-অধিনায়ক হিসেবে, উইকেটকিপিংয়ে ছিলেন লিটন দাস। অস্ট্রেলিয়া সিরিজেও নাকি মুশফিককে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলানোর ভাবনা ছিল টিম ম্যানেজমেন্টের। শেষ পর্যন্ত যদিও সেটি হয়নি। দক্ষিণ আফ্রিকা সফরে মুশফিকের কিপিং নিয়ে আকরাম বলেছেন, ‘দুই পক্ষকেই বসে ঠিক করতে হবে। ওর (মুশফিক) মাথায় যেহেতু কিপিংয়ের বিষয়টা এসেছে, দক্ষিণ আফ্রিকা সফরের আগে যেটা ভালো হয় আমরা সেটা করব।’