তাহলে আলো দেখছেন পিটারসেন!

বিশ্বকাপ-ব্যর্থতা একটা বড় ধাক্কা দিয়েছে ইংল্যান্ড ক্রিকেটকে। সেই ধাক্কা সামলাতে গিয়ে সংস্কারের পথে হাঁটছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ছেঁটে ফেলা হয়েছে ইসিবির আগের ব্যবস্থাপনা পরিচালক পল ডাউনটনকে, একই সঙ্গে বিলুপ্ত করা হয়েছে এই পদটাও। পুনর্গঠনের স্বার্থে ব্যবস্থাপনা পরিচালকের জায়গায় ‘ডিরেক্টর অব ইংল্যান্ড ক্রিকেট’ নামে নতুন যে পদ সৃষ্টি করা হয়েছে সেই দায়িত্ব নিতে আগ্রহ দেখিয়েছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন এবং অ্যালেক স্টুয়ার্ট। আবার পল ডাউনটন সরে যাওয়ায় দীর্ঘদিন ধরে ইংল্যান্ড দলে ব্রাত্য কেভিন পিটারসেনের দলে ফেরার পথও সুগম হয়েছে বলে মনে করছেন অনেকে। সব মিলিয়ে ইংলিশ ক্রিকেটে পালাবদলের হাওয়া বইছে বেশ জোরেশোরে।
বিশ্বকাপে ব্যর্থতার কারণে বেশ কড়া ভাষাতেই ইংল্যান্ড দলের সমালোচনা করেছিলেন মাইকেল ভন। কিন্তু পল ডাউনটন সরে যাওয়ার পর ডিরেক্টর অব ইংল্যান্ড ক্রিকেট পদে তাঁর নামটাই সবচেয়ে বেশি শোনা যাচ্ছে। নিজের আগ্রহ টেলিগ্রাফে লেখা এক কলামে স্পষ্ট করেই বলেছেন ভন, ‘বছর ছয়েক আগে অবসর নেওয়ার পর এই প্রথম মনে হলো, আমি ইসিবির সঙ্গে কাজ করার ব্যাপার নিয়ে আলাপ করতে পারি। আমি ইংলিশ ক্রিকেটকে নিজের মধ্যে ধারণ করি, এই খেলাটাকে ভালোবাসি এবং সব সময় চাই যে ইংল্যান্ড সফল হোক। এ জন্যই আরও অনেক সাবেক ক্রিকেটারের মতো শুধু বসে থেকে সমালোচনা না করে ইসিবির সঙ্গে কাজ করতেও আগ্রহী। তবে দেখতে হবে ভূমিকাটা কী এবং ইংল্যান্ডের ক্রিকেটের ভবিষ্যৎ গড়তে তা কতটা প্রভাব রাখবে। ডাউনটনকে বাদ দিলেই তো রাতারাতি আমরা অস্ট্রেলিয়া হয়ে যাব না।’
ভনের পাশাপাশি ডিরেক্টর অব ইংল্যান্ড ক্রিকেট পদের জন্য আলোচিত আরেকটি নাম আরেক সাবেক অধিনায়ক অ্যালেক স্টুয়ার্ট। বর্তমানে কাউন্টি ক্লাব সারের ক্রিকেট পরিচালক তিনি। এই ক্লাবেই ইংল্যান্ডের হয়ে ক্যারিয়ার পুনরুজ্জীবনের লড়াই শুরু করেছেন কেভিন পিটারসেন। তবে আগ্রহী কি না, এমন প্রশ্নে স্টুয়ার্টের কণ্ঠেও ভনের প্রতিধ্বনি, ‘আগে তো আমাকে জানতে হবে পদটা কী, সে পদের কাজটা কী হবে। আমি ইংলিশ ক্রিকেটকে ভালোবাসি এবং ইসিবি যদি আমার সঙ্গে কথা বলতে চায় আমি অবশ্যই তাদের সঙ্গে কথা বলব।’
ব্রিটিশ সংবাদমাধ্যমে আরও গুঞ্জন, ইংল্যান্ড দলটাকে আবার দাঁড় করানোর জন্য পিটারেসনকে দলে ফেরানোর কথাও ভাবছেন নীতিনির্ধারকেরা। ডাউনটন সরে যাওয়ায় সেই পথটা সুগম হয়েছে বলেই মনে করেন স্টুয়ার্ট, ‘এখন আমরা যেটা করতে পারি তা হলো, ওকে (পিটারসেন) অনেক রান করতে বলা। সে সেঞ্চুরি করুক, ডাবল সেঞ্চুরি করুক, তারপর দেখা যাক নির্বাচকেরা কিংবা যারা ইংলিশ ক্রিকেট চালাচ্ছেন তাঁরা কী করেন।’
দলে ফিরবেন বলেই আইপিএল বাদ দিয়ে সারের হয়ে খেলছেন পিটারসেন। পরিবর্তিত পরিস্থিতিতে তাঁকে আবার ইংল্যান্ডের জার্সিতে দেখার সম্ভাবনা বেড়েছে বলেই মনে করেন পিটারসেনের সারে সতীর্থ ক্রিস ট্রেমলেট, ‘মনে হচ্ছে বোর্ডের এই রদবদল তার জন্য দরজা খুলে দিয়েছে। কারণ আগে যারা ছিল তারাই ঠিক করেছিল যে কেপি আর দলে ফিরতে পারবে না। কিন্তু আমার মনে হয় পরিস্থিতি এখন বদলেছে।’ এএফপি, রয়টার্স, টেলিগ্রাফ।