তাহলে কী অপেক্ষা করছে তৃতীয় দিনে?

>*চট্টগ্রামে তৃতীয় দিনে উইকেট বেশি পড়ার নজির আছে
* বাংলাদেশ অবশ্য মরা উইকেট বানিয়েছে প্রতিপক্ষের স্পিনশক্তি বেশি বলে
* বাংলাদেশ এখনো ৩২৬ রানে এগিয়ে, একটা সেশন বদলে দিতে পারে সব
হঠাৎ করেই কি নির্বিষ হয়ে গেল উইকেট? বোলারদের জুতোয় ক্ষয়ে ক্ষয়ে তৈরি হওয়া গর্তগুলোই বা গেল কোথায়, যেখানে খনির সন্ধান পেয়ে গিয়েছিলেন রঙ্গনা হেরাথ? চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের ঝাঁপি নামল এই প্রশ্নগুলো সঙ্গে নিয়ে। উষার দুয়ারে আরেকটি প্রশ্ন অপেক্ষমাণ: তৃতীয় দিনে কেমন হবে উইকেটের চরিত্র?
উইকেটের চরিত্র সবচেয়ে ভালো জানবেন কিউরেটর। এমনিতে ঢাকায় কিউরেটর গামিনি সিলভা লঙ্কান শিবিরে গোপন তথ্য পাচার করেছেন বলে গুজব রটে শেষে কী কাণ্ডটাই না হলো। চট্টগ্রামের প্রধান কিউরেটর আর তাঁর সঙ্গীরা তাই সাংবাদিকের ছায়াও মাড়াচ্ছেন না। সৌজন্য কুশল জিজ্ঞাসা করলেও বোধ হয় উত্তর আসবে: নো কমেন্ট!
তবে সাংবাদিকেরও চাকরি বাঁচানোর দায় আছে। এধার-ওধার থেকে তথ্য টুকে যতটুকু খোঁজ মিলল, তাতে বাংলাদেশের জন্য সুখবর নেই, যদি না বোলাররা কিছু জাদু করে দেখান।
বাংলাদেশ ৫১৩ রানে অলআউট হওয়ার পর শ্রীলঙ্কা উইকেটে রোল করেছিল। ৩০০ কেজি ওজনের রোলার দিয়ে মিনিট তিনেকের রোল নিয়েছে তারা। তাতেই উইকেটের চরিত্র আমূল বদলে যায়নি। বাস্তবতা হলো, বাংলাদেশ এমন উইকেটের রেসিপিই চেয়েছিল। তৃতীয় দিনেও যেন উইকেট না ভাঙে। এ তো আর অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড নয়।
প্রতিপক্ষ শ্রীলঙ্কা বলেই বাংলাদেশ নিজেই নিজের পেতে রাখা স্পিনের ফাঁদে পা দিতে চায়নি। তার ওপর টসে হেরে গেলে স্পিন-সহায়ক উইকেটে বিপদে পড়তে হতো স্বাগতিকদের। এই উইকেট এখনো নির্জলা ফ্ল্যাট। বাংলাদেশের ইনিংসের শেষ দিকে ৬১ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার সময়টা আসলে ক্ষণিকের বিভ্রম, ব্যাটসম্যানদের মতিভ্রম বলাই বরং ভালো। হ্যাঁ, হেরাথ দারুণ টার্ন আদায় করে নিচ্ছিলেন। কিন্তু তাতে তাঁর চেষ্টাটাই ছিল বেশি।
স্কিলের দিক দিয়ে বাংলাদেশের স্পিনাররা তো আর হেরাথ নন। মেহেদী মিরাজ শুরুতেই আঘাত হেনেছেন বটে। কিন্তু টেস্টে এ সময়ে বাংলাদেশের সবচেয়ে সফল বোলারটির দিন শেষের ইকোনমি রেট (৫.৬২) আসল সত্যিটাই বলে দিচ্ছে। বিনা রানে প্রথম উইকেট হারানো লঙ্কানরা তাই আর কোনো ক্ষতিবৃদ্ধি না করে তুলে ফেলল ১৮৭ রান।
তাইজুল সে তুলনায় অনেক মাপা বোলিং করেছেন। দুবার বাংলাদেশের বিভ্রান্ত হয়ে রিভিউ নেওয়াও তাঁর বোলিংয়েই। নিজের দ্বিতীয় ওভারে তিন বাউন্ডারি হজম করা তাইজুলই শেষ পর্যন্ত শেষ বিকেলে কিছু আহা-উহুর উপলক্ষ এনে দিলেন। বাংলাদেশ এখনো ৩২৬ রানে এগিয়ে। একটা সেশন বদলে দিতে পারে সব ছবি। টেস্ট ক্রিকেটটাই এমন।
বাংলাদেশের প্রত্যাশা তাই তৃতীয় দিনে উইকেট স্পিনারদের দিকে চোখ মেলে তাকাবে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুমিনুল বলেও গেলেন, ‘উইকেটে এখন স্পিন হচ্ছে। শেষ স্পেলটা তাইজুল খুব ভালো করেছে। সানজামুল ভাই ভালো করছেন। আশা করি, কাল থেকে আরও ভালো স্পিন হবে। শেষ দিকে একটু টার্ন করতে শুরু করেছে। কাল হয়তো আরও বাড়বে। এ ধরনের উইকেটে দিন যত যায়, তত চিড় ধরে, টার্ন বাড়ে।’
মুমিনুলের কথার প্রমাণ মিলবে এ মাঠের সর্বশেষ চার টেস্টে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে প্রথম তিন দিন উইকেট পড়ার ধরন ছিল: ৬-৬-৭। ইংল্যান্ডের বিপক্ষে প্রায় জিতে যাওয়া টেস্টে এ মাঠে প্রথম দিন ৭টি, দ্বিতীয় দিন ৮; আর তৃতীয় দিনে পড়েছিল ১৩ উইকেট। মাঝখানে নিউজিল্যান্ড টেস্টটা ব্যতিক্রম ধরলে জিম্বাবুয়ের বিপক্ষে এ মাঠে খেলা টেস্টটায় তিন দিনে উইকেট পড়ার ধরন ছিল ২-৯-৯।
চলতি টেস্টে প্রথম দিনের শেষ বিকেলের জোড়া আঘাতের পরও বাংলাদেশ হারিয়েছিল ৪ উইকেট। আজ সারা দিনে উইকেট পড়ল ৭টি। তাহলে তৃতীয় দিনে? এ প্রশ্নের উত্তর যতটা না উইকেটে লুকিয়ে, তার চেয়ে বেশি বোলারদের মুঠোয়!