তাহলে কী ক্রিকেট শিখল চীন!
সৌদি আরব ক্রিকেট খেলে!
এ ‘বিস্ময়কর’ তথ্যটা জানানোর জন্য চীনকে ধন্যবাদ দেওয়া উচিত। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের সুবাদে জানা গেল, সৌদি আরব শুধু ক্রিকেট খেলেই না, বেশ দাপটের সঙ্গে ম্যাচও জিততে পারে। পরশু আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগের এশিয়া অঞ্চলের বাছাইপর্বে সৌদি আরবের কাছে ৩৯০ রানে হেরেছে চীন!
দিন বদলেছে, প্রতিপক্ষও বদলেছে। তবে কালও ভাগ্য বদলায়নি চীনের। থাইল্যান্ডে অনুষ্ঠানরত এই টুর্নামেন্টে চীনকে ৪০৩ রানে হারিয়েছে কুয়েত। প্রথমে ব্যাট করে পাকিস্তানি বংশোদ্ভূত দুই ওপেনারের সেঞ্চুরিতে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৪৬০ রান তুলেছিল কুয়েত। এই রান তাড়া করা যেকোনো দলের জন্যই প্রায় অসম্ভব। চীনের জন্য যে আরও বেশি, সেটা আগের দিন সৌদি আরবের বিপক্ষে ম্যাচ থেকেই বোঝা গেছে। ৪১৮ রান তাড়া করতে নেমে ২৮ রানেই অলআউট হয়েছিল চীন। কালও স্পিনেই সর্বনাশ। পাকিস্তানের আরেক ‘উপহার’ হারুন শহীদ বাঁহাতি স্পিনে মাত্র ১৯ রানে ৮ উইকেট তুলে নিয়েছেন। এক ব্যাটসম্যান না নামায় ১৭তম ওভারে ৫৭ রানে শেষ হয়েছে চীনের ইনিংস।
চীনের এই করুণ দশা নিয়ে একটু বেশি আলোচনা হওয়ার কারণ আছে। ‘ক্রিকেটে চীন আসছে’ বলে রব উঠেছে অনেক দিন ধরেই। অধুনা সংকুচিত হয়ে পড়া এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সবচেয়ে উচ্চাভিলাষী প্রকল্পও ছিল চীনকে ঘিরেই। বিনিয়োগও করা হয়েছিল অনেক।
এসবের পরও চীন যে খুব একটা এগোয়নি, সেটা তো বোঝাই যাচ্ছে। তবে একটি বিষয়ে চীনের প্রশংসা করতেই হচ্ছে। কুয়েত, সৌদি আরব কিংবা ওমান, আরব আমিরাতের মতো অন্য দেশগুলো যখন ভারত-পাকিস্তানে জন্ম নেওয়া ক্রিকেটারদের নিয়ে দল গড়ছে, সেখানে অন্তত নিজেদের খেলোয়াড় নিয়েই নামার সাহস দেখাচ্ছে তারা! এএফপি, আইসিসি।