দায়িত্ব নেওয়ার কিছু বাকি নেই ফ্লেচারের! ভারতীয় কোচকে তাই এখন বলা যায় ‘নিধিরাম সর্দার’
তাহলে বিদায় ফ্লেচার?

দলের ক্রিকেট-সম্পর্কিত সবকিছুর দেখভাল করবেন রবি শাস্ত্রী। ভারতীয় দল এখন শাস্ত্রীর ‘বেবি’। তাহলে প্রধান কোচ ডানকান ফ্লেচারের কাজটা কী? বিসিসিআই সচিব সঞ্জয় প্যাটেল বলেছেন বটে যে এই দুজন নিজেরাই দায়িত্ব ভাগাভাগি করে নেবেন। কিন্তু দায়িত্ব নেওয়ার তো কিছু বাকি নেই ফ্লেচারের! ভারতীয় কোচকে তাই এখন বলা যায় ‘নিধিরাম সর্দার’।
শাস্ত্রীকে ছড়ি ঘোরানোর দায়িত্ব তো দেওয়া হয়েছেই। ফ্লেচারের সঙ্গে চুক্তির মেয়াদ ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত থাকলেও এবার জানিয়ে দেওয়া হয়েছে, প্রতি সিরিজ শেষেই মূল্যায়ন করা হবে কোচের পারফরম্যান্স। সব মিলিয়ে ইঙ্গিতটা পরিষ্কার, ভদ্রভাবে দায়িত্ব ছাড়তে বলা হচ্ছে ফ্লেচারকে! সরাসরি বের হন না বলে দরজাটা দেখিয়ে দেওয়া! আত্মমর্যাদাশীল কোনো লোকের তো এরপর কাজ চালিয়ে যাওয়ারই কথা নয়। এনডিটিভির খবর, ইংল্যান্ড সিরিজ শেষেই পদত্যাগ করতে যাচ্ছেন ফ্লেচার। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্মকর্তা এনডিটিভিকে বলেছেন, ফ্লেচার পদত্যাগ করলে সেটা গ্রহণ করা হবে বিনা বাক্যব্যয়ে।
২০১১-১২ মৌসুমে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় জোড়া ধবলধোলাইয়ের পর ফ্লেচারকে সরানোর ডাক উঠেছিল ভারতীয় ক্রিকেট মহলে। সময়ের সঙ্গে সেই আহ্বান উচ্চকিত হয়েছে বারবার। বিসিসিআই তবু গত বছর নবায়ন করে ফ্লেচারের চুক্তি। কিন্তু এবার ইংল্যান্ডে ব্যর্থতার পর ধৈর্য হারিয়ে ফেলেছেন বিসিসিআই কর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা ইএসপিএনক্রিকইনফোকে বলেছেন, ‘একটা ঝাঁকুনি দরকার ছিল। টানা তিন টেস্টে ৪০-৫০ ওভারে গুটিয়ে গিয়ে, এভাবে উড়ে গিয়ে পার পাওয়া উচিত নয়। মানছি, কোচ ততটাই ভালো যতটা ভালো ক্রিকেটাররা। কিন্তু দলে আত্মবিশ্বাস বুনে দিতে হবে তো কোচকেই!’
শাস্ত্রীর পাশাপাশি ক্রিকেট পরিচালক হিসেবে রাহুল দ্রাবিড়ের নামও আলোচনায় এসেছিল। রাজি হলে নিকট ভবিষ্যতে দ্রাবিড়কে দীর্ঘমেয়াদি প্রধান কোচ করার চিন্তাভাবনাই ছিল বিসিসিআইয়ের। কিন্তু এখনই পূর্ণকালীন দায়িত্ব নিতে নারাজ দ্রাবিড়, ক্রিকেট ছাড়ার পর ধারাভাষ্য দেওয়া ছাড়া আপাতত সময় দিতে চান পরিবারকে। এ জন্যই শাস্ত্রীকে বেছে নেওয়া। আইপিএল চেয়ারম্যান ও প্রভাবশালী বিসিসিআই কর্তা রঞ্জীব বিসওয়ালের মতে, শাস্ত্রীই এ মুহূর্তে যোগ্যতম লোক, ‘দলের মনোবল যখন তলানিতে, তখন কাউকে দরকার যে মনোবল চাঙা করতে পারে। রবি এই ক্ষেত্রে অভিজ্ঞ, আগে সফলও হয়েছে।’ সফরের মাঝখানেই এত বড় রদবদলের কারণ ব্যাখ্যা করলেন বিসিসিআই যুগ্ম সচিব অনুরাগ ঠাকুর, ‘রবি শাস্ত্রীকে আনার প্রয়োজন কি ছিল? আমার মনে হয়েছে, কিছু একটা নেই এই দলে। হয়তো কোচ ও ক্রিকেটারদের যোগাযোগের ক্ষেত্রে কোনো ফাঁক থেকে যাচ্ছে। শাস্ত্রী দলের মনোবল চাঙা করতে পারে। পরিবর্তন কিছু করতে হলে সেটা যত তাড়াতাড়ি সম্ভব করাই ভালো।’
প্রধান কোচ বলেই হয়তো ফ্লেচারকে যথেষ্ট ‘সম্মান’ দিয়েছে বিসিসিআই। কিন্তু বোলিং কোচ জো ডয়েস ও ফিল্ডিং কোচ ট্রেভর পেনি সেটুকুও পাননি। ‘বিশ্রাম’ দিয়ে ভবিষ্যৎটা একরকম জানিয়েও দেওয়া হয়েছে দুজনকে। বিসিসিআই সচিব সঞ্জয় প্যাটেলের কথায় আরও নিশ্চিত হতে পারেন ওই দুজন, ‘ওঁরা দুজন এখন ছুটিতে যেতে পারেন, বাড়ি ফিরেও যেতে পারেন। এমনকি যদি চায়, ভারতেও ফিরতে পারেন!’
ইংল্যান্ড সিরিজের পর যদি ফ্লেচার পদত্যাগ না করেন, তাহলে দেশের মাটিতে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাঁকেও ‘বিশ্রাম’ দিতে পারে বিসিসিআই। ফ্লেচারের ভারত-অধ্যায়ের সমাপ্তি তাই এখন বলা যায় শুধু সময়ের অপেক্ষা! ক্রিকইনফো, এনডিটিভি, জি-নিউজ।