তাহিরেই শেষ নিউজিল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুটা করেছেন ক্রিস মরিস, ব্যাটনটা তুলে নিয়েছেন আন্দিলে ফিকোয়াও, আর শেষটা টেনেছেন ইমরান তাহির। এই তিন বোলারই গুঁড়িয়ে দিয়েছেন কিউইদের ব্যাটিং। নিউজিল্যান্ড সফরের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি দক্ষিণ আফ্রিকা জিতে নিয়েছে ৭৮ রানে।
১৮৫ রান তাড়া করতে নেমে তৃতীয় ওভারেই জোড়া ধাক্কা খেয়েছে কিউইরা। মরিসের ‘ডাবল উইকেট’ মেডেন ওভারটির ধাক্কার আর সামলাতেই পারেনি স্বাগতিক দল। কেন উইলিয়ামসন একটু চেষ্টা করতে চেয়েছিলেন। কিন্তু একটু পরই ফিকোয়াওর ফাঁদে পা দিয়ে ক্যাচ দিয়ে ফিরেছেন অধিনায়ক। আর তাহির যখন একাদশ ওভারের টানা দুই বলে কলিন ডি গ্র্যান্ডহোম ও লুক রনকিকে আউট করলেন, ম্যাচের ফল নিশ্চিত হয়ে গেছে তখনই। ডি গ্র্যান্ডহোমের উইকেট দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পঞ্চাশ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন প্রোটিয়া লেগ স্পিনার। তৃতীয় দক্ষিণ আফ্রিকান হিসেবে টি-টোয়েন্টিতে ৫ উইকেট পেয়ে উপলক্ষটা স্মরণীয় করে রেখেছেন ওয়ানডে ও টি-টোয়েন্টির র্যা ঙ্কিং-শীর্ষ বোলার।
এর আগে হাশিম আমলা (৬৭) ও ফাফ ডু প্লেসির (৩৬) ঝোড়ো ব্যাটিংয়ে ১০.৩ ওভারেই ১০০ তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। কিন্তু শেষ দিকে নিউজিল্যান্ডের নিয়ন্ত্রিত বোলিং দুই শ পেরোতে দেয়নি সফরকারীদের ইনিংস। তবে সে রানটাই ৭৮ রানের জয় এনে দিতে যথেষ্ট প্রমাণিত হয়েছে। সূত্র: ক্রিকইনফো।