টি-টোয়েন্টি সিরিজ জিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু প্রথম ওয়ানডেতে সেটির ছিটেফোঁটাও খুঁজে পাওয়া গেল না। সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে উড়িয়েই দিয়েছে দক্ষিণ আফ্রিকা, ৯৪ বল বাকি রেখেই জিতেছে ৮ উইকেটে!
শুরুতে ওয়েইন পারনেলের জোড়া ধাক্কা সামলে ভালোই এগোচ্ছিল শ্রীলঙ্কা। কিন্তু ১৫ বলের মধ্যে দিনেশ চান্ডিমাল, কুশল মেন্ডিস (৬২) ও অধিনায়ক উপুল থারাঙ্গাকে আউট করে সফরকারীদের শেষ করে দিয়েছেন লেগ স্পিনার ইমরান তাহির (৩/২৬)। খুঁড়িয়ে চলা শ্রীলঙ্কা শেষ হয়েছে ১৮১ রানে।
রানটাকে খুব অল্প বানিয়ে দিয়েছে প্রোটিয়া টপ অর্ডার। উদ্বোধনী জুটিতে ৭১ রানের পর দ্বিতীয় উইকেটে ৬০ রান। দ্বিতীয় উইকেট পড়ার পর বরং খুশি হয়েছেন সমর্থকেরা। যাক, এবি ডি ভিলিয়ার্সের ব্যাটিং দেখার সুযোগ তো মিলেছে! হতাশ করেননি এবি, ৩০ রানের ছোট ইনিংসেই মন ভরিয়ে দিয়েছেন। অধিনায়ক হিসেবে ফিরেই পেয়েছেন জয়। সূত্র: টেন ৩।