তাড়াহুড়ো করেছে পিসিবি

শহীদ আফ্রিদি, মিসবাহ-উল-হকরা মোহাম্মদ আমিরকে দলে ফেরানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। কিন্তু উল্টো মতও যে আছে! সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান রমিজ রাজা যেমন শুরু থেকেই ছিলেন বিরোধী শিবিরে। সেই বিরোধিতায় অবশ্য লাভ হয়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিউজিল্যান্ড সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে রেখেছে আমিরকে। তবে রমিজ রাজা মনে করেন সিদ্ধান্তটি নিতে তাড়াহুড়ো করেছে পিসিবি।

এর আগে আমিরকে ফেরানোর বিপক্ষে অবস্থান নিয়ে ক্রিকইনফোতে কলামও লিখেছেন রমিজ। কাল ক্রিকইনফোর কাছেই আবারও প্রতিক্রিয়া জানাতে গিয়ে সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান বলেছেন, ‘ওরা (পিসিবি) মরিয়া হয়েই এই সিদ্ধান্ত নিয়েছে। কারণ ওরা জয় চায় এবং আমিরকে এমন একজন হিসেবে মনে করা হচ্ছে যে তাদের সেই জয় এনে দেবে। ওর প্রতিভা আর সামর্থ্য নিয়ে সন্দেহ নেই। কিন্তু ওকে দলে জায়গা করে দেওয়ার প্রক্রিয়ায় তাড়াহুড়ো করা হয়েছে। আমার মনে হয়, এই ব্যাপারটার সঙ্গে মানিয়ে নিতে পুরো দলটিকে আরও সময় দেওয়া উচিত ছিল।’

তবে প্রত্যাবর্তন নিশ্চিত হয়ে যাওয়ার পর আমিরের ব্যাপারে রমিজ রাজার সুর যেন একটু নরমই হয়ে এসেছে। বর্তমান খেলোয়াড়দের মধ্যে যাঁরা আমিরের ফেরার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন, তাঁদের মনোভাব ব্যাখ্যা করতে গিয়ে রমিজ বলেছেন, ‘আমার মনে হয় এখানে একটা বাস্তবিক দৃষ্টিকোণ এবং একটা আবেগময় দৃষ্টিকোণ আছে। তিন-চারজন খেলোয়াড় এ ব্যাপারে আবেগপূর্ণ অবস্থান নিয়েছে। এখানে আমির কোনো ব্যাপার না, যে ঘটনাটা ঘটেছে, সেটাই তাদের বেশি মর্মাহত করে রেখেছে। এই ক্ষতটা আরও ভালোভাবে সারিয়ে নেওয়া দরকার ছিল। কিন্তু ওদের অনেকের মনেই সেই ক্ষতটা এখনো কাঁচা। আমিরের ফেরার গুরুত্বটা সবাইকে বোঝাতে বোর্ডের আরও কাজ করা দরকার ছিল।’ ক্রিকইনফো।