
ড্রেসিংরুমের দরজাতেই ফিল হিউজ! রক্ত-মাংসের হিউজ ছাড়িয়ে গেছেন ক্রিকেট আর জীবনের সীমানা। তবে সিডনির স্বাগতিক ড্রেসিংরুমের দরজায় হিউজকে অমর করে রাখা হয়েছে দারুণ এক স্মৃতিফলকে। ব্যাট হাতে নামার পথে সেই স্মৃতিফলকে একবার ছুঁয়ে দিলেন ডেভিড ওয়ার্নার। যেন অনুভব করলেন প্রিয় বন্ধুকে!
হৃদয় আর্দ্র, কিন্তু মানসিকতা শক্ত। ২২ গজে গিয়ে আবেগের স্রোত সামাল দিয়ে ওয়ার্নারের ব্যাট যথারীতি হয়ে উঠল মুগুর। তুলাধোনা করলেন ভারতীয় বোলারদের। রান ৬৩ ছুঁতেই আবার ফিরে এলেন হিউজ। শন অ্যাবটের বাউন্সারে উইকেটের পাশে যেখানে লুটিয়ে পড়েছিলেন হিউজ, ওয়ার্নার এগিয়ে গেলেন সেখানে। হেলমেট-গ্লাভস খুলে নিচু হয়ে চুমু খেলেন ওই জায়গাটায়। ক্রিকেট মাঠে প্রিয় বন্ধুর শেষ চিহ্ন যে পড়ে আছে সেখানে! দৃষ্টি ঝাপসা, ভরে উঠল দুচোখ। খানিক পরই লাঞ্চ হওয়ায় রক্ষে। নিজেকে সামলে লাঞ্চের পর আবার গর্জে উঠল ব্যাট। আরেকটি সেঞ্চুরি!
মাঠের বাইরে ওয়ার্নারের মতো হিউজের অতটা কাছের ছিলেন না ক্রিস রজার্স। তবে নিউ সাউথ ওয়েলসে একসঙ্গে খেলেছেন দুজন, একসঙ্গে ইনিংস শুরু করেছেন কতবার! আবেগ তাঁকেও না ছুঁয়ে পারে না। নিজেরও জন্যও দিনটি ছিল আবেগময়। আগেই জানিয়েছেন, ঘরের মাঠে হয়তো এটাই শেষ টেস্ট। আবেগের সঙ্গে লড়ে দারুণ ব্যাট করলেন রজার্সও। প্রাপ্য সেঞ্চুরিটা পেলেন না যদিও নিজের ভুলেই। ৯৫ রানে বলের লাইন মিস করে প্লেড অন।
দুজনের দুর্দান্ত ব্যাটিং, দুশ রানের জুটি। দুই বাঁহাতি ওপেনারের অদৃশ্য শক্তি হয়ে থাকলেন আরেক বাঁহাতি ওপেনার। অস্ট্রেলিয়ার হয়ে প্রয়োজনের খাতিরে নানা জায়গায় ব্যাট করেছেন। কিন্তু হিউজ তো আসলে ছিলেন ওপেনারই! তিন ওপেনার অস্ট্রেলিয়াকে এনে দিলেন শক্ত ভিত। যেটির ওপর দাঁড়িয়ে রানসৌধ গড়ার পথে স্টিভেন স্মিথ ও শেন ওয়াটসন। সিডনিতে আবেগের স্রোত রূপ নিল রানের জোয়ারে। প্রথম দিনে স্রেফ দুই ওপেনারকে হারিয়ে অস্ট্রেলিয়া ৩৪৮!
ভারতীয় বোলারদের পারফরম্যান্স আগের মতোই। তবে ধোনি-উত্তর দলের চেহারা নতুন। উইকেটের পেছনে ঋদ্ধিমান সাহাকে আসতেই হতো। লোকেশ রাহুল ও সুরেশ রায়নার একজন খেলবেন বলে শোনা যাচ্ছিল, রাখা হলো দুজনকেই। শিখর ধাওয়ানের জায়গায় ওপেনে রাহুল, মিডল অর্ডারে রায়না। কিন্তু আরও বড় বিস্ময় হয়ে এল রোহিত শর্মার নাম। বাদ চেতেশ্বর পূজারা! এমনকি একাদশের বাইরে অভিজ্ঞতম বোলার ইশান্ত শর্মাও। ফলাফল, ১৯৭৬ সালের পর ভারতের সবচেয়ে তরুণ একাদশ! ২০০ টেস্ট খেলা শচীন টেন্ডুলকার, ১৬৪ টেস্টের রাহুল দ্রাবিড়ের দলের এখন সবার সম্মিলিত অভিজ্ঞতা ১৭২ টেস্টের। ৩৩ টেস্ট খেলা কোহলিই সবচেয়ে অভিজ্ঞ!
নতুন চেহারার ভারতকে পুরোনো রূপেই ভুগিয়েছেন ওয়ার্নার-স্মিথরা। ৪৫ বলে ফিফটি করা ওয়ার্নার ৩৬ টেস্টে দ্বাদশ সেঞ্চুরি ছুঁয়েছেন ১০৮ বলে। ১৯ রানে স্লিপে রাহুলকে সহজ ক্যাচ দিয়ে বেঁচে যাওয়া রজার্স প্রথম ঘণ্টায় রান করেছেন ওয়ার্নারের সঙ্গে পাল্লা দিয়ে। পরে গুটিয়ে নিয়েছেন নিজেকে, টানা পঞ্চম ফিফটিকে তবু অল্পের জন্য নিতে পারলেন না তিন অঙ্কে। ওয়াটসন ধুঁকছিলেন শুরুতে, ৬৫ বলে মেরেছেন প্রথম চার। পরে খুঁজে পেয়েছেন নিজেকে। স্মিথ শুরু থেকেই যথারীতি নিখুঁত, আজ নামবেন টানা চতুর্থ টেস্টে সেঞ্চুরির লক্ষ্যে।
নিয়মিত অধিনায়ক কোহলির প্রথম দিনটি কাটল দুঃস্বপ্নের মতো। দিনের শেষ ওভারে ওয়াটসনের ক্যাচ স্লিপে অশ্বিনের হাত গলে বের হওয়া যেন ভারতের দিনটারই প্রতীকী—হতাশার পিঠে হতাশা! স্টার স্পোর্টস, ক্রিকইনফো।