তিন কোটির নাথু সিং!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাথু সিংকে চেনেন? না চিনলেও দোষ দেওয়া যাবে না। আচ্ছা, তাঁর প্রসঙ্গে একটু পরে আসা যাক। মার্টিন গাপটিলকে চেনেন তো? ওই যে নিউজিল্যান্ড দলে খেলেন, ওপেনিংয়ে নামেন। কদিন আগে পাকিস্তান সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ১৯ বলে ৪২ করলেন, ডিসেম্বরে শ্রীলঙ্কা সিরিজের এক ওয়ানডেতে করলেন ৩০ বলে ৯৩। যেকোনো ধরনের ক্রিকেটেই এই মুহূর্তে বিশ্বের অন্যতম বিধ্বংসী ব্যাটসম্যান তিনি। তবে গতকাল আইপিএলের নিলাম দেখে তা মনে হলো না। ফ্র্যাঞ্চাইজি এই টি-টোয়েন্টি লিগে দল মেলেনি গাপটিলের!
এবার বোধ হয় নাথু সিংয়ের পরিচয় দেওয়া যায়। ক্রিকইনফোর প্রোফাইল দেখে বোঝা গেল, তিনি মিডিয়াম পেসার, খেলেন রাজস্থানের হয়ে। স্থানীয় পর্যায়ে ১১টি টি-টোয়েন্টি খেলে ২১ উইকেট পেয়েছেন। ব্যস, এটুকুই। গতকালের নিলামে এই অচেনা ক্রিকেটারকে মুম্বাই ইন্ডিয়ানস দলে টেনেছে ৩ কোটি ২০ লাখ রুপির বিনিময়ে! ওদিকে দীপক হুদা নামের আরেক ‘অলরাউন্ডার’কে ৪ কোটি ২০ লাখ রুপি দিয়ে দলে টেনেছে সানরাইজার্স হায়দরাবাদ।
চমকে গেছেন? কিন্তু এখনো যে অনেক বাকি! গতকালের নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন, সাড়ে ৯ কোটি রুপি। তাঁর পরে এবং ভারতীয় ক্রিকেটারদের মধ্যে শীর্ষে আছেন পবন নেগি! এখনো আন্তর্জাতিক ক্রিকেট না খেলা এই অলরাউন্ডারকে ৮ কোটি ৫০ লাখ রুপিতে দলে টেনেছে দিল্লি ডেয়ারডেভিলস। ঘরোয়া টি-টোয়েন্টিতে কোনো ফিফটি নেই, ম্যাচে ৫ উইকেট পেয়েছেন একবার। তারপরও তাঁকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত দলে দেখে যাঁরা অবাক হয়েছিলেন, সেই বিস্ময় গতকাল আরও বেড়েছে হয়তো।
বিশ্বকাপের প্রসঙ্গ ওঠায় আসছে অ্যারন ফিঞ্চের নামও। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক প্রথমে তো দলই পাননি! শেষদিকে গুজরাট লায়নসে ঠিকানা হয়েছে তাঁর। তবে লায়নরা ভিত্তিমূল্য ১ কোটিতেই পেয়ে গেছে তাঁকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ ইনিংসের মালিককে দলে পেতে আগ্রহ দেখায়নি অন্য কেউ। তাও সান্ত্বনা, দল পেয়েছেন তিনি; গাপটিলের জন্য যে ৫০ লাখ খরচ করতেও রাজি হলো না দলগুলো! ক্রিকইনফো।
গতকালের নিলামের দামি ৫
শেন ওয়াটসন ৯ কোটি ৫০ লাখ
পবন নেগি ৮ কোটি ৫০ লাখ
যুবরাজ সিং ৭ কোটি
ক্রিস মরিস ৭ কোটি
মোহিত শর্মা ৬ কোটি ৫০ লাখ
*অর্থের অঙ্ক ভারতীয় রুপিতে।