তিন ঘণ্টাতেই সব শেষ


মাঠের ২২ গজ থেকে ড্রেসিংরুম। ব্যাটসম্যানদের মধ্যে এমন আসা-যাওয়ার মিছিল শুরু হলো যে ঠিকমতো নোটই নেওয়া যাচ্ছিল না। সুপারসনিক গতিতে ৪৫ মিনিটের মধ্যে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ প্রায় ভূমিশয্যা নিয়ে ফেলেছে। এরই মধ্যে গলের মাহিন্দা রাজাপক্ষে প্যাভিলিয়নে বাংলাদেশের শততম টেস্টের সুবাস ঘনীভূত হচ্ছে। ঘনীভবনের কাজটা করা হচ্ছে শ্রীলঙ্কার পক্ষ থেকে।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বাংলাদেশপ্রেমী সভাপতি থিলাঙ্গা সুমাথিপালা জানালেন পি সারায় বাংলাদেশের শততম টেস্টের উদ্যাপনে কী আয়োজন তাঁরা সাজিয়েছেন। তাঁর মুখে জয় বাংলা ধ্বনি। এটি এল দুই টেস্টের জয় বাংলা কাপ সিরিজের প্রথমটির সূত্র ধরেই। বিষণ্ন, বিপন্ন বাংলাদেশের সাংবাদিক গোষ্ঠীকে তিনি আশার বাণী শোনালেন, ‘না, না, বাংলাদেশ ভালো ব্যাটিং করছে, এই তো ষষ্ঠ উইকেটেই দেখুন না মুশফিকুর-লিটন দাস বড় জুটি গড়লেই ম্যাচের পরিস্থিতি অন্য রকম হয়ে যাবে।’ ওদিকে শ্রীলঙ্কান জনতার মধ্যে তখন একটু বিপন্ন ভাব, খবর পাওয়া গেল, গল থেকে মাত্রই ৩৫ কিলোমিটার দূরে এলপিটিয়ায় বৃষ্টি হচ্ছে। এই রে, তাহলে জয়ের মুখ থেকে শ্রীলঙ্কার জয়টা ছিনিয়ে নিয়ে যাবে বৃষ্টি!
তবে সুমাথিপালার আশ্বাস বলুন, আর আসন্ন বৃষ্টির আশীর্বাদ—কিছুতেই কিছু হয়নি। লাঞ্চ সেরে এসে মুশফিকুর রহিম দ্বিতীয় বলেই আউট, ভেঙে গেল ইনিংসের দ্বিতীয় বৃহত্তম ৫৪ রানের জুটি। আর ১৩ ওভারের মধ্যেই শেষ ৪ উইকেট হারিয়ে ১৯৭ রানে শেষ বাংলাদেশ। ২৫৯ রানে হার। হ্যাঁ, লক্ষ্মণ সান্দাকান নামের চায়নাম্যান বোলারের বলে মুশফিকও ক্যাচ হয়ে ফিরেছেন প্রথম ইনিংসে সাকিবের আউটের ধরনের পুনরাবৃত্তি ঘটিয়ে। অফ স্পিনার না অফকাটার বোলার আসেলা গুনারত্নের বল বুঝতে না পেরে সকালের দ্বিতীয় বলেই বোল্ড সৌম্য সরকার। দিলরুয়ান পেরেরার ‘ভয়ংকর’ অফ স্পিন সামলাতে না পেরে উইকেট দিয়ে এসেছেন মুমিনুল হক ও তামিম ইকবাল। তবে আসল ঘাতক সেই রঙ্গনা হেরাথ। ৩৮ বছর বয়সী যে বাঁহাতি স্পিনারকে নিয়ে ভয় কুরে কুরে খাচ্ছিল, তিনিই ৬ উইকেট নিয়ে মুড়ে দিয়েছেন বাংলাদেশকে। আর এরই মধ্যে গড়ে ফেলেছেন একটি অনন্য কীর্তি। লিটনকে ডিপ কভারে ক্যাচ বানিয়ে তিনি পেরিয়ে গেছেন ড্যানিয়েল ভেট্টোরির ৩৬২ উইকেট। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট প্রাপক বাঁহাতি স্পিনারের নাম এখন ৭৯ টেস্টে ৩৬৬ উইকেটধারী হেরাথ।
শ্রীলঙ্কা বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় বন্ধু। বাংলাদেশের সঙ্গে সবচেয়ে বেশি ১৭ টেস্ট খেলেছে তারাই। বেশি খেলা মানে অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেওয়া। তবে এই ১৭ টেস্টের পরতে পরতে তাদের কত অত্যাচারের নির্মম কাহিনি লুকিয়ে আছে! আশা করা গিয়েছিল, অপেক্ষাকৃত তরুণ একটি দল নিয়ে হেরাথ অতটা নির্মম হবেন না। শেষ পর্যন্ত তিনিও সেই নিষ্ঠুরতাই উপহার দিলেন।
তবে কথা উঠে যায়, হেরাথ বাহিনী নিষ্ঠুর হয়েছে, নাকি মুশফিকের দল তাঁদের কাছে আত্মহননের লাইসেন্স চেয়েছে? যাঁরা গলের ম্যাচটি দেখেছেন তাঁরা বলবেন দ্বিতীয়টিই ঠিক। দিন শেষে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম নিজেই তো বলে গেলেন, পঞ্চম দিনের উইকেটও ছিল ব্যাটিং উপযোগী। নিজেদের অমনোযোগী ব্যাটিংই তাঁদের ডুবিয়েছে। শ্রীলঙ্কান অধিনায়ক হেরাথও বাংলাদেশের বিপর্যয়ের কারণটা ধরতে পেরেছেন, ‘ওরা ধৈর্য নিয়ে ব্যাট করেনি। উইকেট কিন্তু ভালো ছিল।’
ধৈর্য শব্দটা যে বাংলাদেশের ব্যাটসম্যানদের অভিধানে প্রায় অবলুপ্ত একটি শব্দ, সেটি সাতসকালে দেখিয়েছেন সৌম্য সরকার। দিনের প্রথম বলেই শর্ট লেগে ক্যাচ দিয়েও বেঁচে যান, পরের বলেই বোল্ড হয়েও তিনি বুঝতে পারেননি। ডিআরএস চেয়ে পরে হাসির খোরাকই জুগিয়েছেন। মুমিনুল, মাহমুদউল্লাহ, লিটন, সাকিব—সবার মধ্যেই ছিল এমন তাড়াহুড়ো। রয়ে-সয়ে, উইকেটে থিতু হয়ে একটি জুটি গড়ে তোলার চেষ্টাটা এঁদের মধ্যে দেখা যায়নি। একমাত্র চেষ্টাটা ছিল মুশফিক আর মিরাজের মধ্যে। কিন্তু সেই জুটিটাও ভেঙে যায় ভুল বলটিতে ব্যাট চালিয়ে মুশফিকের বিদায়ে। আর তারই অনিবার্য পরিণতি দিনের প্রথম ঘণ্টার ওই বিভীষিকা, তিন ঘণ্টার মধ্যেই ইনিংসের পরিসমাপ্তি। ১০ উইকেট হাতে নিয়ে কাটিয়ে দিতে হবে তিনটি সেশন, যেটি বহুবার এই ক্রিকেটাররাই বলেছেন, সেই তাঁরাই কাল মাত্র ৪৫.২ ওভারে অলআউট। শেষ দিনে ১০ উইকেটের বিনিময়ে রান তোলা গেল মাত্র ১৩০টি।
ক্রমোন্নতির ধারায় এসে আবারও কি বাংলাদেশ ফিরে যাচ্ছে আগের যুগে? এই শ্রীলঙ্কার বিপক্ষেই ২৫.২ এবং ২৭.৪ ওভারেও অলআউট হওয়ার দুঃখজনক স্মৃতি আছে বাংলাদেশের। কিন্তু সে তো ছিল মুরালি-ভাস নামের দুই বোলিং ‘দানব’ প্রতিপক্ষে ছিলেন বলে! মুরালি নেই, ভাস নেই, হেরাথের নেতৃত্বে নতুন এক শ্রীলঙ্কা উঠে দাঁড়াতে চাইছে। আর তাঁদের কাছেই কিনা পঞ্চম দিনেও চমৎকার উইকেটে এমন আত্মসমর্পণ!
গল টেস্ট শেষ। এখানেই দুটি টেস্ট কী বিসদৃশ উপহার দিল বাংলাদেশকে। আগের টেস্টটি যদি হয় গৌরবময় স্মৃতির আঁধার, এটি একেবারেই বিস্মরণের। কাল স্টেডিয়াম থেকে বাসে ওঠার মুখে মুশফিকদের মুখগুলোকে লাগল কুয়াশাচ্ছন্ন। ঝাপসা চোখে তাঁরা নিশ্চয়ই শততম টেস্টে ভালো কোনো স্মৃতির সন্ধান করছেন।
শ্রীলঙ্কা: ৪৯৪ ও ২৭৪/৬ ডিক্লে.
বাংলাদেশ: ৩১২ ও ১৯৭
ফল: শ্রীলঙ্কা ২৫৯ রানে জয়ী