তিন জমিদারের করাতেই মৃত্যু হবে টেস্ট ক্রিকেটের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেস্ট ক্রিকেটের মৃত্যুই দেখতে পাচ্ছেন স্ট্রাউস। ফাইল ছবি
টেস্ট ক্রিকেটের মৃত্যুই দেখতে পাচ্ছেন স্ট্রাউস। ফাইল ছবি

টেস্ট ক্রিকেট কি টিকে থাকবে—প্রশ্নটা অনেক পুরোনো। নিন্দুক আর সংশয়বাদীদের মুখে ছাই দিয়ে টেস্ট ক্রিকেট টিকে আছে। কিন্তু টিকে থাকাটাই কি সব? এই বাস্তবতাও কি সত্যি নয়, টেস্ট ক্রিকেট জনপ্রিয়তা হারাচ্ছে দ্রুত গতিতে। এই তো গত ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ টেস্ট সিরিজে মাঠে তো দর্শক গ্যালারি ছিল ধু ধু।
টি-টোয়েন্টির উত্থানে টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ এমনিতেই সংশয়ের মুখে। এরই মধ্যে ক্রিকেটের ক্ষমতা আর সম্পদ অল্প কয়েকটি দেশের হাতে বন্দী হওয়ায় বৈচিত্র্য কমে যাবে আরও। টিভি স্বত্বের ভাগাভাগি আর নতুন এফটিপিতে (ভবিষ্যৎ সফরসূচি) টেস্ট ক্রিকেটের জনপ্রিয় দলগুলো নিজেদের মধ্যেই খেলবে বেশি বেশি ম্যাচ। এমনিতেই টেস্ট খেলে ১০টি দেশ, যার তলানির চারটি অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে ব্যস্ত। এরই মধ্যে শীর্ষ কয়েকটি দল নিজেদের মধ্যেই বেশি বেশি খেললে, নিজেদের মধ্যেই টাকার ভাগ-বাঁটোয়ারা করে নিলে টেস্ট ক্রিকেট দ্রুতই মৃত্যুর দিকে এগিয়ে যাবে। নিজের আত্মজীবনীতে এমনই আশঙ্কা প্রকাশ করেছেন অ্যান্ড্রু স্ট্রাউস।
ইংল্যান্ডকে দুটো অ্যাশেজ জেতানো তাঁর ড্রাইভিং অ্যাম্বিশন শিরোনামের আত্মজীবনীর পেপারব্যাক সংস্করণে লিখেছেন, ‘ভারত যুক্তি দেখাবে যেহেতু ক্রিকেটে তারা সবচেয়ে বেশি টাকা আনছে, আইসিসির সম্প্রচার স্বত্বের সবচেয়ে বেশি টাকার দাবিদারও তারাই। কিন্তু বেশির ভাগ টাকা তিন বোর্ডের পকেটেই ঢাললে, যারা এমনিতেই সবচেয়ে ধনী—তিন ক্রিকেট বোর্ড, ধনীরা আরও ধনী হবে, গরিবেরা আরও গরিব থেকে যাবে।’
আইসিসির ক্রিকেট কমিটির সদস্য স্ট্রাউসের নিজের দেশও এতে লাভবান হলেও ক্রিকেটের বৃহত্তর স্বার্থে তিনি তিন জমিদারের বিরুদ্ধেই কথা বলেছেন, ‘এমনিতে টেস্ট খেলে মাত্র ১০টি দেশ। এর চারটি আবার ধুঁকছে। বলতে বাধ্য হচ্ছি, প্রতিবছর টেস্ট ক্রিকেটের করুণ দশা দেখে আমি আগের চেয়ে আরও উদ্বিগ্ন হই। ওয়েস্ট ইন্ডিজ আর নিউজিল্যান্ডের টেস্ট ম্যাচে মাঠে হাতেগোনা কয়েকজন দর্শক সতর্কবার্তাই দেয়। টেস্ট ম্যাচের দর্শক সংখ্যার তুলনায় কাউন্টির ঘরোয়া টি-টোয়েন্টির দর্শক সংখ্যা এই বর্ধমান সংকটকেই স্পষ্ট করে তোলে।’
বাকি দেশগুলোর টেস্ট খেলার ক্ষমতা বাড়াতে যেখানে আরও বেশি বিনিয়োগ আর টাকার দরকার, সেখানে তারা টাকা পাচ্ছে কম। আর যাদের টাকার দরকার কম, তারাই পাচ্ছে বেশি। এর পরিণতি হবে একটাই। স্ট্রাউসের ভবিষ্যদ্বাণী, ‘অ্যাশেজ কিংবা ভারত-ইংল্যান্ডের মতো কিছু জনপ্রিয় সিরিজ ছাড়া, আমার ভয় টেস্ট ক্রিকেট হয়তো ধীরে ধীরে হারিয়ে যাবে। বিশেষ করে বড় তিন দলের বাইরে এর জনপ্রিয়তা হয়তো আর থাকবেই না।’ সূত্র: এএফপি।