তিন টেস্টের সিরিজ যখন চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিম্বাবুইয়ান ক্রিকেটারদের ক্যাচ প্র্যাকটিস l প্রথম আলো
জিম্বাবুইয়ান ক্রিকেটারদের ক্যাচ প্র্যাকটিস l প্রথম আলো

মুশফিকুর রহিম মনে করতেই পারছিলেন না। তাঁর ভ্রু কুঁচকে গেল, খানিকটা স্মৃতি হাতড়ালেন, ‘কোন সিরিজ বলুন তো?’ মনে করিয়ে দিতেই এক গাল হাসিতে বাংলাদেশ অধিনায়কের কৌতুক, ‘তখন তো বয়স কম ছিল। এখন বয়স বেড়ে গেছে, কষ্টই হবে তিন টেস্ট খেলতে।’
এমনিতে ওই সিরিজটিকে ভোলার কারণ নেই মুশফিকের। বাংলাদেশের এখনকার টেস্ট অধিনায়কের টেস্ট দলে জায়গা পাকা করার সিরিজ সেটি। ২০০৭ সালের শ্রীলঙ্কা সফর, প্রথম টেস্টের পর টানা বাজে পারফরম্যান্সের কারণে বাদ পড়লেন খালেদ মাসুদ। সুযোগ পেয়েই ভাস-মালিঙ্গা-ফার্নান্দো-মুরালিদের বিপক্ষে ৮০ রানের দুর্দান্ত এক ইনিংস খেললেন মুশফিক। আর পেছনে তাকাতে হয়নি। মাসুদের আন্তর্জাতিক ক্যারিয়ারেরও ইতি ওখানেই।
এখানে প্রসঙ্গ অবশ্য দুজনের ব্যাটনের হাতবদল নয়, তিন টেস্টের সিরিজ। বাংলাদেশের সর্বশেষ তিন টেস্টের সিরিজ ছিল যে সেটিই! তিন টেস্ট মুশফিকের মনে না থাকার একটি কারণ হতে পারে, তিনি খেলেছিলেন দুটি টেস্টে। মুশফিক ছাড়াও ওই সিরিজে খেলা আরও তিনজন এখনো আছেন বাংলাদেশ দলে। অভাবনীয়ভাবে সেবার তিনটি টেস্টই খেলেছিলেন মাশরাফি বিন মুর্তজা ও শাহাদাত হোসেন। আর ছিলেন সাকিব আল হাসান। তখনো পায়ের তলায় জমি খুঁজে ফেরা সাকিব প্রথম টেস্টে ভালো না করায় জায়গা পাননি পরের দুই টেস্টে।
মাশরাফির খুব ভালো মনে আছে ওই সিরিজটি। প্রসঙ্গ তুলতেই একটুও সময় না নিয়ে বললেন, ‘তিন টেস্টের সিরিজের মূল চ্যালেঞ্জটি আসলে পেসারদের। লম্বা সময় নিজেকে ফিট রাখা, ফোকাসড থাকার ব্যাপার আছে। মনে আছে, ওই সিরিজে আমি চাইছিলাম শক্তি জমিয়ে রাখতে। খুব ভালো অবশ্য করতে পারিনি, সাঙ্গা-জয়াবর্ধনে-দিলশানদের বিপক্ষে ভালো করাও ছিল কঠিন। তবে শারীরিকভাবে বা ফিটনেসের দিক থেকে সমস্যা তেমন হয়নি।’
বাংলাদেশ দলের প্রায় সবারই যেহেতু তিন টেস্টের অভিজ্ঞতা হচ্ছে প্রথমবার, ফিটনেস আর ‘ইনটেনসিটি’ ধরে রাখাটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ২০০৭ শ্রীলঙ্কা সিরিজে দুটি টেস্ট শেষ হয়েছে সাড়ে তিন দিনে, একটি তিন দিনে। ফিটনেসের বড় পরীক্ষা তাই সেবার হয়নি। মুশফিক অবশ্য তার পরও মানতে নারাজ, ‘টেস্ট হয়তো তিন-চার দিনে শেষ হয়েছে, কিন্তু প্রায় পুরো সময়ই আমাদের মাঠে থাকতে হয়েছে। আমরা ব্যাটিংয়ে খারাপ করে দ্রুত আউট হয়েছি, ওরা তো ব্যাটিং করে গেছে যেন অনন্তকাল ধরে। সাঙ্গাকারা তো নামলে আর আউট হতো না (মুশফিকের খেলা দুই টেস্টে সাঙ্গার রান ছিল ২০০* ও অপরাজিত ২২২*)।’
ওই সিরিজে খেলা আরেকজন এখন আর দলে না থাকলেও নির্বাচন করেন দল। এখনকার অন্যতম নির্বাচক হাবিবুল বাশার খেলেছেন ওই সিরিজে। ২০০৭ সিরিজ ছাড়া আর একমাত্র যে তিন টেস্টের সিরিজ বাংলাদেশ খেলেছে, সেই ২০০৩ পাকিস্তান সফরে হাবিবুল ছিলেন অধিনায়ক। দুই সিরিজ থেকে সাবেক অধিনায়কের অভিজ্ঞতা বেশ কৌতূহলোদ্দীপক, ‘আমার তো মনে হয় তিন টেস্টের সিরিজ যত না চ্যালেঞ্জ, তার চেয়ে অনেক বেশি সুযোগ। দুই টেস্টের সিরিজ শুরু হতে হতেই শেষ। আমার সব সময় মনে হতো, যদি চার-পাঁচ টেস্টের সিরিজ খেলতে পারতাম! আর বাংলাদেশ দেখবেন সব সময়ই দ্বিতীয় টেস্টে বেশি ভালো খেলে, কারণ থিতু হতে আমাদের একটু সময় লাগে। এ জন্যই মনে করছি তিন টেস্টের সিরিজে আমাদের সম্ভাবনা আরও বেশি। ২০০৩ সিরিজেই যেমন যত সময় গড়িয়েছে আমরা ভালো করেছি। শেষ টেস্ট (মুলতান) তো আমরা প্রায় জিতেই গিয়েছিলাম।’
বাংলাদেশের তবু কয়েকজনের আছে তিন টেস্ট সিরিজের অভিজ্ঞতা, জিম্বাবুয়ের নেই একজনেরও। জিম্বাবুয়েও সর্বশেষ খেলেছে শ্রীলঙ্কার মাটিতে, ২০০১-০২ সালে। ফিটনেসে এমনিতে জিম্বাবুইয়ানরা বাংলাদেশের ক্রিকেটারদের চেয়ে এগিয়ে, কন্ডিশনই একটা পরীক্ষা নেবে টেলরদের। এ জন্যই দেশে ফিটনেস নিয়ে বাড়তি কাজ করে এসেছেন বলে জানিয়েছেন অধিনায়ক ব্রেন্ডন টেলর।
দেশের মাটি হলেও চ্যালেঞ্জটা কম নয় মুশফিকদেরও। বাংলাদেশ অধিনায়ক সেটা মানলেন। তবে চ্যালেঞ্জ জয়ের অনুপ্রেরণাও খুঁজে পেয়েছেন, ‘একটা জিনিস আমাদের অনুপ্রাণিত করতে পারে, বছরটা খুব ভালো খেলিনি আমরা। ব্যক্তি হিসেবে যদি আমাকে বলেন, তিনটি টেস্ট কেন, যদি আরও ১০টি টেস্টও থাকে তাহলেও আমার খেলার ইচ্ছা আছে। কাজেই ক্ষুধাটা আমার মনে হয় সবার মধ্যেই আছে।’
সমস্যা হলো, এই ক্ষুধা পারফরম্যান্সের সঙ্গেই বাড়ে-কমে। প্রথম এক-দুই টেস্ট জিতে গেলে বাড়বে, হারলে উল্টো। সিরিজটি তাই অনেক চ্যালেঞ্জ নিয়েই অপেক্ষায়, দুই দলের জন্যই!